টাইব্রেকারের আগে মিসর দল
টাইব্রেকারের আগে মিসর দল

টাইব্রেকারের আগে কেন এমবাপ্পের পেনাল্টি দেখেছেন সালাহরা

ডালাসে গতকাল রাতে মিসর-অস্ট্রেলিয়া ম্যাচে দেখা গেছে একটা অভিনব দৃশ্য। ১২০ মিনিট পর্যন্ত দুই দলের স্কোর ১-১ গোলের সমতায়, খানিক পরই শুরু হবে টাইব্রেকার।

সে সময় মিসরের ফুটবলাররা গোল হয়ে একটি ভিডিও দেখছিলেন। না, নিজেদের কোনো ম্যাচ নয় বা প্রতিপক্ষ অস্ট্রেলিয়ার কোনো ম্যাচও নয়। ভিডিওটি ছিল এ বছর লা লিগায় রিয়াল মাদ্রিদ-লেভান্তে ম্যাচের। কিন্তু টাইব্রেকারের আগে এই ম্যাচের ভিডিওই কেন দেখতে হলো সালাহদের?

উত্তরটা লুকিয়ে রিয়াল মাদ্রিদ-লেভান্তের সেই ম্যাচেই। গত জানুয়ারিতে হয়ে যাওয়া সেই ম্যাচে ৫৭ মিনিটে একটা পেনাল্টি পায় রিয়াল। এরপর লেভান্তে গোলকিপারকে পরাস্ত করে স্পটকিক থেকে বল জালে জড়ান রিয়াল তারকা কিলিয়ান এমবাপ্পে।

লেভান্তের সে গোলকিপারের নাম ম্যাট রায়ান, যিনি গতকাল অস্ট্রেলিয়া দলের পোস্ট সামলেছেন। যোগসূত্রটা নিশ্চয় এবার বোঝা গেছে!

টাইব্রেকারের পর মিসরের উল্লাস

ভিডিও দেখাটা যে কাজে লেগেছে, সেটাও বলতে হবে। টাইব্রেকারে একটি কিকেও ভুল করেনি মিসর, চারটি কিকের চারটিতেই গোল। মাহমুদ সাবের, রামি রাবিয়া, মোহাম্মদ সালাহ ও হোসাম আবদেলমুগাইদের সবাই পেয়েছেন গোল। সালাহরটা তো ছিল ঠান্ডা মাথার পানেনকা শট।

মজার ব্যাপার, রায়ান এ ম্যাচের একাদশে শুরুতে ছিলেন না। ১১৮ মিনিটে বদলি নামেন নিয়মিত গোলকিপার প্যাট্রিক বিচের জায়গায়। বিচ এ বিশ্বকাপে বেশ ভালোই করেছেন, কিন্তু রায়ানকে নিশ্চয় ‘টাইব্রেকার স্পেশালিস্ট’ হিসেবে নামিয়েছেন অস্ট্রেলিয়া কোচ। কিন্তু টোটকাটা কাজে আসেনি।

শেষ পর্যন্ত রায়ানের বিপক্ষে ‘বাড়ির কাজে’ সহায়তার জন্য রিয়াল মাদ্রিদকে একটা ধন্যবাদ দিতে পারে মিসর!