১৯৯৮ আর ২০০৬—দুবারই ফ্রান্সের বিশ্বকাপ ফাইনাল–যাত্রার নায়ক ছিলেন তিনি। ফ্রান্সের হয়ে সর্বোচ্চ ১৪২টি আন্তর্জাতিক ম্যাচও খেলেছেন তিনি। হ্যাঁ, লিলিয়ান থুরামের কথাই হচ্ছে। ফুটবলকে বিদায় জানিয়েছেন ১৪ বছর আগে। কিন্তু থুরাম থাকছের কাতারে এবারের ফ্রান্স দলে।
লিলিয়ান থুরামের ছেলে মার্কাস থুরামকে ফ্রান্স দলে অন্তর্ভুক্ত করেছেন কোচ দিদিয়ের দেশম। কাতার বিশ্বকাপে বর্তমান চ্যাম্পিয়নদের ২৬ সদস্যের দলে এই একটি জায়গাই ফাঁকা ছিল। সেই জায়গাতেই নেওয়া হয়েছে মার্কাসকে। এর আগে ৯ নভেম্বর নভেম্বর দল ঘোষণা করেছিলেন দেশম।
ম’গ্লাডবাখে খেলা মার্কাস চলতি মৌসুমে গ্লাডবাখের হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ১৩ গোল করেছেন। আছে ৪টি অ্যাসিস্টও। জাতীয় দলে এর আগে অবশ্য খুব বেশি খেলার সুযোগ পাননি। দুই বছরে মোটে খেলেছেন ৪ ম্যাচ, যার সর্বশেষটি গত বছরের ইউরোয়।
দল চূড়ান্ত করার শেষদিনে ফ্রান্স কোচকে অবশ্য আরও একটি বদল আনতে হয়েছে। চোট থাকার পরও সময়মতো সুস্থ হয়ে ওঠার আশায় প্রেসনেল কিমপেম্বেকে দলে রাখা হয়েছিল। তবে গোড়ালির চোটে ভোগা ফরাসি ডিফেন্ডার আজ ফ্রান্স দলের অনুশীলন মাঠে গিয়ে কোচ ও দলের চিকিৎসকদের সঙ্গে কথা বলেন। জানান, সময়মতো সুস্থ হয়ে উঠতে পারবেন না তিনি।
পরে ফরাসি ফুটবল ফেডারেশনের (এফএফএফ) বিবৃতিতে কিমপেম্বের বিশ্বকাপ দল থেকে ছিটকে যাওয়ার কথা বলা হয়। বিবৃতিতে পিএসজি ডিফেন্ডারকে তার সততার জন্য ধন্যবাদ জানায় এফএফএফ।
কিমপেম্বের জায়গায় বিশ্বকাপ দলে যুক্ত করা হয়েছে মোনাকো ডিফেন্ডার আক্সেল ডিজাজিকে। ২৪ বছর বয়সী ডিজাজি এবারের ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে ১৫ ম্যাচের সব কটিতে পূর্ণ সময় মাঠে ছিলেন। ডিজাজির বিশ্বকাপ দলে অন্তর্ভুক্তি অনেকটা চমক হয়ে এলেও মার্কাসের জায়গা পাওয়াটা একপ্রকার অনুমিতই ছিল।
বাবা লিলিয়ানের মতো নিজেও বিশ্বকাপ খেলার সুযোগ পেয়ে উচ্ছ্বসিত মার্কাস। এক ইনস্টাগ্রাম পোস্টে বিশ্বকাপ দলে ডাক পাওয়াকে ‘একটি স্বপ্ন এবং একটি গৌরব’ বলে উল্লেখ করেছেন তিনি।
ফ্রান্সের তারকাবহুল ফরোয়ার্ডদের ভিড়ে বিশ্বকাপ একাদশে সুযোগ পাওয়াটা অবশ্য মার্কাসের জন্য কঠিনই হবে। বর্তমান চ্যাম্পিয়নদের স্কোয়াডে আছেন করিম বেনজেমা, কিলিয়ান এমবাপ্পে, অলিভিয়ের জিরু, আঁতোয়ান গ্রিজমান, উসমান দেম্বেলে, কিংসলে কোমান আর ক্রিস্তোফার এনকুংকুদের মতো ফরোয়ার্ডরা।
কাতার বিশ্বকাপে ফ্রান্সের অভিযান শুরু হবে ২২ নভেম্বর অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে। ‘ডি’ গ্রুপে ফরাসিদের অপর দুই প্রতিপক্ষ ডেনমার্ক (২৬ নভেম্বর) ও তিউনিসিয়া (৩০ নভেম্বর)।