কাতার বিশ্বকাপের প্রচারণা অনুৃষ্ঠানে ট্রফি হাতে হোর্হে বুরুচাগা
কাতার বিশ্বকাপের প্রচারণা অনুৃষ্ঠানে ট্রফি হাতে হোর্হে বুরুচাগা

যেভাবে আমি আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী বুরুচাগার সাক্ষাৎকার পেলাম

পুরো বিশ্বকে ওলট–পালট করে দেওয়া করোনাভাইরাস কত কিছু যে শিখিয়েছে এবং শিখিয়ে যাচ্ছে! করোনার প্রথম ও দ্বিতীয় ঢেউয়ের সময় খেলা বন্ধ হয়ে যাওয়ায় বড় বিপদে পড়েছিলাম আমরা ক্রীড়া সাংবাদিকেরা।

মাঠে খেলা নেই। কিন্তু প্রতিদিনই ছাপা পত্রিকা বের হয়, আর অনলাইন তো আছেই। লেখার মতো এত বিষয় কোথায় মেলে! কিন্তু ওই যে ইংরেজি প্রবাদটা আছে না—‘নেসেসিটি ইজ দ্য মাদার অব ইনভেনশন।’ ভিন্ন কিছু করে দেখানোর চ্যালেঞ্জটা তখন নিতেই হলো।

জাতীয় ক্রীড়া পরিষদে ক্রীড়াজগতের অফিসে গিয়ে পুরোনো ‘ক্রীড়াজগৎ’ ঘেঁটে ও সহকর্মী নাইর ইকবাল ভাইয়ের সঙ্গে আলোচনা করে বাংলাদেশে খেলে যাওয়া বিদেশি তারকা ফুটবলারদের তালিকা তৈরি করি। চেষ্টা শুরু করি ওদের ফোন নম্বর সংগ্রহের। সেসব ফোন নম্বরে যোগাযোগ করে অনেককে পেয়েও যাই।

এভাবে চেষ্টা করতে করতেই পরিচয় হয় বাংলাদেশে ফুটবলের সোনালি সময়ে খেলে যাওয়া ভিজেন তাহিরি ও আজামত আবদু রহিমভের সঙ্গে। তাঁদের মুখ থেকে শুনলাম বাংলাদেশে থাকার সময়ের অনেক গল্প, লিখলামও।

১৯৮৮ সালের ঢাকা প্রথম বিভাগ লিগে বাংলাদেশের ফুটবল ইতিহাসে প্রথম বিদেশি হিসেবে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন মোহামেডানের ইরানি ফুটবলার ভিজেন তাহিরি। এর চার বছর পরে এসে ১৯৯২ সালে মোহামেডানের জার্সিতে সর্বোচ্চ গোলদাতা হয়েছিলেন উজবেকিস্তান জাতীয় দলের ফরোয়ার্ড রহিমভ।

ছোটবেলা থেকে শুনে আসা নাম অটো ফিস্টারের সঙ্গেও সেই সময়ই পরিচয়। এবং সেটি করিয়ে দিয়েছেন সুইজারল্যান্ডে বাস করা তাঁরই ছেলে ফিফার ডেভেলপমেন্ট অফিসার মাইক ফিস্টার।

আর্জেন্টিনাকে বিশ্বকাপ জেতানো গোলটি করার পর বুরুচাগা

বাংলাদেশের ফুটবলে প্রথম আন্তর্জাতিক ট্রফি জয়ের ২৫ বছর পূর্তিতে ২০২০ সালে নিয়েছিলাম সে গর্বিত দলের কোচ ফিস্টারের সাক্ষাৎকার। ১০টি দেশের জাতীয় দলকে কোচিং করানো ফিস্টার তো এখনো মাঝে মাঝে রাতে ফোন দিয়ে ফুটবল নিয়ে গল্প করেন।

সেই করোনার দিনগুলোতেই পুরোনো ম্যাগাজিন ঘাঁটতে ঘাঁটতে হোর্হে বুরুচাগাকে চেনা। বিভিন্ন সময়ে ডিয়েগো ম্যারাডোনার সাক্ষাৎকার বা স্মৃতিচারণে যাঁর নাম পড়েছি বহুবার। তাঁর গোলেই সর্বশেষ বিশ্বকাপ জিতেছিল আর্জেন্টিনা।

