
আইন আদালতের সঙ্গে ক্রিস্টিয়ানো রোনালদোর সম্পর্ক নতুন কিছু নয়। স্পেনে কর নিয়ে বেশ অনেক দিনই আদালতে হাজির হতে হয়েছে পর্তুগিজ ফরোয়ার্ডকে। ইতালিতে যাওয়ার আগে সব ঝামেলা মিটিয়ে নিলেও আদালতের সঙ্গে তাঁর সখ্য কমছে না। স্পেনের এক টিভির বিপক্ষে মামলা করার প্রস্তুতি নিচ্ছেন সিআরসেভেন।
মিডিয়াসেট চ্যানেল তেলেসিন্সো স্যালভামে নামে একটি অনুষ্ঠান প্রচার করে। এর কাজ তারকাদের নিয়ে নানা রকম গুজব মানুষকে জানানো (সেলিব্রিটি গসিপ)। কদিন আগে সেই অনুষ্ঠানে বোমা ফাটানো হয়েছিল। রোনালদোর সঙ্গে সম্পর্কে জড়ানোর পর জর্জিনা রদ্রিগেজ নাকি তাঁর পরিবারকে ত্যাগ করেছেন। আর্জেন্টিনায় থাকা জর্জিনার বাবা ও স্পেনের লর্কায় থাকা দাদির সঙ্গে আর কোনো সম্পর্ক নেই জর্জিনার। সেই প্রতিবেদনেই জানানো হয়েছে, জর্জিনার বাবা ও দাদি দুজনই নাকি খুবই অসুস্থ।
স্যালভামের সাংবাদিক সার্জি ফের দাবি করেছেন, জর্জিনার দাদি নিজেকে পরিত্যক্ত বলে দাবি করছেন। তাঁর দাবি, জর্জিনার মায়ের শূন্যস্থান পূরণ করার পরও এই ৮২ বছর বয়সে দারিদ্র্যের মধ্যে জীবন কাটাতে হচ্ছে। লর্কা শহরে ভূমিকম্প হওয়ার পর নাকি তাঁর বাসা ক্ষিতিগ্রস্ত হয়েছে। সেখানেই অসুস্থ অবস্থায় খুবই বাজে পরিস্থিতিতে সময় কাটাচ্ছেন তিনি। স্যালভামের প্রতিবেদনেই আবার দাবি করা হয়েছে, শুধু দাদি নয়, আর্জেন্টিনায় অবস্থিত জর্জিনার বাবাও খুবই অসুস্থ। স্ট্রোক করে এখন হাসপাতালে আছেন কিন্তু মেয়ে কোনো খোঁজ রাখে না তাঁর!
স্বভাবতই বান্ধবী ও চতুর্থ সন্তানের মাকে দোষারোপ করে সৃষ্ট এমন প্রতিবেদন ভালো লাগেনি রোনালদোর। ইনফরমেলিয়ার দাবি, জুভেন্টাস ফরোয়ার্ড এতটাই খেপেছেন যে আইনজীবীদের চিঠি লিখে জানিয়েছেন এ ব্যাপারে ব্যবস্থা নিতে। এবং এ প্রসঙ্গে যেন আর কোনো প্রতিবেদন না হয়, সেটাও নিশ্চিত করতে আইনজীবীদের জানিয়ে দিয়েছেন রোনালদো। ইনফরমেলিয়া জানিয়েছে, মিডিয়াসেট এ ঘটনাকে গুরুত্ব দিয়ে দেখছে। এবং জর্জিনার পরিবার নিয়ে নতুন কোনো প্রতিবেদন না করার জন্য সাংবাদিকদের জানিয়ে দিয়েছে।