
এক নিকো পাজ এখন জাতীয় দলে। ওদিকে আরেক ‘নিকো পাজ’কে খুঁজে বের করেছে আর্জেন্টিনা। ঠিকানা সেই একই। রিয়াল মাদ্রিদ!
মেসির ১০ নম্বর জার্সির সম্ভাব্য উত্তরসূরি পাজের জন্ম স্পেনের তেনেরিফে। বেড়ে ওঠা রিয়ালের বয়সভিত্তিক দলে, মূল দলেও খেলেছেন। স্পেনের হয়ে খেলার সুযোগ থাকলেও আর্জেন্টিনার সাবেক ডিফেন্ডার ও বাবা পাবলো পাজের জন্মসূত্রে ছোট পাজ বেছে নেন আকাশি–সাদা জার্সিকে। মেসি অবসর নেওয়ার পর এখন তো তাঁর জায়গার উত্তরসূরি পাজই।
ওদিকে রিয়াল মাদ্রিদ ‘সি’ দলের মাঝমাঠে বেড়ে উঠছেন আরও ছোট এক ‘পাজ।’ নাম তাঁর কার্লোস দিয়েজ। বয়স ১৯ বছর। জন্ম মাদ্রিদে। স্প্যানিশ নাগরিকত্বের পাশাপাশি মায়ের জন্মসূত্রে খেলতে পারবেন আর্জেন্টিনার হয়েও। ঝামেলাটাও ঠিক এখানেই। স্পেন ও আর্জেন্টিনা—দুটি দেশই যে তাঁকে খেলাতে আগ্রহী। তবে তাঁকে নিয়ে প্রতিযোগিতায় স্পেন আপাতত এক ধাপ এগিয়ে। স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি ম্যাচও খেলেছেন তিনি।
রিয়াল মাদ্রিদের ‘সি’ দলের অধিনায়ক দিয়েজ এরই মধ্যে জিতেছেন লিগ, চ্যাম্পিয়নস কাপ, উয়েফা যুব লিগ ও অনূর্ধ্ব-২০ ইন্টারকন্টিনেন্টাল কাপ। গত মৌসুমে করেছেন ২১ গোল। রিয়ালের দ্বিতীয় রিজার্ভ দলটি খেলে স্প্যানিশ ফুটবলের চতুর্থ স্তরে। আর্জেন্টিনার চোখ এড়িয়ে যাওয়ার মতো ফুটবলার নন তিনি। দেশটির সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’ জানিয়েছে, ইউরোপে আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) যে ধরনের তরুণ প্রতিভা খুঁজছে, দিয়েজ ঠিক সেই ছাঁচের।
আর্জেন্টিনা অনূর্ধ্ব-১৭ ও অনূর্ধ্ব-২০ দলের কোচ দিয়েগো প্লাসেন্তে বেশ কিছুদিন ধরেই দিয়েজের খোঁজ রাখছেন। চলতি নভেম্বরে তাঁকে অনূর্ধ্ব-২০ দলের সঙ্গে অনুশীলন করানোর উদ্যোগও নিয়েছিলেন। কিন্তু খেলোয়াড় ছাড়ার বাধ্যবাধকতা না থাকায় রিয়াল তাঁকে যেতে দেয়নি।
কাতারে চলমান অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপে মোজাম্বিকের বিপক্ষে আর্জেন্টিনার ২-১ গোলে জয়ের পর স্প্যানিশ সংবাদমাধ্যম ‘মার্কা’র সঙ্গে কথা বলেছেন প্লাসেন্তে। দিয়েজকে নিয়ে তাঁর আগ্রহের কথা লুকাননি, ‘আমরা তাঁর মান সম্পর্কে জানি। চেয়েছিলাম, ফিফার (নভেম্বর) বিরতিতে সে আসুক, যাতে দলের সঙ্গে অনুশীলন করতে পারে।’
ইউরোপে বেড়ে ওঠা ফুটবলারদের দক্ষিণ আমেরিকার ফুটবলের সঙ্গে পরিচিত করানোরও একটা আলাদা মূল্য দেখেন প্লাসেন্তে, ‘আমার মনে হয়, যারা ইউরোপে খেলে বা ইউরোপে যাদের জন্ম, তাদের ফুটবল-জ্ঞানে নতুন কিছু যোগ করে দক্ষিণ আমেরিকার ফুটবল। আমরা তাঁকে (দলে) দেখতে চেয়েছি।’
দিয়েজ শেষ পর্যন্ত নিকো পাজের পথেই হাঁটবেন কি না, এমন প্রশ্নে প্লাসেন্তের উত্তর, ‘ঠিক তা–ই।’
আর্জেন্টিনার বাইরে জন্ম নেওয়া, কিন্তু পারিবারিক সূত্রে আর্জেন্টিনার হয়ে খেলার যোগ্য তরুণদের এএফএ ডাকে ‘ইউরোপিবেস’। ‘ইউরোপা’ ও ‘পিবেস’ শব্দ দুটি মিলিয়ে এই নাম। অর্থাৎ, ইউরোপে জন্ম নেওয়া তরুণ।
দিয়েজও আছেন সেই তালিকায়। তাঁকে নিয়ে আর্জেন্টিনার আগ্রহের খবর স্প্যানিশ ফুটবল ফেডারেশনকেও (আরএফইএফ) নড়েচড়ে বসতে বাধ্য করেছে। স্পেন অনূর্ধ্ব-২০ দলের সম্ভাব্য খেলোয়াড়দের তালিকায় তাঁকে রেখেছেন কোচ পাকো গ্যালার্দো। গত জানুয়ারিতে ইতালির বিপক্ষে স্পেন অনূর্ধ্ব-১৯ দলের হয়ে একটি প্রীতি ম্যাচে ৪৫ মিনিট খেলেছেন দিয়েজ।
