বিশ্বকাপ বাছাইপর্ব শেষেও কাটেনি দুর্দশা। গত মাসে এশিয়ান কাপের প্লে-অফে হারতে হয়েছে তাজিকিস্তানের বিপক্ষে দুই ম্যাচেই। মাঠের বাজে পারফরম্যান্সের প্রভাব ফিফা র্যাঙ্কিংয়েও টের পেল বাংলাদেশ। কাল প্রকাশিত সর্বশেষ র্যাঙ্কিংয়ে নিজেদের ইতিহাসের সর্বনিম্ন অবস্থানে নেমে গেছে বাংলাদেশ ফুটবল দল। দুই ধাপ পিছিয়ে অবস্থান এখন ১৮৩। এর আগে ২০০৮ সালের জুন মাসেও একবার ১৮৩-তে নেমেছিল বাংলাদেশ।
কোপা আমেরিকা জিততে না পারলেও বেশ বড় ব্যবধানেই ফিফা র্যাঙ্কিংয়ের শীর্ষস্থান ধরে রেখেছে আর্জেন্টিনা। নিকটতম প্রতিদ্বন্দ্বী বেলজিয়ামের চেয়ে ১৮৪ পয়েন্ট এগিয়ে দুবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। র্যাঙ্কিংয়ের শীর্ষ পাঁচে কোনো পরিবর্তন নেই। আর্জেন্টিনার মতো বেলজিয়াম, কলম্বিয়া, জার্মানি ও চিলি ধরে রেখেছে দ্বিতীয়, তৃতীয়, চতুর্থ ও পঞ্চম স্থান। নতুন ইউরো চ্যাম্পিয়ন পর্তুগাল দুই ধাপ এগিয়ে উঠে এসেছে ছয়ে। রানার্সআপ ফ্রান্স ১০ ধাপ এগিয়ে উঠেছে সাতে। ইউরো ও কোপায় ব্যর্থ দুই দল স্পেন (৮ম) ও ব্রাজিল (৯ম) শীর্ষ দশে থাকলেও পিছিয়েছে দুই ধাপ করে। সূত্র: ফিফা।