রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে পিএসজির বিপক্ষে
রিয়াল মাদ্রিদ অবিশ্বাস্য প্রত্যাবর্তনের গল্প লিখেছে পিএসজির বিপক্ষে

রিয়ালের ফেরার গল্পে প্রেরণা তাহলে বার্সাই?

প্রথম লেগে ম্যানচেস্টার সিটির মাঠে ৪-৩ গোলে হেরেছে রিয়াল মাদ্রিদ, ভিয়ারিয়াল ২-০ গোলে হেরেছে লিভারপুলের মাঠে। কিন্তু সপ্তাহের মাঝামাঝিতে চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালের দ্বিতীয় লেগে যখন নিজেদের মাঠে নামবে রিয়াল মাদ্রিদ কিংবা ভিয়ারিয়াল, কেউই সম্ভবত প্রত্যাবর্তনের গল্প লেখার আশা ছেড়ে দিয়ে বসে থাকবে না!

তবে দুই দলের কোনোটি যে বার্সেলোনার কাছ থেকে প্রেরণা নেবে, এমন দাবি বার্সেলোনার ঘোর সমর্থকও হয়তো করবেন না। করবেই বা কেন! কদিন আগে নিজেদের মাঠেই ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় লেগে ফ্রাঙ্কফুর্টের কাছে হেরে বাদ পড়া বার্সার কাছ থেকে চ্যাম্পিয়নস লিগে খেলা রিয়ালের প্রেরণা নেওয়ার কিছু নেই।

কিন্তু তথ্য-উপাত্তকে প্রমাণ দেখিয়ে ফুটবলবিষয়ক ওয়েবসাইট ইএসপিএন জানাচ্ছে, বার্সাই চ্যাম্পিয়নস লিগে এ যুগে ফিরে আসার গল্পের প্লট বদলে দিয়েছে। পিএসজির বিপক্ষে ২০১৭ চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোতে বার্সায় নেইমারের মহাকাব্য লেখা সেই ম্যাচ নিশ্চয়ই স্মৃতিভ্রষ্ট হয়নি। সেই ম্যাচের পর থেকেই যেন চ্যাম্পিয়নস লিগে পিছিয়ে পড়া দলের ফিরে আসার বিশ্বাসে জোর আরও বেড়েছে। যদিও সে বিশ্বাসের বলি বার্সাই হয়েছে কয়েকবার! বার্সা ছাড়া ফিরে আসার গল্পের সবচেয়ে পরিচিত শিকার কে জানেন? পিএসজি!

সেবার পিএসজির মাঠে প্রথম লেগে ৪-০ গোলে হেরে নিজেদের মাঠে দ্বিতীয় লেগে নেমেছিল বার্সা। চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে এর আগে কখনো চার গোলে পিছিয়ে পড়া কোনো দলের ফিরে আসার গল্প ছিল না। কিন্তু সেদিন শেষ সাত মিনিটে ৩ গোল করে অবিশ্বাস্যভাবে ম্যাচটা ৬-১ গোলে জিতে যায় বার্সা।

মহাকাব্যের নায়ক নেইমারই, ৮৮ ও ৯১ মিনিটে দুই গোলের পর যোগ করা সময়ের পঞ্চম মিনিটে সের্হি রবার্তোকে দিয়ে দলের ষষ্ঠ গোলটিও করান নেইমার। স্প্যানিশ সংবাদমাধ্যম বার্সার সেই অবিশ্বাস্য জয়ের নাম দিয়েছিল ‘লা রেমোন্তাদা’—যে ফিরে আসার গল্পের সামনে ফিকে অন্য সব প্রত্যাবর্তনের গল্প। যে ম্যাচ চ্যাম্পিয়নস লিগে এই বিশ্বাসটা ছড়িয়ে দিয়েছে যে এখানে শেষ বলে কিছু নেই।

সংখ্যাই প্রমাণ দেবে। বার্সা তো প্রথম লেগের চার গোলের ব্যবধান ঘুচিয়ে দ্বিতীয় লেগে ফিরে এসেছে, কিন্তু ‘লা রেমোন্তাদা’র আগে চ্যাম্পিয়নস লিগ যুগের ২৫ বছরে তিন বা তার বেশি গোলে পিছিয়ে পড়া কোনো দলেরই ফিরে আসার উদাহরণ ছিল মাত্র একটি—২০০৩-০৪ মৌসুমে গল্পটা দেপোর্তিভো লা করুনিয়ার। এসি মিলানের মাঠে প্রথম লেগে ৪-০ গোলে হেরে যাওয়া দেপোর্তিভো দ্বিতীয় লেগে জেতে ৪-১ গোলে।

কিন্তু আগের ২৫ বছরে যা একবার হয়েছে, ‘লা রেমোন্তাদা’র পরের পাঁচ বছরেই তা হয়েছে তিনবার! মজার ব্যাপার কী, এর দুবারই শিকার বার্সেলোনা!

