১০ দিনে দুটি ইউরোপ-শিরোপা জিতবে মাদ্রিদ!

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি
চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল মাদ্রিদ। ছবি: এএফপি

এক পা বাড়াবে রিয়াল মাদ্রিদ। আরেক পা অ্যাটলেটিকো। ব্যস, দুই পায়ে হাঁটা হবে মাদ্রিদ শহরের। হাঁটবে ২৪ বছর পুরোনো একটা কীর্তি ছোঁয়ার দিকে। কীর্তিটা একই শহরের দুই ক্লাবের ইউরোপের দুই শীর্ষ প্রতিযোগিতা জয়ের। 

১৬ মে মার্শেইয়ে ইউরোপার ফাইনালে অলিম্পিক লিওঁর বিপক্ষে খেলবে অ্যাটলেটিকো, দশ দিন পর কিয়েভে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে রিয়ালের প্রতিপক্ষ লিভারপুল। স্প্যানিশ ক্লাব দুটি জিতে গেলেই হলো, ইতিহাসে দ্বিতীয়বারের মতো গড়া হবে কীর্তিটা। ১৯৯৪ সালে যে কীর্তি গড়েছিল মিলানের দুই ক্লাব এসি মিলান ও ইন্টার মিলান।
১৯৯৪ সালের ১৮ মে চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ইয়োহান ক্রুইফের বার্সেলোনাকে ৪-০ গোলে উড়িয়ে দিয়েছিল ফ্যাবিও ক্যাপেলোর মিলান। তাতেই ইতিহাস, তার ২২ দিন আগেই যে অস্ট্রিয়া সালজবুর্গকে (বর্তমান রেড বুল সালজবুর্গ) হারিয়ে উয়েফা কাপ (বর্তমান ইউরোপা লিগ) জিতে রেখেছিল ইন্টারও।

ইউরোপা লিগের ফাইনালে উঠেছে মাদ্রিদের আরেক দল অ্যাটলেটিকো

শীর্ষ দুই প্রতিযোগিতা না হলেও এর আগে ইউরোপের দুই ট্রফি জেতার কাছাকাছি গিয়েছিল রিয়াল ও অ্যাটলেটিকো। ১৯৬২ সালে অ্যাটলেটিকো উয়েফা কাপ উইনার্স কাপ জিতলেও ইউরোপিয়ান কাপ (বর্তমান চ্যাম্পিয়নস লিগ) ফাইনালে রিয়াল হেরে গিয়েছিল বেনফিকার কাছে। ১৯৮৬ সালে উল্টো। রিয়াল জিতেছে উয়েফা কাপ, অ্যাটলেটিকো হেরেছে কাপ উইনার্স কাপের ফাইনালে।
আবার সুযোগ এসেছে। মাদ্রিদ নিশ্চয়ই হাতছাড়া করতে চাইবে না তা।