সাফল্যে বাংলাদেশের অবদান দেখছে ভারতের চ্যাম্পিয়নরা

লিগ জিতে উল্লাস মোহনবাগান সমর্থকদের। ছবি: টুইটার
লিগ জিতে উল্লাস মোহনবাগান সমর্থকদের। ছবি: টুইটার

পাঁচ বছর পর ভারতের আই লিগে চ্যাম্পিয়ন হয়েছে মোহনবাগান। আইজল এফসিকে ১-০ গোলে হারিয়ে চার ম্যাচ বাকি থাকতেই ভারত-সেরা হয়েছে কলকাতার ঐতিহ্যবাহী ক্লাবটি। মোহনবাগানের এই সাফল্যে বাংলাদেশ সফরের অবদান আছে বলে জানিয়েছেন দলটির স্প্যানিশ মিডফিল্ডার বেইতিয়া।

গত অক্টোবরে শেখ কামাল আন্তর্জাতিক টুর্নামেন্টে খেলতে চট্টগ্রাম এসেছিল মোহনবাগান। সে টুর্নামেন্টে অবশ্য খুব ভালো করেনি তারা। মালয়েশিয়ার তেরেঙ্গানা এফসির কাছে ৪-২ গোল হেরে কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিতে হয়েছিল। দল ব্যর্থ হলেও বেইতিয়া মনে করেন অক্টোবরের বাংলাদেশ সফরই ছিল মোহনবাগানের জন্য ‘টার্নিং পয়েন্ট’। শেখ কামাল টুর্নামেন্টের অভিজ্ঞতা আইলিগ জয়ে বড় অবদান রেখেছে বলে ধারণা তাঁর, ‘আইলিগ শুরুর আগে বাংলাদেশে যাওয়াটা খুব কাজে দিয়েছে। আমরা কিছু বিদেশি দলের সঙ্গে খেলার সুযোগ পেয়েছি। এ কারণে প্রস্তুতিটা খুব ভালো হয়েছে।’ আইলিগের আগে কলকাতা লিগ ও ডুরান্ড কাপে খুব ভালো করতে পারেনি মোহনবাগান। অথচ আইলিগে টানা ১৪ ম্যাচে তারা অপরাজিত।

এর আগে মোহনবাগান সর্বশেষ আইলিগ জিতেছিল ২০১৪-১৫ মৌসুমে। সে শিরোপাতেও ছিল বাংলাদেশের গন্ধ। সেবার বাংলাদেশে দুই মৌসুম খেলা হাইতিয়ান স্ট্রাইকার সনি নর্দেকে দলে নিয়েছিল তারা। নর্দে মোহনবাগানের প্রাণভোমরা হয়েই ছিলেন। লিগে ১৯ ম্যাচ খেলে নর্দের গোল ছিল ৯টি। সেটিই ছিল মোহনবাগানের প্রথম আইলিগ জয়।