প্রথমার্ধেই তিন গোল করেছেন ফেদে ভালভের্দে
প্রথমার্ধেই তিন গোল করেছেন ফেদে ভালভের্দে

চ্যাম্পিয়নস লিগ

ভালভের্দের হ্যাটট্রিকে সিটিকে উড়িয়ে দিল রিয়াল

রিয়াল মাদ্রিদ ৩:০ ম্যানচেস্টার সিটি

ম্যাচের শেষ এক ঘণ্টায় একটাও গোল করতে পারেনি রিয়াল মাদ্রিদ। পুরো ম্যাচে একজন ছাড়া অন্য কেউ গোলদাতার খাতায় নামও লেখাতে পারেননি। খেলা না দেখে থাকলে স্কোরলাইনে শুধু এ সবই চোখে পড়বে।

কিন্তু খেলা দেখে থাকলে?

ছাদঢাকা স্টেডিয়ামের ভেতরে পঁচাত্তর হাজারের বেশি দর্শকের গর্জন আর সবুজ ঘাসের দাপুটে ফুটবলে ম্যানচেস্টার সিটিকে রীতিমতো ‘প্রেসার কুকারে’ আটকে রেখেছিল রিয়াল মাদ্রিদ। অনেকটা নিঃশ্বাস নেওয়ার সুযোগই পায়নি সিটি। আর রিয়ালের হয়ে এই দাপটে নেতৃত্ব দিয়েছেন অধিনায়ক ফেদে ভালভের্দে।

মাঝমাঠে খেলা এই উরুগুইয়ান একটির চেয়ে আরেকটি দুর্দান্ত গোলে করেছেন ক্যারিয়ারের প্রথম হ্যাটট্রিক, উয়েফা চ্যাম্পিয়নস লিগ শেষ ষোলোর প্রথম লেগে তাঁর দল সিটিকে উড়িয়ে দিয়েছে ৩–০ ব্যবধানে।

সিটির মতো রাতটা ভালো যায়নি অন্য দুই ইংলিশ ক্লাবেরও। ফ্রান্সে খেলতে যাওয়া চেলসি শুরুতে টক্কর দিলেও শেষ পর্যন্ত পিএসজির কাছে হেরেছে ৫-২ গোলে। আর লেভারকুসেনের মাঠে ১-১ ড্র করেছে আর্সেনাল।

মাদ্রিদে ম্যাচের শুরু থেকে বল দখলে সিটি কিছুটা এগিয়ে থাকলেও অনেকটা আচমকাই ২০তম মিনিট থেকে খেলা হয়ে ওঠে রিয়ালময়। থিবো কোর্তোয়া লম্বা করে বল বাড়ালে সিটির সীমানায় পেয়ে যান ভালভের্দে। তাঁকে পাহারায় ছিলেন নিকো ও’রাইলি, তবে প্রথম ছোঁয়াতেই বল সামনে বাড়িয়ে ভালভের্দে দ্রুত দৌড়ে সেটি নিজের নিয়ন্ত্রণে নেন। বিপদ বুঝে গোল পোস্ট ছেড়ে বেরিয়ে আসেন সিটি গোলকিপার জিয়ানলুইজি দোন্নারুম্মা। কিন্তু বলের গতি-প্রকৃতি বুঝতে ভুল করে বসেন। তাঁকে পাশ কাটিয়ে ভালভের্দে কোনাকুনি শটে ফাঁকা জালে বল পাঠিয়ে দেন।

চ্যাম্পিয়নস লিগে মৌসুমে গোলের খাতা খোলার ম্যাচেই হ্যাটট্রিক ভালভের্দের

এবারের চ্যাম্পিয়নস লিগে এটিই রিয়াল অধিনায়কের প্রথম গোল। তবে দ্বিতীয়টির জন্য সাত মিনিটের বেশি অপেক্ষা করতে হয়নি। এ যাত্রায় ভিনিসিয়ুসের বাড়ানো বল রুবেন দিয়াজের পায়ে লেগে ভালভের্দের সামনে চলে এসেছিল। ২৭ বছর বয়সী এই মিডফিল্ডার বক্সে ঢুকে আবারও কোনাকুনি শটে বল জালে পাঠান।

