এএস রোমার পর্তুগিজ কোচ জোসে মরিনিও
এএস রোমার পর্তুগিজ কোচ জোসে মরিনিও

বলছেন স্যামুয়েল ইতো

মরিনিওর মানসিকতা নিয়ে এগোলে ক্যামেরুনও জিততে পারে কাতার বিশ্বকাপ

এবার নিয়ে আটবার বিশ্বকাপে খেলছে ক্যামেরুন। সেরা সাফল্য বলতে ১৯৯০ ইতালি বিশ্বকাপের কোয়ার্টার ফাইনালে খেলা। সেবার গ্রুপ পর্বের প্রথম ম্যাচে আর্জেন্টিনাকে ১–০ গোলে হারিয়ে দিয়ে হইচই ফেলে দিয়েছিল রজার মিলা–ওমাম বিয়িকদের ক্যামেরুন। গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে শেষ ষোলোতে ওঠে তারা। শেষ ষোলোতে কলম্বিয়াকে ২–১ হারিয়ে ওঠে কোয়ার্টার ফাইনালে। সেখান থেকে ছিটকে পড়ে ইংল্যান্ডের কাছে ৩–২ গোলে হেরে।

এই ক্যামেরুনই কাতার বিশ্বকাপের শিরোপা জিততে পারে বলে মনে করেন দলটির সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতো। ব্রাজিল, আর্জেন্টিনা, ফ্রান্স, স্পেন, জার্মানি...দক্ষিণ আমেরিকা ও ইউরোপের পরাশক্তি এই দলগুলোকে পেছনে ফেলে ‘পুঁচকে’ ক্যামেরুন বিশ্বকাপ জিতবে কীভাবে—এমন প্রশ্ন জাগতেই পারে ফুটবলপ্রেমীদের মনে। এই অসম্ভবকে সম্ভব করার উপায়ও ক্যামেরুনকে বাতলে দিয়েছেন ইতো। তিনি রিগোবার্ট সংয়ের দলকে হাঁটতে বললেন জোসে মরিনিওর পথে!

ক্যামেরুনের সাবেক স্ট্রাইকার স্যামুয়েল ইতো

বার্সেলোনার সাবেক তারকা ইতো মরিনিওর অধীনে খেলেছেন ইন্টার মিলানে। এরপর চেলসিতেও কিছুদিন তাঁর অধীনে খেলেছেন। পর্তুগিজ কোচের হার না মানা মানসিকতা আর কিছু পাওয়ার জন্য সবকিছু উজাড় করে দেওয়ার পদ্ধিতিতে ২০১০ সালে চ্যাম্পিয়নস লিগ জিতেছিল ইন্টার। যেটা ইতালিয়ান ক্লাবটির ৪৫ বছরের মধ্যে প্রথম চ্যাম্পিয়নস লিগ শিরোপা। ২০০৯–১০ মৌসুমে চ্যাম্পিয়নস লিগের সঙ্গে ইতালির সিরি ‘আ’ ও ইতালিয়ান কাপও জিতেছিল ইন্টার মিলান।

৪১ বছর বয়সী ইতো কাতার বিশ্বকাপে ক্যামেরুনের সম্ভাবনার বিষয়ে বলেছেন, ‘ক্যামেরুন বিশ্বকাপ জিততে পারবে কি না? আমি ক্যামেরুনের বিশ্বকাপ জিততে না পারার কোনো কারণ দেখি না!’ তবে এর জন্য যে দলটিকে পাহাড় ডিঙানোর মতো পরিশ্রম করতে হবে, ইতো বললেন তা–ও, ‘বিশ্বকাপ জিততে আপনাকে দৈত্য বা ভিনগ্রহের কিছু হওয়ার দরকার নেই বলে মনে করি আমি। আপনার দরকার ভালো প্রস্তুতি, দৃঢ় মানসিকতা আর একটু খ্যাপাটে মনোভাব।’

ইতো মনে করেন, রিগোবার্ট সংয়ের অধীনে ইতিহাস গড়তেও পারে ক্যামেরুন ফুটবল দল

২০০৯–১০ মৌসুমে ইন্টার এসবের সমন্বয়েই ট্রেবল জিতেছিল বলে মনে করেন ইতো। ক্যামেরুনকে উদ্বুদ্ধ করতে ইন্টারের সেই মৌসুমের উদাহরণই দিয়েছেন তিনি, ‘আমিও আমার ক্যারিয়ারে কিছু জিতেছি। নিজের সর্বস্ব উজাড় করে দিয়েই সেগুলো জিতেছি। আমি সব সময়ই ইন্টারের উদাহরণ দিই। ২০০৯–১০ মৌসুমের শুরুর দিকে কেউ ভাবেনি আমরা চ্যাম্পিয়নস লিগ জিতব। কিন্তু মরিনিও একদল যোদ্ধা নিয়ে পাগুলে কিছু করে ফেললেন।’

ইতো এরপরই যেন আসল কথাটা বললেন, ‘আমি চাইব, ক্যামেরুনও তেমন কিছু করে ফেলুক।’