১৯৮৬ সালে মেক্সিকো বিশ্বকাপের ফাইনালে পশ্চিম জার্মানির বিপক্ষে আর্জেন্টিনার জয়সূচক গোলটি করেছিলেন স্ট্রাইকার বুরুচাগা। ২-২ গোলে সমতায় থাকা ম্যাচের শেষের দিকে ম্যারাডোনার দারুণ এক থ্রু বলে তিন স্পর্শে বুরুচাগার গোল...তারপর আর্জেন্টিনার বিশ্বজয়ের উচ্ছ্বাস।

হোয়াটসঅ্যাপে প্রতিবেদকের সঙ্গে বুরুচাগা

সেই বিশ্বকাপেরও প্রায় তিন বছর পর আমার জন্ম। তবে বড় হয়ে জেনেছি, আর্জেন্টিনার ওই বিশ্বকাপ জয় কীভাবে প্রায় ১৭ হাজার ৫০ কিলোমিটার দূরের এই দেশকেও নাড়িয়ে দিয়েছিল। এই যে এখন ৫৬ হাজার বর্গমাইলের এই দেশে এত আর্জেন্টিনা সমর্থক, তার পেছনে বড় ভূমিকা তো ম্যারাডোনা ও ১৯৮৬ বিশ্বকাপের।

বুরুচাগার ফোন নম্বরটা পেয়েছিলাম ফুটবলজগতেরই পরিচিত একজনের কাছ থেকে। মোবাইলে এমন অনেক বৈশ্বিক তারকা ও ফুটবল ব্যক্তিত্বের নম্বর সেভ করা আছে।

এই লেখাটা লেখার সময়ও একনজর চোখ বোলাতে গিয়ে পেলাম কিংবদন্তি কোচ স্যার অ্যালেক্স ফার্গুসন ও ১৯৮৬ বিশ্বকাপে ইংল্যান্ডের খেলা ডিফেন্ডার টেরি বুচারের নাম। কিন্তু এমন তারকাদের কি আর সময় আছে আমার সঙ্গে কথা বলার! কিন্তু ব্যতিক্রম হলেন বুরুচাগা।

বাংলাদেশ জাতীয় দলের সাবেক ফুটবলার ও বাংলাদেশের সবচেয়ে পঠিত ও জনপ্রিয় পত্রিকার ফুটবল সাংবাদিক পরিচয় দিতেই হয়তো একটু সদয় হলেন। গত বছর জানুয়ারিতে প্রথম নিজের পরিচয় দিয়ে তাঁকে শুভেচ্ছা জানানোর পর ফিরতি বার্তায় শুধু লিখেছিলেন ‘মুগাস গ্রাসিয়াস’—অনেক ধন্যবাদ।

এরপর থেকে মাঝেমধ্যে গুগল ট্রান্সলেট করে স্প্যানিশে পাঠানো বার্তার টুকটাক উত্তর আসতে শুরু করল। তবে কখনো কখনো এক মাস পরও ফিরতি বার্তা এসেছে। এভাবে একটু পরিচিত হওয়ার পর গত বছর অক্টোবর থেকে সাক্ষাৎকার নেওয়ার আগ্রহ প্রকাশ করলাম। উত্তরটা এল মাসখানেক পর। ফিরতি বার্তায় সাক্ষাৎকার দেওয়ার সম্মতি জানালেন ডিয়েগো ম্যারাডোনার বন্ধু।

বিশ্বকাপ ফাইনালে ম্যারাডোনার সঙ্গে বুরুচাগা

এরই মধ্যে ক্রীড়া বিভাগের অভিভাবক উৎপল শুভ্রদার সঙ্গে পরামর্শ করে সাক্ষাৎকারের বিষয়ও ঠিক করে ফেললাম—আর্জেন্টিনার সর্বশেষ বিশ্বকাপ জয়ের তিন যুগ পূর্তি। কী ধরনের প্রশ্ন হতে পারে, সেখানেও সাহায্য করলেন শুভ্রদা।

বুরুচাগাকে ১২টি প্রশ্ন পাঠিয়েছিলাম গত ২২ এপ্রিল। এরপর প্রায় দুই সপ্তাহ পেরিয়ে গেল, ফিরতি বার্তা আর আসে না! গত ৩ মে ঈদের দিন মাঝরাতে আমার ঈদের আনন্দ বাড়িয়ে দিলেন বুরুচাগা।

বাংলাদেশ সময় রাত ৩টা ৪ মিনিট থেকে ভয়েস মেসেজে আসতে শুরু করল একটার পর একটা উত্তর এবং যথারীতি তা স্প্যানিশে। মনে আছে ফরিদপুরে গ্রামের বাড়িতে সে রাতে আধো ঘুমের মধ্যে মোবাইল হাতে নিয়ে আমি লাফ দিয়ে উঠে বসেছিলাম। একটা করে উত্তর আসে আর আমি ‘লাইক’ ইমো দিই।