পরপর দুই গোলে উজ্জীবিত হয়ে ওঠে পুরো রিয়াল, সিটি হয়ে পড়ে হতাশ। প্রতি মিনিটেই আরেকটি গোল হওয়ার মতো পরিস্থিতি। সেই গোলটি আসে ৪২তম মিনিটে, প্রথম দুটির চেয়ে আরও সুনিপূণভাবে।

সিটি বক্সের আশপাশে বল দেওয়া-নেওয়ার এক পর্যায়ে ব্রাহিম দিয়াজ বল হাওয়ায় ভাসান। এবার মার্ক গেহিকে পাশ কাটিয়ে পাঁয়ের দারুণ ব্যবহারে বল নিয়ন্ত্রণে নেন ভালভের্দে, এরপর ঠাণ্ডা মাথায় ভলিতে পাঠিয়ে দেন জালে। পেশাদার ক্যারিয়ারের সব প্রতিযোগিতা মিলিয়ে এটি তাঁর প্রথম হ্যাটট্রিক।

ভালভের্দের ক্যারিয়ারে হ্যাটট্রিক এই প্রথম

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে যাওয়ার পর দ্বিতীয়ার্ধে আর গোল করতে পারেনি রিয়াল। তবে ৫৬তম মিনিটে সুযোগ পেয়েছিলেন ভিনিসিয়ুস। দোন্নারুম্মা তাঁকে ফাউল করলে পেনাল্টি পেয়েছিল রিয়াল। ভিনি সেটিতে দুর্বল শট নিলে রুখে দেন সিটি গোলকিপার।

তবে গোল না পেলেও ম্যাচের এই অর্ধেও সিটিকে বেশ চাপে রাখে রিয়াল। গোলের জন্য মরিয়া সিটি আক্রমণে বারবার উঠলেও রিয়ালের জমাট রক্ষণে কোনোটিই ‘প্রায় গোল’ পর্যায়ে যেতে পারেনি। ভালভের্দের প্রথম গোলের পর থেকে ম্যাচের বাকি সময়জুড়ে সিটিকে আক্রমণে, রক্ষণে রীতিমতো কোণঠাসা করে রেখেছে রিয়াল। শেষ পর্যন্ত ৩ গোলে এগিয়ে থেকেই মাঠ ছাড়ে রিয়াল। কোয়ার্টাল ফাইনালে ওঠার লড়াইয়ে দ্বিতীয় লেগ আগামী মঙ্গলবার সিটির মাঠে।

চেলসির বড় হার

৭৩ মিনিট পর্যন্ত ম্যাচের স্কোরলাইন ছিল ২-২। পিএসজির হয়ে ১০ মিনিটে ব্রাডলি বারকোলা ও ৪০ মিনিটে উসমান দেম্বেলে আর চেলসির হয়ে ২৮ মিনিটে মালো গাসতো ও ৫৭ মিনিটে এনজো ফার্নান্দেজ গোল করেছিলেন।

খিচা কাভারাস্কেইয়া শেষ দিকে জোড়া গোল করেন

সমতায় শেষ হতে পারে এমন আবহের ম্যাচ শেষ দিকে একক দাপট দেখায় পিএসজি। ৭৪ মিনিটে ভিতিনিয়া এগিয়ে দেন ৩-২ ব্যবধানে। এরপর ৮৬ ও যোগ করা সময়ের চতুর্থ মিনিটে টানা দুই গোলে স্কোরলাইন ৫-২-এ নিয়ে যান খিচা কাভারাস্কেইয়া।

এ দিকে নরওয়ের ক্লাব বোদো/গ্লিমট নিজেদের রূপকথাময় পথচলা ধরে রেখেছে। আজ নিজেদের মাঠে পর্তুগালের স্পোর্তিংকে হারিয়েছে ৩-০ গোলে।