এই ম্যাচ দিয়েই এবারের লা লিগায় রিয়ালের অপরাজেয়–যাত্রায় লাগাম টানতে চান আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে
এই ম্যাচ দিয়েই এবারের লা লিগায় রিয়ালের অপরাজেয়–যাত্রায় লাগাম টানতে চান আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে

মুখোমুখি রিয়াল–আতলেতিকো

অপরাজেয় রিয়ালকে থামাতে চান সিমিওনে

একই শহরে দুটি বিখ্যাত ফুটবল ক্লাব থাকলে যা হয় আরকি! রেষারেষি এমনিতেই কিছুটা চলে আসে। আর যদি সেই দুটি ক্লাবের নামের সঙ্গেই শহরের নামও জড়িয়ে থাকে, তাহলে তো কথাই নেই। ঐতিহ্য-সাফল্য-শক্তি কাছাকাছি হোক বা না হোক, প্রতিদ্বন্দ্বিতা হয়ে যায় চিরকালীন। ইংল্যান্ডে যেমন ম্যানচেস্টারের দুই ক্লাব ইউনাইটেড ও সিটি, ইতালিতে এসি মিলান ও ইন্টার মিলান। স্পেনে তেমন রিয়াল মাদ্রিদ ও আতলেতিকো মাদ্রিদ।

এমনিতে স্পেনের ফুটবলে সবচেয়ে বড় দ্বৈরথটা অবশ্য রিয়াল মাদ্রিদ-বার্সেলোনার। শুধু স্পেন নয় আসলে, এটা ফুটবল বিশ্বেরই সবচেয়ে বড় ও ঐতিহ্যবাহী দ্বৈরথগুলোর একটা। আতলেতিকো মাদ্রিদ ঠিক ওই অর্থে রিয়াল বা বার্সেলোনার মতো অভিজাত হয়ে উঠতে পারেনি এখনো।

সাফল্যে তারা অনেক পিছিয়ে রিয়াল কিংবা বার্সেলোনার চেয়ে, বৈশ্বিক অনুসারী সংখ্যায়ও। তবে নগর প্রতিদ্বন্দ্বী হিসেবে রিয়াল মাদ্রিদের সঙ্গে তাদের রেষারেষি শুরু থেকেই। এই দ্বৈরথের ঝাঁজ বৈশ্বিক আবেদনে হয়তো রিয়াল-বার্সার মতো নয়, তবে উত্তেজনা তার চেয়ে কম নয় খুব একটা। মাদ্রিদ ডার্বিতে দুই ভাগ হয়ে যায় পুরো শহর।

আজ আবার মাদ্রিদ শহর দুই ভাগে ভাগ হয়ে যাচ্ছে। লা লিগায় যে আজ বাংলাদেশ সময় রাত ১টায় মুখোমুখি হচ্ছে মাদ্রিদের দুই নগর প্রতিদ্বন্দ্বী রিয়াল ও আতলেতিকো। এ ম্যাচের আগে উত্তেজনার রেণু উড়ছে মাদ্রিদে। কিছুটা ফুটবল বিশ্বেও।

এরই মধ্যে শুরু হয়ে গেছে কথার লড়াই। ম্যাচটি আতলেতিকো মাদ্রিদের মাঠ ওয়ান্দা মেত্রোপলিতানোতে। নিজেদের মাঠে এই ম্যাচ দিয়েই এবারের লা লিগায় রিয়ালের অপরাজেয়–যাত্রায় লাগাম টানতে চান আতলেতিকো কোচ দিয়েগো সিমিওনে।

মোরাতা কি পারবেন রিয়ালের অপরাজেয়–যাত্রায় লাগাম টানতে?

কিন্তু সিমিওনেকে যদি মনে করিয়ে দেওয়া হয়, ২০১৫–১৬ মৌসুমের পর লা লিগায় রিয়ালের বিপক্ষে শুধু একটি ম্যাচই জিতেছে আতলেতিকো! দলটির আর্জেন্টাইন কোচ হয়তো বলবেন—ওই একমাত্র জয়টি কিন্তু গত মৌসুমেই। মেত্রোপলিতানোতে পাওয়া সেই জয়ের পর লিগে এই আবার মুখোমুখি হচ্ছে দুই দল।

সিমিওনে যা বললেন, তাতে অবশ্য মাদ্রিদ ডার্বিতে স্পষ্ট কোনো ফেবারিট নেই বলেই মনে হওয়াটা স্বাভাবিক। তাঁর কথা, ‘ম্যাচটি যখন শুরু হবে, নতুন গল্প। রেফারি বাঁশি বাজানোর আগপর্যন্ত সবকিছু ভালো, কিন্তু বাঁশি বাজালেই নতুন সিনেমা শুরু আর আমরা জানি না, এর শেষে কী আছে। এ কারণেই এ ম্যাচের মাহাত্ম্য এতটা।’

এ ম্যাচে কী হবে, সেটা বলা যায় না উল্লেখ করলেও একটা হুমকি তো ঠিকই রিয়ালকে দিয়ে রেখেছেন সিমিওনে। তবে এই হুমকিতে ভয় পাচ্ছেন না রিয়ালের কোচ কার্লো আনচেলত্তি, ‘আমি উদ্বিগ্ন নই। প্রতিপক্ষের মাঠে আমরা একটা ফুটবল ম্যাচ খেলতে যাচ্ছি। গ্যালারি থেকে তাদের সমর্থকদের একটা চাপ তো থাকবেই।’

গুরুত্বপূর্ণ এই ম্যাচে আনচেলত্তি পাচ্ছেন না দলের অন্যতম সেরা খেলোয়াড় করিম বেনজেমাকে। চোটের কারণে মাঠের বাইরে আছেন ফরাসি স্ট্রাইকার। তবে তাঁর অভাবটা মাঠে টের পেতে দিচ্ছেন না ভিনিসিযুস জুনিয়র–রদ্রিগোরা। আজ আবার সময়ের প্রয়োজনে তাঁরা জেগে উঠবেন বলেই আশা আনচেলত্তির।

এ ম্যাচে করিম বেনজেমাকে পাচ্ছেন না আনচেলত্তি

চোটের সমস্যা আছে আতলেতিকোতেও। স্তেফান সাভিচ, হোসে হিমিনেস, তমাস লেমার ও সের্জিও রেগুইলনকে না পাওয়ার শঙ্কা সিমিওনের। তবে আতলেতিকো কোচের জন্য সুখবর ইয়ান ওবলাক চোট কাটিয়ে খেলতে পারেন এই ম্যাচে।