বিশ্বকাপ জয়ের পর

এরপর আরেকটা চ্যালেঞ্জ—স্প্যানিশ সাক্ষাৎকারের বাংলা ‘তরজমা’ করব কীভাবে? ঈদের দুই দিন পর ঘনিষ্ঠ বন্ধু বাতেনের কাছে জানতে পারলাম, দীর্ঘদিন ধরে স্পেনে আছেন, এমন এক ভাই ঈদের ছুটিতে দেশের বাড়িতে এসেছেন।

সে রাতেই তাঁর কাছে ছুটে গেলাম। কিন্তু বুরুচাগার স্প্যানিশ উচ্চারণ তিনি সবটা ধরতে পারছেন না বলে দুঃখ প্রকাশ করলেন। তখনই মাথায় এল আর্জেন্টাইন এরিয়াল কোলম্যানের কথা।

২০০৯ সালে জাতীয় দলে খেলার সময় তাঁকে ট্রেনার হিসেবে পাওয়ার সৌভাগ্য হয়েছিল আমার। এখনো আমাকে অনেক স্নেহ করেন। ঢাকায় ফিরে ছুটে গেলাম জাতীয় ফুটবল দলের সাবেক ও বর্তমানে শেখ জামাল ধানমন্ডির ট্রেনার কোলম্যানের কাছে।

শেখ জামাল ধানমন্ডি ক্লাবের জিমনেসিয়ামে বসে প্রায় ৫০ মিনিট ধরে যখন আমাকে বুরুচাগার কথা অনুবাদ করে শোনাচ্ছিলেন, কোলম্যানই রীতিমতো উত্তেজনায় কাঁপছিলেন। আর্জেন্টিনার সেই বিশ্বকাপ জয়ের সময় তিনি কী কী করেছিলেন, উচ্ছ্বাস নিয়ে বলে গেলেন। বুরুচাগার সাক্ষাৎকার থেকে নিজেও অনেক অজানা গল্প জানতে পারায় আমাকে ধন্যবাদ দিলেন।

বুরুচাগার কথাগুলো অনুবাদ করা শেষ করে কোলম্যান আমাকে বললেন, ‘একজন আর্জেন্টাইন হিসেবে এই গল্পগুলো আমাকে খুবই অনুপ্রাণিত করেছে। খেলোয়াড়দের পরিবারের সদস্যরা যে বিমানবন্দরে তাঁদের বিদায় জানাতে যাননি, এটা আজই প্রথম শুনলাম।

“আমরা না থাকলে ম্যারাডোনা যে একা বিশ্বকাপ জেতাতে পারত না”—বুরুচাগার এ কথাটি খুবই ভালো লেগেছে। আমি বোকা জুনিয়র্সের সমর্থক হলেও বুরুচাগাকে ভালো লাগত। সে খুবই বিনয়ী খেলোয়াড় ছিল।’

জাতীয় ফুটবল দলের সাবেক ও বর্তমানে শেখ জামাল ধানমন্ডির ট্রেনার এরিয়াল কোলম্যান

বুরুচাগা যে কতটা বিনয়ী, সেই প্রমাণ আমি নিজেও আরও একবার পেলাম গত রাতে। বেশ কিছুদিন ধরেই তাঁকে অনুরোধ করে যাচ্ছিলাম, ‘আমি আপনার সঙ্গে ভিডিও কলে একটু কথা বলতে চাই।’

এভাবে বেশ কয়েক দিন অনুরোধ করার পর অবশেষে গত পরশু রাতে মন গলে তাঁর। বুয়েনস এইরেস সময় বেলা ১১টায় কল করার অনুমতি দেন। আমার এখানে তখন রাত।

ছাপা পত্রিকায় বুরুচাগার সাক্ষাৎকারটির পৃষ্ঠাসজ্জা চলছে। সেই উত্তেজনার মাঝেই বুরুচাগাকে ভিডিও কল দিলাম। শুধু আমার সঙ্গেই না, প্রথম আলোর ক্রীড়া বিভাগে উপস্থিত সবার সঙ্গেই ‘হাই-হ্যালো’ করলেন। ইশারায় শুভকামনা জানালেন।

সবকিছু যখন হয়ে গেল, শুভ্রদাই হঠাৎ আইডিয়াটা দিলেন—‘তুমি যেভাবে এই সাক্ষাৎকারটা নিলে, সেটাও তো একটা দারুণ গল্প। এটা নিয়েও তো লিখতে পারো। এ লেখাটা তারই ফসল।