
ফুটবল কোচের জীবনটা কেমন? তিন দিন পরপর ম্যাচ। এক সপ্তাহ থেকে আরেক সপ্তাহ, এক মৌসুম থেকে আরেক মৌসুম। সাফল্যের আনন্দ আছে, ট্রফির ঝলক আছে। কিন্তু এর আড়ালে জমে থাকে ক্লান্তিও। পেপ গার্দিওলার জীবনেও সেই ক্লান্তি একসময় এমন পর্যায়ে পৌঁছেছিল যে ফুটবল থেকে একটু দূরে সরে দাঁড়ানো ছাড়া উপায় ছিল না।
ইতালির জাতীয় দলের কোচ হওয়ার প্রস্তাব ফিরিয়ে দিয়েছিলেন কেন, এবার সেই ব্যাখ্যাই দিয়েছেন গার্দিওলা। বলেছেন, প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে তাঁর বিব্রত ও লজ্জিত বোধ হয়েছিল। কারণ, ইতালির মতো একটি দেশের জাতীয় দলের কোচ হওয়া তাঁর ক্যারিয়ারের অন্যতম বড় সম্মানের বিষয় হতে পারত।
গতকাল ব্রাজিলের কিংবদন্তি ফুটবলার ও বার্সেলোনায় তাঁর সাবেক সতীর্থ রোমারিওর টিভি অনুষ্ঠানে সাক্ষাৎকার দিয়েছেন গার্দিওলা। সেখানেই প্রথমবারের মতো ইতালির কোচ হওয়ার প্রস্তাব পাওয়ার বিষয়টি প্রকাশ্যে আনেন গার্দিওলা, ‘এই প্রথম এ বিষয়ে কথা বলছি। হ্যাঁ, তাদের সঙ্গে আমার কথা হয়েছিল। ইতালির মতো একটি দেশের প্রস্তাব ফিরিয়ে দিতে গিয়ে আমি বিব্রত বোধ করেছিলাম। ইতালির জাতীয় দলের কোচ হওয়া আমার ক্যারিয়ারের অন্যতম বড় সম্মানের বিষয় হতো। কিন্তু আমি বুঝতে পেরেছিলাম, আমার থামা দরকার। দুই বছর আগে প্রস্তাবটি পেলে হয়তো রাজি হয়ে যেতাম। কিন্তু পাওলো মালদিনি ও লিওনার্দো যখন আমার সঙ্গে যোগাযোগ করেছিল, তখন আমার এমন একটা সময় চলছিল, যখন থামা ছাড়া আর কোনো উপায় ছিল না।’
গার্দিওলার ভাষায়, ‘নিজের জন্য কিছুটা সময় দরকার ছিল। ১৮ বছর ধরে কোচিং করাচ্ছি। প্রতি তিন দিন পরপর ম্যাচ, সপ্তাহের পর সপ্তাহ। একটা সময় আসে, যখন আপনাকে বলতে হয়, উফ্, এবার একটু থামি।’
২০১৬ থেকে ২০২৬। ম্যানচেস্টার সিটিতে ১০ বছরের কোচিং অধ্যায়ে গার্দিওলার অর্জন কম নয়। ছয়বার প্রিমিয়ার লিগ, তিনবার এফএ কাপ ও একবার চ্যাম্পিয়নস লিগ জিতেছেন। ট্রফিতে ঠাসা সেই দশক শেষে ক্লান্ত হয়ে পড়েছিলেন তিনি। তাই অন্তত এক বছরের বিরতি নেওয়ার সিদ্ধান্ত গার্দিওলার।
এদিকে ইতালি তখন বিশ্বকাপে টানা তৃতীয়বারের মতো জায়গা করে নিতে ব্যর্থ হয়। নতুন কোচ খুঁজছিল দেশটির ফুটবল ফেডারেশন। সেই অনুসন্ধানের অংশ হিসেবে গার্দিওলার সঙ্গে যোগাযোগ করেন পাওলো মালদিনি ও লিওনার্দো। দুজনই ইতালির ফুটবল কিংবদন্তি। শেষ পর্যন্ত ইতালি বেছে নেয় রবার্তো মানচিনিকে। ২০১৮ থেকে ২০২৩ সাল পর্যন্ত দায়িত্ব পালন করা মানচিনি ২০২০ ইউরোতে ইতালিকে চ্যাম্পিয়ন করেছিলেন।
