টাকার খেলাতেও বার্সার কাছে হার রিয়ালের

মাঠে একের পর এক ম্যাচে হতাশ হতে হচ্ছে, মাঠের বাইরে সে হতাশা ছড়াচ্ছে রিয়ালের। ছবি: রয়টার্স
মাঠে একের পর এক ম্যাচে হতাশ হতে হচ্ছে, মাঠের বাইরে সে হতাশা ছড়াচ্ছে রিয়ালের। ছবি: রয়টার্স

এবারের স্প্যানিশ লিগ কে জিতছে, এ নিয়ে কোনো বাজিকরও আর বাজি ধরছেন না। অ্যাটলেটিকো মাদ্রিদের চেয়ে ৯ পয়েন্টে এগিয়ে আছে বার্সেলোনা; রিয়ালের চেয়ে ১৬ পয়েন্টে! চলতি মৌসুমে রিয়াল যে শিরোপার ধারেকাছে যেতে পারছেন না, এটা প্রায় নিশ্চিত। শুধু মাঠের খেলা নয়, টাকার খেলাতেও হেরে গেছে রিয়াল। এক মৌসুমে দলবদলে সবচেয়ে বেশি খরচের রেকর্ড এখন বার্সেলোনার।
২০১৩ সালেই জেরার্ড পিকে বলেছিলেন, রিয়াল অতিরিক্ত খরচ করে, বার্সা এটা কখনোই করবে না। গ্যারেথ বেলকে মাত্রই ১০০ মিলিয়ন ইউরো দিয়ে দলে টেনেছিল রিয়াল। সঙ্গে ইসকো, ইয়ারামেন্দিদেরও বেশ বড় অঙ্ক দিয়ে দলে টেনেছিল রিয়াল। তখন পিকের কথাটি মেনে নিতে হয়েছে সবাইকে। কারণ, বার্সেলোনার তো লা মাসিয়া আছেই। কাতালান ক্লাব তো তাদের খেলোয়াড় সেখান থেকেই সংগ্রহ করে।
চার বছর যেতে না যেতেই পিকেকে উল্টো কিছু দেখতে হলো। এবারের দলবদলে বার্সেলোনা কুতিনহোকে কিনেছে ১২০ মিলিয়ন ইউরো দিয়ে। ওউসমানে ডেমবেলের জন্য খরচ করেছে ১০৫ মিলিয়ান। সেই সঙ্গে পাউলিনহো (৪০ মিলিয়ন), সেমেদো (৩০.৫ মিলিয়ন), দেউলোফেউ (১২ মিলিয়ন) ও মারলন সান্তোসকেও (৫ মিলিয়ন) আনা হয়েছে বার্সেলোনায়। অর্থাৎ এ মৌসুমে খেলোয়াড় কেনায় বার্সেলোনা ব্যয় করেছে ৩১২.৫ মিলিয়ন ইউরো। সেটাও কুতিনহো, ডেমবেলে ও সেমেদোর চুক্তিতে থাকা শর্তের অঙ্কগুলো বাদ রেখেই।
অর্থের এমন ঝনঝনানিতেই রিয়ালকে টপকে গেছে বার্সেলোনা। ২০০৯-১০ মৌসুমে দলবদলের রেকর্ড দুবার ভেঙেছে রিয়াল। ক্রিস্টিয়ানো রোনালদো ও কাকাকে ছাড়াও বেনজেমা, জাভি আলোনসোকে দলে টেনেছিল রিয়াল। ২৫৭.৪ মিলিয়ন ইউরো খরচের সে রেকর্ড গত আট বছরে কেউ ভাঙতে পারেনি। কুতিনহোকে দলে টেনে সে রেকর্ড ভেঙে ফেলেছে বার্সা।
তবে পিএসজি এমবাপ্পের দলবদলকে ধারের আড়ালে না নিলে ছয় মাস আগেই রেকর্ডটা তাদের হয়ে যেত। এমবাপ্পের জন্য ১৫০ মিলিয়ন ইউরোটা এ মৌসুমে খরচ হচ্ছে না তাদের। শুধু নেইমার ও একাডেমির খেলোয়াড় কিনে ২৩৮ মিলিয়ন খরচ করেছে প্যারিসের দলটি। পেপ গার্দিওলাও রিয়ালের রেকর্ড ভাঙার পথে ছিলেন। গ্রীষ্মকালীন দলবদলেই ২৪৯.৩ মিলিয়ন খরচ করেছিল ম্যানচেস্টার সিটি। অ্যালেক্সিজ সানচেজকে দলে টানলে রিয়ালকে টপকে যাবে তারা।