লিওনেল মেসি
লিওনেল মেসি

মেসির সেই সিদ্ধান্তের জন্য কৃতজ্ঞ রিকেলমে

বিশ্বকাপ ফাইনালের হারে এখন বিষাদ কাটার কথা নয় লিওনেল মেসির। স্পেনের কাছে হারের পর নিজেই বলেছেন, এই ক্ষত সারতে সময় লাগবে।

সেই হতাশার মধ্যেই আর্জেন্টিনার কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে আর্জেন্টাইন অধিনায়ককে ভাসিয়েছেন প্রশংসার বন্যায়। তাঁর চোখে, দুই দশক ধরে মেসি যা করছেন, তাতে বিস্মিত হওয়ার কিছুই আর বাকি নেই।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘ওলে’কে দেওয়া সাক্ষাৎকারে রিকেলমে বলেছেন, ‘মেসির খেলা দেখে আনন্দ না পেয়ে উপায় নেই। সে ফুটবলটা অন্য সবার চেয়ে আলাদাভাবে খেলে। মাঠে হাঁটতে হাঁটতে চারপাশ পর্যবেক্ষণ করে। যখন আমরা গ্যালারিতে বা টিভিতে বসে নার্ভাস হই, তখন ও শান্ত মাথায় হিসাব মেলায়। ভাবে কোথায় যেতে হবে, কী করতে হবে। এমন সব দৃশ্য কল্পনা করে যা আর কখনো ঘটবে না। অবিশ্বাস্য সব ফুটবল উপহার দেন মেসি।’

আর্জেন্টিনার কিংবদন্তি হুয়ান রোমান রিকেলমে

সময়ের সঙ্গে নিজেকে যেভাবে বদলে নিয়েছেন মেসি, সেটাই সবচেয়ে বেশি মুগ্ধ করে রিকেলমেকে। আর্জেন্টাইন ফুটবলের অন্যতম সেরা এই প্লে–মেকার বলেন, ‘ছোটবেলায় মেসি অবিশ্বাস্য দ্রুতগতির ছিল। সবাই বলত, বলের চেয়েও নাকি দ্রুত দৌড়ায়। বল ওর পায়ে আঠার মতো লেগে থাকত। সময়ের সঙ্গে সঙ্গে মেসি নতুন নতুন কৌশল খেলায় যোগ করেছে। দারুণ সব পাস দিতে শুরু করলে। ফ্রি-কিক থেকে গোল করা শুরু করল। ও আসলে সবই করতে পারে।’ রিকেলমের মতে, ২০ বছর ধরে ধারাবাহিকভাবে সেরার ফুটবল খেলা মেসির কোনো কাজই তাঁকে আর অবাক করে না।

মেসির ফুটবলীয় সামর্থ্যের পাশাপাশি তাঁর একটি সিদ্ধান্তের কথাও মনে করিয়ে দেন রিকেলমে। স্পেনের বয়সভিত্তিক দলে খেলার সুযোগ ছিল। কিন্তু মেসি বেছে নেন জন্মভূমি আর্জেন্টিনাকে। স্পেনের বদলে আর্জেন্টিনাকে বেছে নেওয়ায় মেসির প্রতি কৃতজ্ঞ রিকেলমে, ‘তাঁকে শুধু ধন্যবাদ জানানোটাই বাকি। আর্জেন্টাইন হিসেবে আমরা পরম ভাগ্যবান। তিনি স্পেনের হয়ে না খেলে আমাদের দেশের হয়ে খেলা বেছে নিয়েছিলেন।’

ফাইনালে স্পেনের বিপক্ষে আর্জেন্টিনার হারের পর ছড়িয়ে পড়েছে নানা ষড়যন্ত্র তত্ত্ব

সাক্ষাৎকারের একপর্যায়ে ফাইনালে স্পেনের কাছে আর্জেন্টিনার হার নিয়ে বিশ্লেষণ করেন রিকেলমে। বর্তমানে বোকা জুনিয়র্সের প্রেসিডেন্টের দায়িত্বে থাকা রিকেলমে মনে করেন, ফাইনালে ট্যাকটিকসের চেয়ে বেশি প্রভাব ফেলেছে আর্জেন্টিনার শারীরিক ক্লান্তি, ‘আর্জেন্টিনা ফাইনালে গেছে ক্লান্তি নিয়ে। বিশ্রাম খুব কম পেয়েছিল। যদি আরও একটু বেশি বিশ্রামের সুযোগ পাওয়া যেত, ম্যাচের গল্পটা অন্য রকম হতে পারত। দেখুন, আমাদের দুজন সেন্টারব্যাকই চোটে পড়েছিলেন। ছেলেরা নিজেদের সাধ্যের সবটুকু ঢেলে দিয়ে খেলেছে। তাদের প্রতি আমাদের কেবল কৃতজ্ঞতাই প্রকাশ করার আছে।’

তবে এতে স্পেনের কৃতিত্ব একটুও কম দেখছেন না রিকেলমে। চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়ে ৪৮ বছর বয়সী সাবেক ফুটবলার যোগ করেন, ‘স্পেন অসাধারণ ফুটবল খেলেছে। তারা জানত মাঠে কী করতে হবে। তারা শতভাগ যোগ্য দল হিসেবেই বিশ্বজয়ী হয়েছে। এ নিয়ে কোনো সন্দেহ নেই।’