বেনফিকা-রিয়াল ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস
বেনফিকা-রিয়াল ম্যাচের একমাত্র গোলটি করেন ভিনিসিয়ুস

চ্যাম্পিয়নস লিগ

ভিনিসিয়ুসের গোলে সেই বেনফিকায় এবার রিয়ালের হাসি, জিতেছে পিএসজিও

বেনফিকা ০:১ রিয়াল মাদ্রিদ; মোনাকো ২:৩ পিএসজি

২৮ জানুয়ারি থেকে ১৭ ফেব্রুয়ারি।

তিন সপ্তাহ পর লিসবনের দ্য লুজ স্টেডিয়ামে ফিরে ‘বদলা’টা নিয়েই নিল রিয়াল মাদ্রিদ। আজ উয়েফা চ্যাম্পিয়নস লিগে শেষ ষোলোর প্লে-অফের প্রথম লেগে স্বাগতিক বেনফিকাকে ১-০ গোলে হারিয়েছে রিয়াল। গত মাসে লিগ পর্বের শেষ ম্যাচে এ মাঠেই রিয়াল হেরেছিল ৪-২ গোলে, যা স্প্যানিশ ক্লাবটিকে ঠেলে দেয় প্লে-অফে।

রিয়ালের মতো প্লে-অফের প্রথম লেগে জয় পেয়েছে পিএসজিও। বর্তমান চ্যাম্পিয়নরা মোনাকোকে হারিয়েছে ৩-২ গোলে। তবে বড় ব্যবধানে হেরেছে সাবেক চ্যাম্পিয়ন জুভেন্টাস।

বেনফিকার মাঠে সর্বশেষ ম্যাচে হারের স্মৃতি থাকলেও আজ শুরু থেকেই নিয়ন্ত্রকের ভূমিকায় ছিল রিয়াল মাদ্রিদ। এর মধ্যে প্রথমার্ধে অন্তত দুটি ভালো সুযোগ নষ্ট হয়েছে। ১৯তম মিনিটে ভিনিসিয়ুসের চমৎকার শটে গোল হয়নি বল পোস্ট ঘেঁষে বেরিয়ে যাওয়ায়, আর ৪০তম মিনিটে গোল আসেনি কিলিয়ান এমবাপ্পে গোলমুখের খুব কাছে গিয়েও বলে পা ছোঁয়াতে না পারায়।

অবশ্য এর মাঝে ২৪তম মিনিটে বেনফিকাও গোলের সুযোগ তৈরি করে। ফ্রেডরিকের শটে বল একজনের পায়ে লেগে দিক পাল্টে জালে জড়ানোর পথে থাকতে ঝাঁপিয়ে ঠেকান রিয়াল গোলকিপার থিবো কোর্তোয়া।

ম্যাচের একমাত্র গোলটি আসে ৫০তম মিনিটে। এমবাপ্পের কাছ থেকে পাওয়া বল নিয়ে বক্সে ঢুকে দূরের পোস্ট দিয়ে জালে জড়ান ভিনিসিয়ুস। চ্যাম্পিয়নস লিগে এটি তাঁর ৩১তম গোল।

এই গোলে কাকাকে (৩০) ছাড়িয়ে চ্যাম্পিয়নস লিগে ব্রাজিলিয়ানদের মধ্যে দ্বিতীয় সর্বোচ্চ গোলের মালিক হয়েছেন ভিনি। ৪৩ গোল নিয়ে তাঁর সামনে নেইমার।

মাইলফলকের গোলটির পর ভিনি গ্যালারির বেনফিকা দর্শকের দিকে ইঙ্গিত করে উদ্‌যাপন করলে মাঠে উত্তেজনা তৈরি হয়।