তবে আগামী বছরের অনূর্ধ্ব-২০ বিশ্বকাপের জন্য স্পেনের হালনাগাদ স্কোয়াডে এখনো জায়গা হয়নি তাঁর। আগামী ১৭ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর আজারবাইজান ও উজবেকিস্তানে হবে এই টুর্নামেন্ট। সেখানে খেলবে আর্জেন্টিনাও। অর্থাৎ, দিয়েজকে পাওয়ার লড়াইয়ে দুই দেশের সামনে আরও একটি বড় উপলক্ষ অপেক্ষা করছে।
আগামী ২২ জানুয়ারি থেকে ৭ ফেব্রুয়ারি দক্ষিণ আমেরিকান অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপ খেলবে আর্জেন্টিনা। এই টুর্নামেন্টের দলে দিয়েজকে রাখতে চায় এএফএ। সে কারণেই ১১ থেকে ১৪ নভেম্বরের মধ্যে তাঁকে পরখ করে দেখতে চেয়েছিলেন প্লাসেন্তে।
দিয়েজ একা নন। তাঁর সঙ্গে আর্জেন্টিনার নজরে ছিলেন রিয়াল একাডেমিতে তাঁর সাবেক সতীর্থ ব্রুনো গ্যালাসিও। গত গ্রীষ্মে রিয়াল ছেড়ে ইতালির ক্লাব লাৎসিওতে যোগ দিয়েছেন এই ফুটবলার। স্পেনের লেইদায় জন্ম নেওয়া গ্যালাসিরও দ্বৈত নাগরিকত্ব রয়েছে। তিনি অবশ্য এরই মধ্যে আর্জেন্টিনার ডাকে সাড়া দিয়েছেন।
দিয়েজের ব্যাপারে আর্জেন্টিনার আশাও তাই বেড়েছে। গত জানুয়ারির পর স্প্যানিশ ফুটবল ফেডারেশন তাঁর ব্যাপারে সুনির্দিষ্ট কোনো প্রস্তাব দেয়নি। এএফএ মনে করছে, সে কারণে মায়ের দেশের জার্সির প্রতি আকৃষ্ট হতে পারেন দিয়েজ।
আসলে ইউরোপে জন্ম নেওয়া প্রতিভাবান ফুটবলারদের জাতীয় দলে টানতে এএফএর একটা সুপরিকল্পিত স্কাউটিং কার্যক্রম রয়েছে। কয়েক বছর ধরে নীরবে কাজ করছে বিভাগটি। প্রথমে দ্বৈত নাগরিকত্বের খেলোয়াড়দের খুঁজে বের করা হয়। এরপর তাঁদের জাতীয় দলে আনার বাস্তবসম্মত দিকগুলো যাচাই করা হয়। কাউকে চাপ দেওয়া হয় না; বরং আর্জেন্টিনার পরিকল্পনা এবং সেই দলে তাঁদের ভবিষ্যৎ সুযোগের কথা জানানো হয়।
নিকো পাজের ক্ষেত্রেও ঠিক এমনটাই হয়েছিল।
কার্লোস দিয়েজকে নিয়ে এত আগ্রহের কারণ শুধু তাঁর নাগরিকত্ব নয়। ফুটবলার হিসেবেও বেশ সম্ভাবনাময় তিনি।
কৌশলগত বুদ্ধিমত্তা, সতীর্থদের সঙ্গে সমন্বয় গড়ে তোলার ক্ষমতা এবং মাঝমাঠের বিভিন্ন পজিশনে খেলার দক্ষতা আছে তাঁর। মূলত বক্স-টু-বক্স মিডফিল্ডার। দুই পায়েই সমান দক্ষ। আক্রমণে ওঠার পাশাপাশি রক্ষণেও দায়িত্ব নিতে পারেন।
আদর্শ ফুটবলার হিসেবে যাঁকে মানেন, সেই লুকা মদরিচের সঙ্গেও তাঁর কিছু মিল আছে। ক্রোয়াট কিংবদন্তির মতোই মাঝমাঠে খেলার ছন্দ তৈরি করতে পছন্দ করেন। পছন্দের জার্সি নম্বরও ১০।
স্পেনে এরই মধ্যে নিকো পাজের সঙ্গে তুলনা শুরু হয়েছে দিয়েজের। রিয়ালের একাডেমিতে দুজনেই আলভারো আরবেলোয়ার অধীনে কোচিং করেছেন। গত এপ্রিলে বেলজিয়ান ক্লাব ব্রুগাকে টাইব্রেকারে হারিয়ে উয়েফা যুব লিগ জিতেছে রিয়ালের অনূর্ধ্ব-১৯ দল, যে দলের অধিনায়ক ছিলেন তিনি।
ট্রফি জয়ের উদ্যাপনেও ছিল আলাদা গল্প। ২০২২ বিশ্বকাপ জয়ের পর লিওনেল মেসি যে বিশেষ ভঙ্গিতে ট্রফি উদ্যাপন করে জনপ্রিয়তা পেয়েছিলেন, দিয়েজও সেটিই অনুকরণ করেন।
মেসির উদ্যাপন নকল করা নিশ্চয়ই সহজ। কিন্তু মেসির পথ ধরে আর্জেন্টিনার জার্সিতে জায়গা করে নেওয়া? সেটা অন্য গল্প।