লা রেমোন্তাদার পরের মৌসুমেই কোয়ার্টার ফাইনালে রোমার মাঠে ৩-০ গোলে হারে বার্সা, যেখানে প্রথম লেগে নিজেদের মাঠে জিতেছিল ৪-১ গোলে। ২০১৮-১৯ চ্যাম্পিয়নস লিগে সেমিফাইনালের প্রথম লেগে লিভারপুলকে নিজেদের মাঠে ৩-০ গোলে হারানো বার্সা দ্বিতীয় লেগে হারে ৪-০ গোলে।

তিন গোলে পিছিয়ে পড়ার পরও ফিরে আসার গল্পের অন্যটির শিকার আয়াক্স। ২০১৯ চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে প্রথম লেগে টটেনহামের মাঠে ১-০ গোলে জেতা আয়াক্স দ্বিতীয় লেগে নিজেদের মাঠেও ২-০ গোলে এগিয়ে গিয়েছিল, কিন্তু লুকাস মউরার অবিশ্বাস্য হ্যাটট্রিকে ফাইনালে ওঠে টটেনহামই। তিন গোলের শেষটি মউরা করেন যোগ করা সময়ের ষষ্ঠ মিনিটে, দুই লেগে ৩-৩ সমতার পর ‘অ্যাওয়ে গোলে’র নিয়মে জেতে টটেনহাম।

এ তো গেল তিন গোলে পিছিয়ে পড়ার পর ফিরে আসার হিসাব, অন্তত দুই গোলে পিছিয়ে পড়ার পর ফিরে আসার রেকর্ডে বার্সার সেই মহাকাব্যের প্রভাব কী? পিএসজির বিপক্ষে ওই ম্যাচের আগের ২৫ বছরে চ্যাম্পিয়নস লিগে প্রথম লেগে দুই গোলে পিছিয়ে পড়া দলের ফিরে আসার রেকর্ড ছিল ৮টি, বার্সা-পিএসজির পর গত পাঁচ বছরেই এমন রেকর্ড ৬টি!

বার্সা-পিএসজির ওই ম্যাচের পরের সপ্তাহেই দুই গোলে পিছিয়ে পড়ার পর ফিরে আসার গল্প দেখা গেছে চ্যাম্পিয়নস লিগে। এমবাপ্পে, বের্নার্দো সিলভা, ফাবিনিওদের মোনাকো সেবার কোয়ার্টার ফাইনালে পেপ গার্দিওলার ম্যানচেস্টার সিটির বিপক্ষে প্রথম লেগে ৫-৩ গোলে হেরেছিল, দ্বিতীয় লেগে নিজেদের মাঠে জেতে ৩-১ গোলে।

বার্সেলোনার জন্য দুঃস্বপ্নের এক স্কোরলাইন

আর এক গোলে পিছিয়ে পড়ার পর ফিরে আসার রেকর্ড? এক গোলের ব্যবধান ঘুচিয়ে ফেরা অবশ্য সহজই, তবে এখানেও বার্সা-পিএসজির প্রভাব স্পষ্ট। লা রেমোন্তাদার আগের ২৫ বছরে প্রথম লেগের পর অন্তত এক গোলে পিছিয়ে থাকা দলের ফিরে আসার গল্প দেখা গেছে ৩৬ বার, অর্থাৎ বছরে গড়ে ১ দশমিক ৪৪ বার।

আর লা রেমোন্তাদার পরের পাঁচ বছরে? ১৪ বার। গড়ে বছরে ২ দশমিক ৮ বার। এই ১৪ বারে বার্সা-পিএসজির ম্যাচটিও ধরা হয়েছে, একই সময়ে অন্য ম্যাচে বেনফিকার বিপক্ষে ডর্টমুন্ডের ফিরে আসার হিসাবও আছে (প্রথম লেগে ১-০ গোলে পিছিয়ে পড়া ডর্টমুন্ড দ্বিতীয় লেগে জেতে ৪-০ গোলে, ম্যাচটি বার্সা-পিএসজি ম্যাচের সঙ্গে একই সময়ে হয়েছিল।) সে দুটি ম্যাচ বাদ দিলে গত পাঁচ বছরে অন্তত এক গোলে পিছিয়ে পড়ার পর ফিরে আসার রেকর্ড দাঁড়ায় ১২টিতে—বছরে গড়ে ২ দশমিক ৪ বার।