রেফারি তাঁকে হলুদ কার্ড দেখালে ব্রাজিলিয়ান এই ফরোয়ার্ড ক্ষোভ ঝাড়েন। এক পর্যায়ে বেনফিকার ইয়ানলুকা প্রেসতিয়ান্নিকে নিয়ে কিছু একটা অভিযোগও করেন। খেলা বন্ধের মধ্যে ভিনিসিয়ুসকে দেখা যায় ডাগআউটে চলে গেছেন। সেখানে গিয়ে বেনফিকা কোচ জোসে মরিনিওকে কথা বলতে দেখা যায়। ধারাভাষ্যকাররা অনুমান করেন বর্ণবাদের কিছু ঘটে থাকতে পারে।

এ সময় রিয়াল কোচ আলভারো আরবেলোয়া এবং কোচিং স্টাফের অন্যরা ক্ষুব্ধ ভিনিসিয়ুসকে ঠাণ্ডা করার চেষ্টা চালিয়ে যান। এ সব পরিস্থিতির মধ্যেই খেলা বন্ধ থাকে প্রায় ১০ মিনিট।

ক্ষুব্ধ ভিনিসিয়ুসকে ঠাণ্ডা করার চেষ্টা করেন কোচ আরবেলোয়া ও চুয়ামেনি

খেলা আবার শুরুর পর ৮৫তম মিনিটে আরেকটি ঘটনা ঘটে। ভিনিসিয়ুস রিয়ালের বক্সে বেনফিকার রিউসকে ফেলে দিলে ক্ষোভ প্রকাশ করেন মরিনিও। এ ঘটনায় রেফারি তাঁকে হলুদ কার্ড দেখান। এরপরও বেনফিকা কোচ কিছু অনবরত বলে যেতে থাকলে রেফারি তাঁকে দ্বিতীয় হলুদ কার্ড দেখিয়ে ডাগআউট থেকে বের করে দেন।

ম্যাচের শেষ কয়েক মিনিটে বেনফিকা গোল শোধের চেষ্টায় আক্রমণের ধার বাড়ালেও ফল আসেনি। রিয়ালও আটকে থাকে ওই এক গোলেই। আগামী সপ্তাহে বার্নাব্যুতে দ্বিতীয় লেগে মুখোমুখি হবে রিয়াল-বেনফিকা।

পিএসজি, ডর্টমুন্ডেরও জয়

মোনাকোর মাঠে চ্যাম্পিয়নস লিগ ইতিহাসে প্রথমবারের মতো মুখোমুখি হয়েছিল ফরাসি লিগের দুই ক্লাব পিএসজি ও মোনাকো। ম্যাচে ১৮ মিনিটের মধ্যে ফোলারিন বালোগুনের জোড়া গোলে মোনাকো ২-০ ব্যবধানে এগিয়ে গিয়েছিল।

তবে ২৯ মিনিটে দিজিয়ে দুয়ে আর ৪১ মিনিটে আশরাফ হাকিমিরি গোলে সমতা ফেরায় পিএসজি। দ্বিতীয়ার্ধের শুরুতে মোনাকোর আলেক্সান্ডার গোলোভিন লাল কার্ড দেখে মাঠ ছাড়লে খেলায় পিএসজির নিয়ন্ত্রণ বাড়ে। ৬৭তম মিনিটে দুয়ের গোলে ৩-২ ব্যবধানে এগিয়ে যাওয়ার পর শেষ পর্যন্ত এই ব্যবধান ধরে রেখেই দলটি জয় নিয়ে মাঠ ছাড়ে।

দুই গোলে পিছিয়েও মোনাকোর বিপক্ষে জয় নিয়ে মাঠ ছেড়েছে পিএসজি

এ দিকে জার্মানিতে ইতালিয়ান ক্লাব আতালান্তাকে ২-০ গোলে হারিয়েছে ডর্টমুন্ড। এর আগে ইতালির পরাশক্তি জুভেন্টাসও হেরেছে। তুরস্কের ক্লাব গালাতাসারাইয়ের কাছে সাবেক চ্যাম্পিয়নরা হেরেছে ৫-২ গোলের বড় ব্যবধানে। এর মধ্যে ৬৭তম মিনিটে জুয়ান কাবাল লাল কার্ড দেখার পর দুই গোল হজম করে দলটি।