চীনা মিলানের চেনা মিলান হওয়ার অপেক্ষা!

এসি মিলানের এমন উদ্‌যাপন নিয়মিত দেখার অপেক্ষা। ফাইল ছবি
এসি মিলানের এমন উদ্‌যাপন নিয়মিত দেখার অপেক্ষা। ফাইল ছবি

শুরুর সঙ্গে শেষটা ঠিক মিলল না সিলভিও বেরলুসকোনির। এসি মিলানে এসেছিলেন হেলিকপ্টারে চড়ে, ধুমধাম করে। আর তিন দশকেরও বেশি সময় ক্লাবটিকে সামলানোর পর মিলান সভাপতির বিদায়টা হলো অনেকটা নিভৃতেই। যে বিদায়ে স্মৃতিকাতরতা ছিল, কিন্তু জৌলুশ থাকল না। 

ঠিক ৩১ বছর আগে, ১৯৮৬ সালের জুলাইয়ে মিলানে নিজের ‘রাজত্ব’ শুরু করেছিলেন বেরলুসকোনি। ১০ হাজারের মতো মিলান সমর্থক এসেছিলেন সেদিন তাঁকে বরণ করে নিতে, রিচার্ড ওয়াগনারের বিখ্যাত ‘রাইড অব দ্য ভালকেইরিস’-এর সুরও ছিল তাঁর আগমনের আবহ-সংগীত হয়ে। আর গতকাল চীনের বিনিয়োগ কোম্পানি রোজোনেরি স্পোর্ট ইনভেস্টমেন্ট লাক্সের কাছে বিক্রিই করে দিয়েছেন ইতালির সাবেক প্রেসিডেন্ট বেরলুসকোনি। এক বছর আগে নগর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে কিনে নিয়েছিল চীনের সুনিং গ্রুপ, কাল মিলানও চীনা-রাজত্বেই ঢুকল। আর সময়টাও দেখুন, দুদিন পর শনিবারেই ইতিহাসের প্রথম ‘চাইনিজ’ মিলান ডার্বি!
নতুন মালিকদের পক্ষে বেরলুসকোনির সময়ের মতো সাফল্য এনে দেওয়া কঠিনই হবে। একে মিলান ক্লাব হিসেবে কিছুটা ধুঁকছে। ইতালিতে একাধিপত্য করতে থাকা জুভেন্টাসের চেয়ে শক্তিতে, সামর্থ্যে অনেক পিছিয়ে আছে। অন্যদিকে নাপোলি, রোমার মতো ক্লাবগুলোতেও হচ্ছে পুনর্জাগরণ। তা ছাড়া, তাঁকে ঘিরে অনেক বিতর্ক থাকলেও বেরলুসকোনি মিলানকে সাফল্যও তো এনে দিয়েছেন অনেক।
১৯৮৬ সালে তাঁর মেলোড্রামাটিক সেই হেলিকপ্টারে আগমন আসলে পরে মিলানের জৌলুশের প্রতীকও হয়ে আছে। এই ৩১ বছরে ২৯টি শিরোপা জিতেছে মিলান! যার মধ্যে আছে পাঁচটি চ্যাম্পিয়নস লিগ, আটটি সিরি আ, পাঁচটি উয়েফা সুপার কাপ ও একটি ক্লাব বিশ্বকাপ!
বেরলুসকোনির টাকা মিলানকে এনে দিয়েছে রুদ খুলিত, মার্কো ফন বাস্তেন, ফ্রাঙ্ক রাইকার্ডের মতো খেলোয়াড়। আর ১৯৮৭ থেকে মাঠে মিলানের নবজাগরণ শুরু হয়েছে কিংবদন্তি কোচ আরিগো সাচ্চির হাতে। বলতে গেলে তখন আশ্চর্যই ছিল সাচ্চির মিলানে আসা। শীর্ষ স্তরে কখনো খেলেননি, সিরি আ-তে কখনো কোচিংও করাননি, সেই সাচ্চিকেই মিলানে নিয়ে এলেন বেরলুসকোনি। পরে তাঁর ‘হাই-প্রেসিং’ ৪-৪-২ ফরমেশন পরে ইউরোপ দাপিয়ে বেড়িয়েছে। এর মধ্যে উঁচু অফসাইড ট্র্যাপ তো ছিলই! ১৯৮৯ ইউরোপিয়ান কাপের সেমিফাইনালে রিয়াল মাদ্রিদের বিপক্ষে ম্যাচটি যে কারণে বিখ্যাত, ওই এক ম্যাচে ২৩ বার অফসাইডের ফাঁদে ফেলেছিল মিলান!
