প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে এসেই চমক দেখিয়েছে বোডো/গ্লিমট
প্রথমবার চ্যাম্পিয়নস লিগ খেলতে এসেই চমক দেখিয়েছে বোডো/গ্লিমট

নাটকীয়তা ও রোমাঞ্চের পর চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোয় উঠল কারা

লিগ পর্ব থেকে আগেই শেষ ষোলো নিশ্চিত করেছিল ৮টি দল। এরপর সবার চোখ ছিল শেষ ষোলোয় যাওয়ার প্লে–অফ লড়াইয়ে। নাটকীয়তা ও রোমাঞ্চ শেষে সেই প্লে–অফ থেকে নিশ্চিত হলো আরও আটটি দল।

প্লে–অফে সবচেয়ে বড় চমকের নাম ছিল বোদো/গ্লিমট। গতবারের রানার্সআপ ইন্টার মিলানকে দুই লেগেই হারিয়ে শেষ ষোলো নিশ্চিত করেছে তারা। একইভাবে চমক দেখিয়েছে আতালান্তাও। প্রথম লেগে বরুসিয়া ডর্টমুন্ডের কাছে ২–০ গোলে হারা দলটি গতকাল রাতে ফিরতি লেগে শেষ মুহূর্তের গোলে ঘুরে দাঁড়িয়ে নিশ্চিত করে শেষ ষোলো। ফিরতি লেগে আতালান্তা জিতেছে ৪–১ গোলে।

রোমাঞ্চকর লড়াইয়ে জুভেন্টাসকে দুই লেগ মিলিয়ে ৭–৫ গোলে হারিয়ে বিদায় করেছে গালাতাসারাই। প্রথম লেগে গালাতাসারাই নিজেদের মাঠে জিতেছিল ৫–২ গোলে। ফিরতি লেগে নির্ধারিত সময়ে ৩–০ গোলে এগিয়ে থেকে ম্যাচ অতিরিক্ত সময়ে নিয়ে যায় জুভেন্টাস। কিন্তু অতিরিক্ত সময়ে দুই গোল করে ম্যাচে ফিরে আসে গালাতাসারাই। শেষ পর্যন্ত ৩–২ গোলে হেরেও শেষ ষোলোর টিকিট পেল তুরস্কের ক্লাবটি।

এই চমকগুলো বাদ দিলে রিয়াল মাদ্রিদ, পিএসজি, আতলেতিকো মাদ্রিদ এবং পিএসজির মতো দল সহজেই পেরিয়েছে প্লে–অফের বাধা। সব মিলিয়ে এখন ইউরোপিয়ান ক্লাব ফুটবলের সবচেয়ে কাঙ্ক্ষিত শিরোপার লড়াইয়ে টিকে আছে ১৬টি দল। সেই ষোলোর নামগুলো একনজরে দেখে নেওয়া যাক।

ভিনিসিয়ুস ও আরনল্ডের গোল উদ্‌যাপন

লিগ পর্ব থেকে সরাসরি শেষ ষোলোয় ওঠা আট দল: আর্সেনাল, বায়ার্ন মিউনিখ, লিভারপুল, টটেনহাম, বার্সেলোনা, চেলসি, স্পোর্টিং লিসবন ও ম্যানচেস্টার সিটি।

প্লে-অফ পর্ব থেকে শেষ ষোলোয় ওঠা আট দল: আতালান্তা, আতলেতিকো মাদ্রিদ, বায়ার লেভারকুসেন, বোডো/গ্লিমট, নিউক্যাসল, গালাতাসারাই, পিএসজি ও রিয়াল মাদ্রিদ।

চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর ড্র অনুষ্ঠিত হবে আগামীকাল শুক্রবার। বাংলাদেশ সময় বিকেল ৫টায় সুইজারল্যান্ডের হাউস অব ইউরোপিয়ান ফুটবল ভবনে শুরু হবে ড্র অনুষ্ঠান। লিগ পর্ব শেষে র‍্যাঙ্কিং অনুযায়ী দলগুলোকে জোড়ায় ভাগ করা হয়েছে। ফলে প্রতিটি দলের সম্ভাব্য দুটি করে প্রতিপক্ষ রয়েছে। যেসব দল সরাসরি লিগ পর্ব থেকে উঠেছে, তারা শেষ ষোলোর দ্বিতীয় লেগ খেলবে নিজেদের মাঠে।

শেষ ষোলের ড্রয়ে সম্ভাব্য লড়াইগুলো এমন হতে পারে—

আর্সেনাল/বায়ার্ন মিউনিখ বনাম আতালান্তা/বায়ার লেভারকুসেন

বার্সেলোনা/চেলসি বনাম পিএসজি/নিউক্যাসল

লিভারপুল/টটেনহাম বনাম আতলেতিকো মাদ্রিদ/গালাতাসারাই

ম্যানচেস্টার সিটি/স্পোর্টিং লিসবন বনাম বোদো/গ্লিমট/রিয়াল মাদ্রিদ

ড্রয়ের মাধ্যমে চূড়ান্তভাবে নির্ধারিত হবে কোন দুটি দল একে অন্যের বিপক্ষে খেলবে। এ ছাড়া নিয়ম আগের মৌসুমগুলোর মতোই থাকছে। দুই লেগ মিলিয়ে যে দল এগিয়ে থাকবে (অ্যাগ্রিগেট স্কোরে), তারাই উঠবে পরের পর্বে। দুই লেগ শেষে সমতা থাকলে হবে অতিরিক্ত সময়ের খেলা। তাতেও নিষ্পত্তি না হলে ম্যাচ গড়াবে পেনাল্টি শুটআউটে।

চ্যাম্পিয়নস লিগের পরের পর্বগুলোর সূচি

শেষ ষোলো: ১০/১১ ও ১৭/১৮ মার্চ, ২০২৬

কোয়ার্টার ফাইনাল: ৭/৮ ও ১৪/১৫ এপ্রিল, ২০২৬

সেমিফাইনাল: ২৮/২৯ এপ্রিল ও ৫/৬ মে, ২০২৬

ফাইনাল: ৩০ মে, ২০২৬ (বুদাপেস্ট)