ফটো ফিচার

মিরাজের সেলফি ও জাকেরের স্মরণীয় মুহূর্ত

টানা তিন সফরে ছয় টেস্টে হার, যার মধ্যে সবচেয়ে কম ব্যবধানেরটিও ৭ উইকেটের! বাংলাদেশ দলের জন্য ওয়েস্ট ইন্ডিজ সফর হয়ে উঠেছিল এমনই বিভীষিকাময়। কাল জ্যামাইকার স্যাবাইনা পার্কে এবারের সফরের দ্বিতীয় টেস্টে দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়েছে বাংলাদেশ। ১০১ রানে জিতে মেহেদী হাসান মিরাজের দল ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে জয়ই এনে দেয়নি, এনেছে সিরিজে সমতাও। ২০২৪ সালে শেষ টেস্টে জয় নিয়ে মাঠ ছাড়তে পারায় স্বাভাবিকভাবেই খুশি বাংলাদেশ দলের খেলোয়াড়েরা। যে খুশির প্রকাশ দেখা গেছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

দিনটা জাকের আলীর ক্যারিয়ারে অনন্য। বাংলাদেশ ১৫ বছর পর ওয়েস্ট ইন্ডিজে টেস্ট জিতেছে, আর সেই ম্যাচের দ্বিতীয় ইনিংসে ৯১ রান করে বড় অবদান রেখেছেন। ডানহাতি এই উইকেটকিপার-ব্যাটসম্যান ছবি তুলে রাখলেন অনেকের সঙ্গেই। এই ছবিতে আরেক উইকেটকিপার–ব্যাটসম্যান লিটন দাসের সঙ্গে
স্বীকৃতির স্মারক হাতে তাসকিন আহমেদ। ক্যারিয়ারে এই প্রথম টেস্টে সিরিজ-সেরা হয়েছেন। স্মরণীয় করে তুলতে একটা ছবি তো চাই-ই চাই
ওয়েস্ট ইন্ডিজে তৃতীয়বার আর ক্যারিয়ারে ১৫তম বারের মতো ইনিংসে ৫ উইকেট নিয়েছেন তাইজুল ইসলাম। হয়েছেন ম্যাচসেরাও। ধারাভাষ্য দিতে যাওয়া আতহার আলী খান একটা সেলফিই নিয়ে নিলেন বাংলাদেশের বাঁহাতি স্পিনারের সঙ্গে
টেস্ট জয়ের পর নাহিদ রানা স্মরণ করলেন ম্যাচে নিজের সেরা মুহূর্তটিকে। ওয়েস্ট ইন্ডিজের প্রথম ইনিংসে ৫ উইকেট নিয়ে মাঠ ছাড়ার সময়ে তোলা ছবি
সেলফিটা মেহেদী হাসান মিরাজের হাতেই মানায়। ওয়েস্ট ইন্ডিজের মাটিতে তৃতীয়বারের মতো টেস্ট জয় এসেছে যে তাঁরই নেতৃত্বে। ছবিতে থাকতে পেছনে এসে যোগ দিয়েছিলেন সাবেক ক্রিকেটার ও ধারাভাষ্যকার আতহার আলী খানও
জয়টা কারও একার নয়, পুরো দলের। যে দলে খেলোয়াড়দের সঙ্গে আছেন কোচিং স্টাফের সদস্যরাও। কিংস্টনে জেতা দলের সবাইকে নিয়ে মাঠে তোলা এই ছবি পোস্ট করেছেন লিটন দাস, তাসকিন আহমেদ, জাকের আলীরা