তবে গার্দিওলার কোচিংয়ে ফেরার দরজা একেবারে বন্ধ নয়। কবে ফিরবেন, কোথায় ফিরবেন, কিছুই নিশ্চিত করে বলেননি। শুধু জানিয়েছেন, ফিরলে সেটি হবে কারও আগ্রহে। জাতীয় দলের কোচ হওয়ার ইচ্ছার কথা অবশ্য আগেও শোনা গেছে গার্দিওলার মুখে। যুক্তরাষ্ট্রের জাতীয় দলের কোচ মরিসিও পচেত্তিনো ম্যানচেস্টার ইউনাইটেডের দায়িত্ব নিতে চলে যাওয়ার পর নতুন কোচ খুঁজছিল যুক্তরাষ্ট্রের ফুটবল ফেডারেশন। তখন সম্ভাব্য প্রার্থীদের তালিকায় গার্দিওলার নামও এসেছিল।
ইএসপিএনের সূত্র জানিয়েছিল, সাবেক ম্যানচেস্টার সিটি কোচকে বিবেচনায় রাখার কথা ভাবছে যুক্তরাষ্ট্র। তবে তাঁকেই প্রধান লক্ষ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে, এমনটা নিশ্চিত ছিল না।
যুক্তরাষ্ট্রের কোচ হিসেবে শেষ সংবাদ সম্মেলনে পচেত্তিনোকে গার্দিওলার সম্ভাব্য উত্তরসূরি নিয়ে প্রশ্ন করা হয়েছিল। আর্জেন্টাইন কোচের উত্তর ছিল বেশ ইতিবাচক, ‘এখনই আসার জন্য এটা একেবারে আদর্শ সময়। সবকিছু সঠিক পথেই এগোচ্ছে। আমার মনে হয়, অবশ্যই তাঁর দায়িত্ব নেওয়া উচিত। কারণ, তিনি এখানে খুব ভালো মানুষ ও ভালো খেলোয়াড় পাবেন। তাঁর খেলার ধরনে মানিয়ে নেওয়ার মতো খেলোয়াড় আছে। জাতীয় ট্রেনিং সেন্টারও আছে, যেটি আগে ছিল না।’
গত জুলাইয়ে ইতালির সঙ্গে গার্দিওলার যোগাযোগের সময়ও জাতীয় দলের কোচ হওয়ার আগ্রহের বিষয়টি সামনে এসেছিল। তখন ইএসপিএনের একটি সূত্র জানিয়েছিল, জাতীয় দলের কোচ হতে আগ্রহী তিনি। তবে কোন দেশের দায়িত্ব নিতে চান, তা নিশ্চিত করতে পারেনি সূত্রটি। নেদারল্যান্ডস ও ইংল্যান্ডের নামও আলোচনায় এসেছিল। নেদারল্যান্ডস পরে জাভিকে নিয়োগ দিয়েছে। ইংল্যান্ডের দায়িত্বে আছেন টমাস টুখেল।
এত সব আলোচনা ও সম্ভাবনার মধ্যেও আপাতত কোচিংয়ে ফেরার তাড়া নেই গার্দিওলার। বিশ্রামেই ভালো আছেন। রোমারিওকে গার্দিওলা বলেছেন, ‘সত্যি বলতে, আমি জানি না। একেবারেই জানি না। তবে আপাতত ভালো আছি। কখনো ফিরলে নিজের ভেতর থেকে তাগিদ অনুভব করেই ফিরব। আর কেউ যদি আমাকে চায়, তাহলে ফিরব। কিন্তু অনেক বছর তো হয়ে গেল, অনেক অনেক ম্যাচ খেলিয়েছি।’
কোথায় কোচিং করাতে চান, এমন প্রশ্নে গার্দিওলার উত্তর, ‘আমি জানি না। তবে এমন একটা দল আছে, যেটির কোচ আমি কখনো হইনি; কিন্তু হতে চেয়েছি। সেটি জাতীয় দল। আমার পরবর্তী গন্তব্য হতে পারে সেটিই।’
দলটা কি ব্রাজিল? রোমারিও মনে মনে হয়তো এই প্রশ্নটারই উত্তর খুঁজছেন।