লা লিগা বা চ্যাম্পিয়নস লিগ-বার্সেলোনা গোল পেয়েছে, কিন্তু রবার্ট লেভানডফস্কি লক্ষ্যভেদ করেননি; এমন ঘটনা এ মৌসুমে গতকালই প্রথম ঘটল।
এতে অবশ্য বার্সেলোনার কোনো ক্ষতিবৃদ্ধি হয়নি, সেল্তা ভিগোর বিপক্ষে ১-০ গোলের জয় নিয়েই মাঠ ছেড়েছে ক্যাম্প ন্যুয়ের দলটি। ঘরের মাঠে জাভি হার্নান্দেজের দলের জয়ে নায়ক পেদ্রি।
নিজেদের মাঠ ক্যাম্প ন্যুয়ে খেলতে নেমে গোল পেতে খুব বেশি সময় নেয়নি বার্সেলোনা। বাঁ প্রান্ত থেকে ডি-বক্সের দিকে আসতে থাকা গাভির ক্রস ঠিকভাবে বিপদমুক্ত করতে পারেননি সেল্তার ডিফেন্ডার উনাই নুনেজ।
ডি-বক্সের মধ্যে ফাঁকায় গিয়ে পড়ে বল। সামান্য দূরে দাঁড়িয়ে থাকা পেদ্রি দৌড়ে গিয়ে ৩ গজ দূর থেকে সহজেই বল জালে পাঠান। চলতি মৌসুমে বার্সেলোনার হয়ে ১৯ বছর বয়সী পেদ্রির এটা দ্বিতীয় গোল।
একটি গোল করার পর যেন অনেকটাই স্তিমিত হয়ে পড়ে বার্সেলোনা। অন্যদিকে পিছিয়ে পড়া সেল্তা গোল শোধে মরিয়া হয়ে ওঠে। বার্সার রক্ষণে একের পর এক আক্রমণও করে যায় তারা।
কয়েকবারই গোল পেতে পেতেও পায়নি সেল্তা। কখনো ভাগ্য, কখনো পোস্ট, কখনো আবার বার্সেলোনার গোলকিপার মার্ক-আন্ড্রে টের স্টেগেন বাঁধা হয়ে দাঁড়িয়েছে তাদের জন্য।
প্রথমে সেল্তাকে গোলবঞ্চিত করে ভাগ্য। ৬৮ মিনিটে লারসেনের হেড বার্সার জালে জড়ায়। কিন্তু অফসাইডের কারণে গোল বাতিল করেন রেফারি।
শেষ দিকে ইয়াগো আসপাসের দুর্দান্ত শট ঠেকিয়ে দেন টের স্টেগেন আর গনকালো পাসিয়েনসিয়ার শট ফিরে আসে পোস্টে লেগে।
ঘাম ঝরিয়ে ম্যাচটি জিতলেও যে সেল্তার ওপর বার্সেলোনা খুব একটা আধিপত্য বিস্তার করতে পারেনি, সেটা স্পষ্ট হয় ম্যাচের পরিসংখ্যানের দিকে তাকালে।
পুরো ম্যাচে বার্সেলোনা ৫৮ শতাংশ বলের দখল রাখলেও গোল লক্ষ্য করে শট নিতে পেরেছে ১৩টি, সেল্তা গোলে শট নিয়েছে এর চেয়ে একটি বেশি।
এই জয়ে অবশ্য পয়েন্ট তালিকার শীর্ষে ফিরেছে বার্সেলোনা। ৮ ম্যাচে ৭ জয় ও ১ ড্রয়ে তাদের পয়েন্ট ২২। ৮ ম্যাচে ৭টি জয় ও ১ ড্রয়ে ২২ পয়েন্ট রিয়াল মাদ্রিদেরও। গোলে ব্যবধানে পিছিয়ে থাকায় দ্বিতীয় স্থানে আছে কার্লো আনচেলত্তির দল।