নিজের ভবিষ্যৎ চাকরি নিশ্চিত করতে চাইছেন না তো মরিসিও পচেত্তিনো?
পিএসজিকে লিগ চ্যাম্পিয়ন করেও চাকরি হারানোর শঙ্কায় দিন কাটাচ্ছেন পচেত্তিনো। কারণ, আরাধ্য চ্যাম্পিয়নস লিগ এনে দিতে ব্যর্থ হয়েছেন। চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে রিয়াল মাদ্রিদের কাছে হেরে গেছে পিএসজি। এক অর্থে রিয়ালই তাঁর চাকরি খোয়ানোর ব্যবস্থা করেছে।
পচেত্তিনো আজ রাতে চ্যাম্পিয়নস লিগে তবু রিয়ালকেই সমর্থন দেবেন। যে রিয়াল মাদ্রিদ একসময় খুব করে তাঁকে পেতে চেয়েছিল কোচ হিসেবে। তাই পচেত্তিনোর এমন সমর্থনের পেছনে অন্য কারণ খুঁজে নেওয়া যেতেই পারে!
পিএসজির আগে টটেনহামে ছিলেন পচেত্তিনো। সেখানেই কোচ হিসেবে নিজেকে লোভনীয় লক্ষ্য বানিয়েছেন। এর আগে এসপানিওলের কোচ হিসেবে নিজেকে ইউরোপের ফুটবলের জন্য প্রস্তুত করেছেন। বার্সেলোনার সঙ্গে এই ক্লাবের দা-কুমড়া সম্পর্ক। সে সুবাদে রিয়াল মাদ্রিদের সঙ্গেও বেশ ভালো সম্পর্ক তাঁর। রিয়াল সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ তাঁকে বেশ কয়েকবার কোচ বানাতে চেয়েও ব্যর্থ হয়েছেন।
আজ ফাইনালের আগে রিয়ালের প্রতি সমর্থনের কারণটা ব্যাখ্যা করেছেন পচেত্তিনো, ‘এটা পরিষ্কার আমার হৃদয় লালের চেয়ে সাদাই বেশি। মাদ্রিদের প্রতি আমার দুর্বলতা ১৯৯৪ সাল থেকে, যখন আমি বার্সেলোনায় প্রথম গেলাম। আমার ভাগ্য ভালো আমার কোচ হোসে আন্তোনিও কামাচো ছিলেন, তাঁর রিয়াল মাদ্রিদের প্রতি ভালোবাসা আমার মধ্যে ঢুকিয়ে দিয়েছিলেন। খেলোয়াড় বা কোচ হিসেবে কখনো মাদ্রিদে যেতে পারিনি, কিন্তু মন থেকে কোন দলের প্রতি দুর্বল আমি, সেটা পরিষ্কার।’
ইউরোপজুড়ে পণ্ডিতেরা সবাই লিভারপুলকে এগিয়ে রাখছেন আজকের ম্যাচে। কিন্তু পচেত্তিনো তাঁদের দলে নেই। তবে মাদ্রিদকেও পরিষ্কার ফেবারিট বলতে রাজি নন পিএসজি কোচ, ‘আমি জানি না মাদ্রিদ ফেবারিট কি না। গ্রুপ ও নকআউটে চারটি ম্যাচ হারলেও মাদ্রিদের পথটা লিভারপুলের চেয়ে কঠিন ছিল। এতে মনে হতে পারে মাদ্রিদ ফেবারিট, কিন্তু লিভারপুলও দুর্দান্ত দল। এমন এক কোচ আছেন যাঁকে আমি খুব উঁচু চোখে দেখি। এমন খেলোয়াড় আছে যারা এর আগে ফাইনাল খেলেছে এবং জিতেছে।’
তবে ইতিহাসের দিকে তাকিয়ে মাদ্রিদকে একটু হলেও এগিয়ে রাখছেন পচেত্তিনো, ‘দেখা যাক কী হয়। কিন্তু মাদ্রিদ সবচেয়ে বেশিবার এই শিরোপা জিতেছে, সবচেয়ে বেশিবার ফাইনাল খেলেছে। ইতিহাস ও রোমাঞ্চ মিলিয়ে ওরা সব সময় বিপজ্জনক।’