নতুন ফুটবল মৌসুমের জন্য বড় বাজেটের দল গড়ছে মোহামেডান স্পোর্টিং ক্লাব। কদিন আগেই তারা গতবারের ১৮ জনসহ ২৪ জন খেলোয়াড় নিশ্চিত করেছিল।
আজ নিশ্চিত করেছে আরও পাঁচজন। তার মধ্যে লিগ চ্যাম্পিয়ন বসুন্ধরা কিংসেরই চারজন। নামগুলোও বেশ বড়। জাতীয় দলের ডিফেন্ডার সাদ উদ্দিন, ফরোয়ার্ড ফয়সাল আহমেদ ফাহিম, মিডফিল্ডার সোহেল রানা ( জুনিয়র) ও ফরোয়ার্ড শাহরিয়ার ইমন। এ ছাড়া গতবার মোহামেডানেই খেলা সেন্টারব্যাক শাকিল আহাদ তপুকেও করেছে মোহামেডান।
এই পাঁচজনই জাতীয় দলের খেলোয়াড়। তার মধ্যে সাদ, তপু, ফাহিম একাদশে নিয়মিতই খেলেন।
মোহামেডানের পরিচালক (ক্রীড়া) মোস্তাকুর রহমান আজ মতিঝিল ক্লাব ভবনে বসে প্রথম আলোকে বলেন, ‘আমরা এবার চ্যাম্পিয়ন হতে চাই। এ কারণেই বড় দল গড়ছি। সাদ, ফাহিম, সোহেল রানা, শাহরিয়ার ইমন ও শাকিল আহাদকে আজ আমরা সই করিয়েছি। ফলে আমাদের ২৯ জন খেলোয়াড় নিশ্চিত হয়ে গেছে।’
ফাহিম প্রথম আলোকে বলেন, ‘মোহামেডানে যোগ দিয়েছি। তবে এ নিয়ে এখনই বিস্তারিত কিছু বলতে চাই না।’ সাদের সঙ্গে যোগাযোগ করে তাঁকে অবশ্য পাওয়া যায়নি।
মোস্তাকুর রহমান জানান, গতবারের বিদেশিদের মধ্যে উজবেকিস্তানের মোজাফফরভকে রাখা হবে। বাকি তিনজন হবে নতুন। সেই তিনজন ভালো মানের চায় মোহামেডান। সে লক্ষ্যে এবার তারা উজবেকিস্তানে একটা প্রতিনিধিদল পাঠাচ্ছে খেলোয়াড় দেখার জন্য। উজবেকিস্তান থেকে কোচও আনতে চায় সাদা–কালোরা। পাশাপাশি মোহামেডানের সাবেক অস্ট্রেলিয়ান কোচ শন লেনের সঙ্গেও আলোচনা চলছে।