এখন এই ৭১ বছর বয়সে এসে ফুটবল পণ্ডিত হিসেবে কাজ করা সাচ্চি পরে তাঁর মিলানে আগমনে বেরলুসকোনির প্রভাব সম্পর্কে বলেছিলেন, ‘তিনি এলেন, আর দলের সঙ্গে মাত্র ৩০ সেকেন্ড কথা বললেন। এর চেয়ে দারুণ অনুপ্রেরণাদায়ী কথা আমি কখনো শুনিনি। তিনি বলেছিলেন, ‘‘আমি সাচ্চিকে কোচ হিসেবে পছন্দ করেছি। যে খেলোয়াড়েরা ওঁর সঙ্গে থাকতে চায়, তারা মিলানে থাকবে। বাকিরা ক্লাব ছাড়তে পারো!”
১৯৮৮ সালে মিলান নয় বছরের মধ্যে প্রথম লিগ শিরোপা জেতে। পরের মৌসুমে জেতে ইউরোপিয়ান কাপ, যেটি ছিল ইউরোপিয়ান শিরোপার জন্য দুই দশকের অপেক্ষার অবসান। সাচ্চির মিলান ১৯৯০ সালে ইউরোপিয়ান কাপ শিরোপাটা ধরেও রাখে, এখন পর্যন্ত যা ইউরোপের সর্বোচ্চ ক্লাব শিরোপা ধরে রাখার সর্বশেষ উদাহরণ। ১৯৯৩ সালে সাচ্চির বিদায়ের পর ফাবিও ক্যাপেলোর অধীনেও চলে দাপট। টানা তিনটি লিগ শিরোপা, যার মধ্যে টানা ৫৮ ম্যাচ অপরাজিত ছিল মিলান। ১৯৯৩, ১৯৯৪, ১৯৯৫—টানা তিন বছরই চ্যাম্পিয়নস লিগের (আগের ইউরোপিয়ান কাপ) ফাইনালে ওঠে মিলান, এর মধ্যে ১৯৯৪তে ইয়োহান ক্রুইফের বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়ে আসে শিরোপা!
এরপর কয়েক বছরের বিরতি। ২০০৩ সালে আবার কার্লো আনচেলত্তি আসার পর শুরু হয় মিলান-রাজত্ব। ২০০৩ ও ২০০৭—দুবার চ্যাম্পিয়নস লিগ জেতে মিলান। আনচেলত্তিও পরে বেরলুসকোনিকে নিয়ে বলেছিলেন, ‘যখন সবকিছু ঠিকঠাকভাবে চলত, বেরলুসকোনি আমাদের সমালোচনা করতেন। আর খারাপ সময়ে দিতেন সমর্থন। অনেক ক্লাব সভাপতিই এর উল্টোটা করেন।’
কিন্তু আনচেলত্তির বিদায়ের পর থেকেই মিলান একটু একটু করে পেছাতে থাকে। ২০১১ সালে বর্তমান জুভেন্টাস কোচ মাসিমিলিয়ানো অ্যালেগ্রির হাত ধরে আসে সর্বশেষ লিগ শিরোপা। কিন্তু তাঁর বিদায় এবং পরপর দুই বছরে পিরলো, গাত্তুসোদের মতো কয়েকজন খেলোয়াড়ের বিদায়ের ধাক্কা আর সামলাতে পারেনি মিলান। সঙ্গে ডাগ আউটে ‘মেরি-গো-রাউন্ড’ তো আছেই। ক্ল্যারেন্স সিডর্ফ, ফিলিপ্পো ইনজাঘি, সিনিসা মিহাইলোভিচ...কেউই তাঁদের অল্প সময়ে পারেননি ক্লাবকে ইউরোপে তুলতে।
এখন নতুন মালিকের অধীনে সেটিই প্রথম চাওয়া মিলানের। বেরলুসকোনি হয়তো আর পারছিলেন না। আনচেলত্তিই যেমন বললেন, ‘বেরলুসকোনি যতটা সম্ভব, ক্লাবটাকে টেনে নিয়ে গেছেন।’
এবার চীনা মিলানের চেনা মিলান হওয়ার অপেক্ষা! সূত্র: এএফপি।