বার্সেলোনায় এক মৌসুমে ধারে খেলে আবার ম্যানচেস্টার ইউনাইটেডে ফিরছেন মার্কাস রাশফোর্ড। সামাজিক যোগাযোগমাধ্যমে স্প্যানিশ ক্লাবটির প্রতি কৃতজ্ঞতা জানিয়ে আবেগঘন বিদায়ী বার্তা দিয়েছেন ২৮ বছর বয়সী এই ইংলিশ ফরোয়ার্ড।
২০২৫-২৬ মৌসুমে কাতালুনিয়ার ক্লাবটির হয়ে সব প্রতিযোগিতা মিলিয়ে ৪৯ ম্যাচে মাঠে নেমেছিলেন রাশফোর্ড। এই সময়ে ১৪ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরও ১৪টি। আক্রমণভাগে তাঁর এই দারুণ পারফরম্যান্স বার্সেলোনার লা লিগার শিরোপা পুনরুদ্ধারে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিল।
তবে মাঠের পারফরম্যান্স ভালো হলেও রাশফোর্ডকে স্থায়ীভাবে দলে রাখেনি বার্সেলোনা। বরং নিউক্যাসল ইউনাইটেড থেকে ইংলিশ ফরোয়ার্ড অ্যান্থনি গর্ডনকে দলে ভিড়িয়েছে লা লিগা চ্যাম্পিয়নরা।
স্পেন ছাড়ার আগে সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে বার্সেলোনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন রাশফোর্ড। তিনি লেখেন, ‘এখানে আমার সময়টাকে এত ইতিবাচক এবং স্মরণীয় করে তোলার জন্য আমি ক্লাবের সবাইকে ধন্যবাদ জানাই। আমি প্রতিটি মুহূর্ত উপভোগ করেছি এবং অনেক বিশেষ স্মৃতি সঙ্গে নিয়ে যাচ্ছি।’
রাশফোর্ডের এই বার্তার জবাব দিয়েছে বার্সেলোনার অফিশিয়াল ইনস্টাগ্রাম অ্যাকাউন্টও। ক্লাবটির পক্ষ থেকে লেখা হয়, ‘সবকিছুর জন্য ধন্যবাদ, রাশি। তুমি সব সময় আমাদেরই একজন হয়ে থাকবে।’
২০২৪ সালের ডিসেম্বরে ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে সর্বশেষ ম্যাচ খেলেছিলেন রাশফোর্ড। ওই মৌসুমের শেষ অংশ তিনি ধারে অ্যাস্টন ভিলায় কাটান। এরপর ধারে বার্সেলোনায় যোগ দেন ২০২৫-২৬ মৌসুমে।
ওল্ড ট্রাফোর্ডে ম্যানচেস্টার ইউনাইটেডের সঙ্গে তাঁর বর্তমান চুক্তির মেয়াদ এখনো দুই বছর বাকি আছে। তবে তিনি যে ইউনাইটেডেই থাকবেন, সেটা এখনো অনিশ্চিত।
বিশ্বকাপ পরবর্তী নির্ধারিত ছুটি শেষে খুব শিগগিরই ম্যানচেস্টার ইউনাইটেডের অনুশীলনে যোগ দেওয়ার কথা রয়েছে রাশফোর্ডের।
ইউনাইটেডের বর্তমান ম্যানেজার হিসেবে দায়িত্ব পালন করছেন রাশফোর্ডের সাবেক সতীর্থ মাইকেল ক্যারিক। সাবেক সতীর্থের অধীনে ওল্ড ট্রাফোর্ডেই থেকে যেতে পারেন ইংলিশ এই তারকা, এমন গুঞ্জনও আছে।
তবে শেষ পর্যন্ত রাশফোর্ডের ভবিষ্যৎ কোন দিকে মোড় নেয়, সেটি জানতে আরও কিছুদিন অপেক্ষা করতে হবে।