বক্সের সামান্য বাইরে থেকে বাঁ পায়ে কোনাকুনি শট নেওয়ার জায়গা আছে আর লিওনেল মেসি তা কাজে লাগাতে পারবেন না, এমনটা সচরাচর হয় না। আজও যেমন দেখা গেল। মেজর লিগ সকারে (এমএলএস) সান ডিয়েগোর বিপক্ষে নিজের পছন্দসই জায়গায় ফ্রি–কিক পেয়ে গোল করতে ভুল হয়নি আর্জেন্টাইন তারকার।
তবে মেসির দুর্দান্ত ফ্রি-কিক গোলের দিনে জিততে পারেনি ইন্টার মায়ামি। সান ডিয়েগো এফসির বিপক্ষে দ্বিতীয়ার্ধে এগিয়ে গিয়েও শেষ পর্যন্ত ২-২ গোলে ড্র করেছে মায়ামি। এ নিয়ে লিগে টানা চার ম্যাচ ড্র করল মেসির দল।
৪ গোলের ম্যাচটিতে ১২ মিনিটে এগিয়ে যায় সান ডিয়েগো। গোল করেন ডেনিশ ফরোয়ার্ড আ্যান্ডার্স ড্রেয়ার। ঠিক ১২ মিনিট পরই মায়ামি সমতায় ফেরে মেসির গোলে। ডান প্রান্ত থেকে মেসির নেওয়া ফ্রি-কিক বক্সে থাকা কোনো খেলোয়াড়ের গায়ে না লেগে সরাসরি চলে যায় দূরের পোস্টের দিকে। গোলরক্ষক ঝাঁপিয়ে পড়লেও বল ধরতে পারেননি।
এটি মেসির ক্যারিয়ারের ৭৫তম ফ্রি–কিক গোল। আর এমএলএসের চলতি মৌসুমে ২০তম। চার দিন আগে ক্রুজ আজুলের বিপক্ষে গোল করে মায়ামির হয়ে ১০০ গোলের মাইলফলক ছুঁয়েছিলেন তিনি।
সান ডিয়েগোর বিপক্ষে মায়ামি জিততে পারেনি শেষ দিকে গোল হজম করায়। ৭৪ মিনিটে লুইস সুয়ারেজের গোলে ২-১–এ এগিয়ে গেলেও ৮২ মিনিটে সমতা ফেরান ড্রেয়ার।
এই ড্রয়ে ২৬ ম্যাচে মায়ামির পয়েন্ট হলো ৪৬ (১২ জয়, ৪ হার, ১০ ড্র)। ইস্টার্ন কনফারেন্সের শীর্ষে থাকা ন্যাশভিলের চেয়ে তারা ১১ পয়েন্ট পিছিয়ে। নিয়মিত মৌসুমে মায়ামির হাতে এখনো আট ম্যাচ বাকি। মেসিদের পরের ম্যাচ আগামী রোববার কলম্বাস ক্রুর বিপক্ষে।