বিশ্বকাপের পর আবার মাঠে ফিরছেন ভিনিসিয়ুসরা
বিশ্বকাপের পর আবার মাঠে ফিরছেন ভিনিসিয়ুসরা

৩ অক্টোবর কলকাতায় খেলবে ব্রাজিল

অক্টোবরে প্রীতি ম্যাচ খেলতে ভারতে আসছে ব্রাজিল জাতীয় ফুটবল দল। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে খেলবেন ভিনিসিয়ুস–রাফিনিয়ারা।

আজ ব্রাজিল ফুটবল কনফেডারেশন (সিবিএফ) সামাজিক যোগাযোগমাধ্যম বার্তায় এ খবর দিয়েছে। তবে ব্রাজিল কোন দলের বিপক্ষে খেলবে, সে বিষয়ে কিছু উল্লেখ করা হয়নি।

সিবিএফের বিবৃতিতে বলা হয়, ‘অস্ট্রেলিয়ায় প্রীতি ম্যাচগুলো খেলার পর আমাদের পরবর্তী গন্তব্য ভারত, যেখানে আমরা আমাদের ইতিহাসের এক নতুন অধ্যায় রচনা করতে যাচ্ছি। আগামী ৩ অক্টোবর কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে প্রথমবারের মতো ভারতের মাটিতে মাঠে নামবে ব্রাজিল দল।’

ব্রাজিল জাতীয় দলের বিদেশি সমর্থকদের বড় অংশটি ভারতে বসবাস করেন—এমনটি উল্লেখ করে সিবিএফ লিখেছে, ‘যারা প্রজন্মের পর প্রজন্ম ধরে অত্যন্ত ভালোবাসা ও আবেগের সঙ্গে ব্রাজিলিয়ান ফুটবলের ইতিহাস অনুসরণ করে আসছে, সেই দেশের মানুষের সঙ্গে এটি হতে যাচ্ছে একটি বিশেষ সাক্ষাৎ।’

সামাজিক যোগাযোগমাধ্যম বার্তার শেষে লেখা হয়, ‘দেখা হচ্ছে কলকাতায়।’