৬৯৮ মিনিট পর জিরুর গোল

গোল খরা কাটিয়ে কোচে দেশমের অভিনন্দনে ভাসলেন অলিভিয়ের জিরু। ছবি: এএফপি
গোল খরা কাটিয়ে কোচে দেশমের অভিনন্দনে ভাসলেন অলিভিয়ের জিরু। ছবি: এএফপি
>

১১ ম্যাচ আর ৬৯৮ মিনিট পর ফ্রান্সের হয়ে গোল পেলেন অলিভিয়ের জিরু। বিশ্বকাপজয়ী ফ্রান্স কাল জিরু আর কিলিয়ান এমবাপ্পের গোলে ইউরোপিয়ান নেশনস লিগে ২-১ গোলে হারিয়েছেন হল্যান্ডকে।

গোল করতেই যেন ভুলে গিয়েছিলেন ফ্রান্সের অলিভিয়ের জিরু। দেশের জার্সিতে মাঝে ১১ ম্যাচ কেটে গেলেও গোল পাচ্ছিলেন না চেলসির এই স্ট্রাইকার। তিন মাস আগে রাশিয়া বিশ্বকাপে নিজের দেশের শিরোপা জয়েও আফসোস হয়ে আছে নিজের গোল না পাওয়া। অবশেষে জিরু গোল পেলেন। ৬৯৮ মিনিট পর পাওয়া এই গোলেই বিশ্বকাপ ফাইনালের পর দ্বিতীয়বারের মতো মাঠে নেমেই জিতল ফ্রান্স। ইউরোপিয়ান নেশনস লিগের খেলায় গতকাল প্যারিসে হল্যান্ডকে ২-১ গোলে হারিয়েছে তারা।

ম্যাচের ৭৫ মিনিটের সময় বেনজামিন মেন্ডির ক্রস থেকে গোল করেন জিরু। এর আগে অবশ্য কিলিয়েন এমবাপ্পের গোলে প্রথমে এগিয়ে গিয়েছিল ফ্রান্স। হল্যান্ডের পক্ষে ম্যাচে সমতা ফিরিয়েছিলেন রায়ান বাবেল। কিন্তু সেই সমতা বেশিক্ষণ স্থায়ী হয়নি।

দীর্ঘ বিরতির পর গোল পেয়ে মনোযোগের কেন্দ্রে জিরু থাকলেও কাল হল্যান্ডের বিপক্ষে ফ্রান্সের জয়ের মূল নায়ক আসলে এমবাপ্পে। বিশ্বকাপের মতোই ঘরের মাঠে প্রায় ৮০ হাজার দর্শকের সামনে দুর্দান্ত খেলেছেন ১৯ বছর বয়সী এই তারকা। মাঠের পারফরম্যান্সে কাল আবারও প্রমাণ করেছেন এমবাপ্পেকে কেন এই মুহূর্তে আগামী দিনের মহাতারকা হিসেবে মেনে নিয়েছে ফুটবল বিশ্ব।

খেলা শেষে ফ্রান্স কোচ দিদিয়ের দেশম উচ্ছ্বাস প্রকাশ করেছেন জিরুর গোল খরা কাটায়, ‘আমি আসলে সব মিলিয়ে জিরুর ওপর যথেষ্ট সন্তুষ্ট। যেকোনো স্ট্রাইকারের ক্যারিয়ারেই এমন গোল খরার সময় আসতে পারে। কিন্তু সে আমাদের দলে ভূমিকা রাখছে। আজ সে দুর্দান্ত একটা গোল করেছে। যে গোল আজ আমাদের জয় পেতে সাহায্য করেছে।’

বিশ্বকাপ ফাইনালের পর ইউরোপিয়ান নেশনস লিগের ম্যাচের আড়ালে ফ্রান্স দলের জন্য কালকের ম্যাচ ছিল এক ধরনের পুনর্মিলনীই। জয় তুলে নিয়ে সে উপলক্ষটা উৎসবে মাতিয়ে দিয়েছেন ফরাসি ফুটবলাররা।