লিডসের বিপক্ষে আজ মো সালাহ ম্যাচটা খেলতে নেমেছিলেন নামের পাশে প্রিমিয়ার লিগে ৯৯ গোল নিয়ে। তারপর এলান্ড রোডে প্রথম গোলটি করেই লিগের ইতিহাসে ৩০তম খেলোয়াড় হিসেবে ১০০ গোলের মাইলফলক পেরিয়েছেন মিসরীয় ফরোয়ার্ড। তবে ৩০ জনের মধ্যে সালাহর (১৬২ ম্যাচ) চেয়ে কম সময়ে ১০০ গোল করতে পেরেছেন শুধু চারজন—অ্যালান শিয়ারার (১২৪ ম্যাচ), হ্যারি কেইন (১৪১), সের্হিও আগুয়েরো (১৪৭) ও থিয়েরি অঁরি (১৬০ ম্যাচ)। সালাহর পর ফাবিনিও এরপর সাদিও মানের গোলে ম্যাচটা ৩-০ ব্যবধানে জিতেছে লিভারপুল। ৬০ মিনিটে প্যাসকেল স্ট্রুইক লাল কার্ড দেখায় ম্যাচের শেষ আধঘন্টা অবশ্য ১০ জন নিয়ে খেলেছে লিডস ইউনাইটেড।
প্রিমিয়ার লিগে আগেও একবার খেলে গেছেন মো সালাহ। কিন্তু সেই অভিজ্ঞতা খুব একটা সুখকর নয়। ২০১৩ থেকে ২০১৫ পর্যন্ত চেলসির জার্সিতে মাত্র ১৩ ম্যাচ খেলেছেন, গোল করেছেন ২টি। সেই সালাহই ফিওরেন্টিনা-রোমা ঘুরে লিভারপুলের জার্সিতে আবার প্রিমিয়ার লিগে ফিরলেন ২০১৭-১৮ মৌসুমে। এবার তিনি যেন এক অন্য খেলোয়াড়! গোলের পর গোল করে যাচ্ছেন, হয়ে উঠেছেন লিভারপুলের সবচেয়ে বড় আস্থা, সবচেয়ে বড় তারকাও।
আজও আরও একবার লিভারপুল সমর্থকদের উচ্ছ্বাসে ভাসিয়েছেন সালাহ। ২০ মিনিটে তাঁর গোলেই এগিয়ে যায় লিভারপুল। সব প্রতিযোগিতা মিলিয়ে লিভারপুলের জার্সিতে ২০৭ ম্যাচে এটা সালাহর ১২৮ নম্বর গোল।
এরপর ৫০ মিনিটে ব্যবধান বাড়ান ফাবিনিও। সাদিও মানের গোলটা ম্যাচের যোগ হওয়া সময়ে।
এ জয়ে চার ম্যাচে ১০ পয়েন্ট হলো লিভারপুলের। সমান ম্যাচে সমান পয়েন্ট ম্যানচেস্টার ইউনাইটেড ও চেলসিরও। এই তিন দলের চেয়ে ১ পয়েন্ট কম সমান ম্যাচ খেলা ইংলিশ চ্যাম্পিয়ন ম্যানচেস্টার সিটির।