জার্মানির বিপক্ষে স্পেনই এগিয়ে

প্রথম ম্যাচে কোস্টারিকাকে ৭–০ গোলে উড়িয়ে স্পেন খুব কঠিন বার্তাই দিয়েছে। লুইস এনরিকের দল দারুণ খেলেছে। ৩৪ বছর বয়সী অধিনায়ক সের্হিও বুসকেতস ছাড়া দলের বাকিরা তরুণই।

গাভি, পেদ্রিদের নিয়ে স্পেনের মাঝমাঠ খুবই শক্তিশালী। তারুণ্যনির্ভর এই দলের ফুটবলারদের মান, ব্যক্তিগত নৈপুণ্য, গতি ও মানসিকতা বেশ ভালো। দ্রুত পাসিং ফুটবল খেলে প্রতিপক্ষকে বিভ্রান্ত করার ক্ষমতা রাখে। তাই আজ রাতে দুই সাবেক বিশ্বসেরার ফুটবল লড়াইয়ে জার্মানির বিপক্ষে স্পেনকেই এগিয়ে রাখছি।

জার্মানির প্রথম ম্যাচটা দেখে একটু হতাশ হয়েছি। প্রতিপক্ষকে চেপে ধরে গোল করার সেই জার্মান মানসিকতা হারিয়ে গেছে। আসলে খেলোয়াড়দের মানের অবনতি হওয়াতেই জার্মানির এই দুর্দশা। যে কারণে গত বিশ্বকাপে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন জার্মানি প্রথম রাউন্ডেই বিদায় নিয়েছিল। এবারও অবস্থা ভালো নয়। প্রথম ম্যাচে জাপানের কাছে ১–২ গোলে হেরে বিদায়ের শঙ্কায় জার্মানি। দলটির মূল সমস্যা, রক্ষণে ভারসাম্য থাকছে না। মাইকেল বালাকের মতো বিশ্বমানের মিডফিল্ডারের অভাব, যারা নাকি ডিফেন্স চেরা পাস দেবে।

মাঝমাঠে বড় অস্ত্র টমাস মুলারের আগের সেই গতি নেই। গোলকিপার ম্যানুয়েল নয়্যার ভুগছে আস্থাহীনতায়। জাপানের কাছে ২–১ গোলে হারা ম্যাচে নয়্যার তার সেরাটা দিতে পেরেছে বলে মনে হয় না।

পুনর্গঠনপ্রক্রিয়ায় জার্মান দলে নতুন নতুন ছেলে এসেছে। তাদের পরিণত হতে সময় লাগবে। তবে জার্মানি মানসিকভাবে শক্ত এক দল। স্পেনের জয়রথ থামিয়ে ঘুরে দাঁড়ানোর ক্ষমতা নিশ্চয়ই রাখে। জার্মানি ঘুরে দাঁড়াতে পারলে দুই সাবেক বিশ্ব চ্যাম্পিয়নের মধ্যে জমজমাট একটা লড়াই–ই দেখার প্রত্যাশা করছি আজ।

কোস্টারিকার জালে ৭ গোল দিয়েছিল স্পেন

প্রথম ম্যাচে ৭ গোলে উড়ে যাওয়া কোস্টারিকার বিপক্ষে আজ জাপান জিতবে বলেই মনে হচ্ছে। জাপান শুরু থেকে শেষ পর্যস্ত একই ছন্দে খেলে। দেশটির আটজন খেলোয়াড় ইউরোপে খেলার অভিজ্ঞতাসম্পন্ন। তার ওপর জার্মানিকে হারিয়ে তাকুমা আসানুদের আত্মবিশ্বাস তুঙ্গে। মানসিকভাবে ওরা বেশ শক্তশালী এবং যেকোনো পরিস্থিতির সঙ্গে খাপ খাওয়াতে পারে।

মরক্বোর বিপক্ষে এগিয়ে রাখছি বেলজিয়ামকে। কেভিন ডি ব্রুইনার মতো বিশ্বের অন্যতম সেরা মিডফিল্ডার বেলজিয়ামের সম্পদ। এডেন হ্যাজার্ডের মতো ফরোয়ার্ড আছে দলটির।

যদিও স্ট্রাইকার রোমেলু লুকাকু চোটের কারণে আজও খেলতে পারবে না। তারপরও জয়ের ক্ষমতা রাখে বেলজিয়াম। গতবারের রানার্সআপ ক্রোয়েশিয়ার শুরুটা ভালো না হলেও কানাডার বিপক্ষে জিততে পারে লুকা মদরিচরাই।