এর মধ্যে হিসাব করে নিন, ২০২০ চ্যাম্পিয়নস লিগে করোনার কারণে শেষ ষোলোর পর নকআউট পর্বে দুই লেগই ছিল না। সেবার কোয়ার্টার ফাইনালে ওঠা আট দলকে লিসবনে নিয়ে জৈব সুরক্ষাবলয়ে রেখে আয়োজিত হয়েছিল কোয়ার্টার ফাইনাল, সেমিফাইনাল ও ফাইনাল। কোয়ার্টার ফাইনাল ও সেমিফাইনাল হয়েছিল এক লেগের। যদিও এর আগেই শেষ ষোলোতে পিএসজি নিজেদের ফিরে আসার গল্প লিখেছে। প্রথম লেগে ৩-২ গোলে হেরে যাওয়া পিএসজি করোনার কারণে ফুটবল বন্ধ হওয়ার আগে দ্বিতীয় লেগে ডর্টমুন্ডকে হারায় ২-০ গোলে।

ফিরে আসার গল্প সবচেয়ে বেশি দেখেছে ২০১৮-১৯ মৌসুম। লিভারপুলের মাঠে বার্সার ধসে পড়ার বাইরে পিএসজি শিকার হয়েছে ম্যানচেস্টার ইউনাইটেডের প্রত্যাবর্তনের গল্পের। প্রথম লেগে নিজেদের মাঠে ২-০ গোলে হেরে যাওয়া ইউনাইটেড দ্বিতীয় লেগে পিএসজির মাঠে জেতে ৩-১ গোলে। আয়াক্স সেমিফাইনালে টটেনহামের অবিশ্বাস্য প্রত্যাবর্তনের শিকার হওয়ার আগে কোয়ার্টার ফাইনালে রিয়াল মাদ্রিদের মাঠে লিখেছে নিজেদের গল্প। প্রথম লেগে ২-১ গোলে হেরে যাওয়া আয়াক্স রিয়ালের মাঠে দ্বিতীয় লেগে জেতে ৪-১ গোলে!

মজার ব্যাপার, গত ৯ মার্চ, ‘লা রেমোন্তাদা’র পঞ্চম বর্ষপূর্তির ঠিক পরের দিন আবার আরেক প্রত্যাবর্তনের গল্পের শিকার হয়েছে পিএসজি! এবার শিকারি বার্সারই চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদ। প্রথম লেগে নিজেদের মাঠে ১-০ গোলে জেতা পিএসজি দ্বিতীয় লেগে রিয়ালের মাঠেও ১-০ গোলে এগিয়ে ছিল, কিন্তু শেষ ৩০ মিনিটে করিম বেনজেমার দারুণ হ্যাটট্রিকে পিএসজিকে শেষ ষোলোতে বিদায় করে দেয় রিয়ালই।

মাদ্রিদ সিটির বিপক্ষেও ফিরে আসার গল্প লিখতে পারবে?

এত এত ফিরে আসার গল্প আর সেগুলোর পরিসংখ্যানই বলছে, পিএসজির বিপক্ষে নেইমার আর বার্সার ওই মহাকাব্যিক প্রত্যাবর্তনের পর থেকে পিছিয়ে পড়েও কেউ যেন আর দমে যায় না।

এমনই অবস্থা যে এত এত ফিরে আসার গল্প দেখে এখন আর ফিরে আসার গল্পগুলো হয়তো আগের মতো চমকেও দেয় না। বরং আরও ফিরে আসার গল্প দেখার প্রত্যাশা বাড়িয়ে দেয়। যে কারণে আগামী সপ্তাহে ম্যানচেস্টার সিটির বিপক্ষে রিয়ালের কিংবা লিভারপুলের বিপক্ষে ভিয়ারিয়ালের প্রত্যাবর্তনের গল্পের সম্ভাবনা উড়িয়ে দেওয়ার সাহস হয়তো বেশির ভাগ মানুষেরই হবে না।

চ্যাম্পিয়নস লিগে ফিরে আসায় বার্সা-পিএসজির প্রভাব

ফিরে আসার উদাহরণ: ৫০টি
আগের ২৫ বছরে: ৩৬টি
পরের ৫ বছরে: ১৪টি

যত গোলের ব্যবধান ঘুচিয়ে ফেরা:
৪ গোল: ১ বার
৩ গোল: ৩ বার
২ গোল: ১১ বার
১ গোল: ৩৫ বার