
আর্জেন্টিনার প্রথম বিভাগের দল লা প্লাতা জিমনেসিয়ার সঙ্গে প্রীতি ফুটবল ম্যাচ খেলার প্রস্তাব পেয়েছে শেখ জামাল ধানমন্ডি ক্লাব।
কোচিং ক্যারিয়ারের শেষ দিকে লা প্লাতা জিমনেসিয়া ক্লাবের কোচের দায়িত্বে ছিলেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। সবকিছু ঠিক থাকলে আগামী সেপ্টেম্বরে আর্জেন্টিনার লা প্লাতা শহরে গিয়ে দুটি প্রীতি ম্যাচ খেলবে বাংলাদেশ প্রিমিয়ার লিগের তিনবারের চ্যাম্পিয়নরা।
প্রস্তাবটা হঠাৎ করেই এসেছে শেখ জামাল ক্লাবের কাছে। ক্লাবটির ফুটবল দলের ম্যানেজার ফারাজ হোসেন জানিয়েছেন, ‘আমাদের ক্লাবের দুটি জার্সি। এর মধ্যে একটি আর্জেন্টিনা জাতীয় দলের জার্সির আদলে তৈরি। এই জার্সি পরা দলের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে জিমনেসিয়া ক্লাবের কর্মকর্তারা দেখতে পান। এরপরই গতকাল তাঁরা আমাদের সঙ্গে দুটি ফুটবল ম্যাচ খেলার প্রস্তাব দেন।’
কবে এবং কীভাবে আর্জেন্টিনায় গিয়ে ম্যাচ দুটি খেলা যেতে পারে, ২৪ ফেব্রুয়ারি শেখ জামাল ক্লাবের ফুটবল কমিটির সভায় সে বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। প্রাথমিকভাবে সেপ্টেম্বরে খেলার কথা ভাবছে শেখ জামাল। বছরের ওই সময় বাংলাদেশ ও আর্জেন্টিনার ঘরোয়া ফুটবলে ফাঁকা সময় আছে।
কাতার বিশ্বকাপের সময় আলোচনায় ছিল বাংলাদেশের আর্জেন্টাইন সমর্থক। বিশ্বকাপ চলাকালে আর্জেন্টিনা দলকে অকুণ্ঠ সমর্থন দিয়েছেন বাংলাদেশের বেশির ভাগ দর্শক। সেই ভালোবাসার বিষয়টা তো ছিলই, এর সঙ্গে যুক্ত হয় শেখ জামাল ক্লাবের ফিজিক্যাল ট্রেইনার আর্জেন্টাইন আরিয়েল কোলম্যানের সমন্বয়।
সবকিছু মিলিয়েই এমন প্রস্তাব পাওয়া, জানান ফারাজ, ‘কোলম্যান আমাদের ক্লাবে দীর্ঘদিনের ট্রেইনার। বিশ্বকাপের সময় আর্জেন্টিনার অনেক মিডিয়া তাঁর সঙ্গে যোগাযোগ করেছে। এবার এই ক্লাবও তাঁর সঙ্গে যোগাযোগ করে। তা ছাড়া ক্রুসিয়ানি (জাতীয় দলের সাবেক কোচ ডিয়েগো আন্দ্রেস ক্রুসিয়ানি) এখানে কোচিং করিয়েছেন। সবকিছু জেনেই ওরা আমাদের সঙ্গে ফুটবল ম্যাচ খেলতে আগ্রহী হয়েছে।’