রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও।
রিয়াল মাদ্রিদের কোচ জোসে মরিনিও।

রিয়াল হারলে সেটাই সবচেয়ে বড় খবর, গল্প বানানোর দরকার নেই: মরিনিও

ফুটবলে হারলে সমালোচনা হবে, এটাই স্বাভাবিক। কিন্তু রিয়াল মাদ্রিদের মতো ক্লাব হারলে সেই সমালোচনার মাত্রা যে একটু বেশিই হয়, সেটি মনে করিয়ে দিলেন জোসে মরিনিও। আলাভেসের কাছে গতকাল রাতে ২-১ গোলে হারের পর সংবাদ সম্মেলনে এসে একদিকে রেফারির সমালোচনা করলেন, অন্যদিকে নিজের সিদ্ধান্তের ব্যাখ্যাও দিলেন। তবে হারের দায় নিতে গিয়ে আঙুল তুললেন নিজের দিকেই।

সান্তিয়াগো বার্নাব্যুতে গতরাতের হারটা রিয়ালের জন্য ছিল বড় ধাক্কা। সব প্রতিযোগিতা মিলিয়ে টানা ১০ ম্যাচ জয়ের পর এই প্রথম হারল মরিনিওর দল। সর্বশেষ গত ২০ সেপ্টেম্বর আতলেতিকো মাদ্রিদের কাছে হেরেছিল তারা। ১৪ ম্যাচে ৩৩ পয়েন্ট নিয়ে লা লিগায় তিনে নেমে গেছে রিয়াল। আতলেতিকো মাদ্রিদের চেয়ে এক পয়েন্ট পিছিয়ে। শীর্ষে থাকা বার্সেলোনার সঙ্গে ব্যবধান ৩ পয়েন্টের, বার্সেলোনা ম্যাচ খেলেছে ১৩টি।

ডাইভ দিয়ে লাল কার্ড দেখেন বেলিংহাম

ম্যাচের শুরুটা অবশ্য খারাপ ছিল না রিয়ালের। কিন্তু ২২ মিনিটে টনি মার্তিনেজের গোলে এগিয়ে যায় আলাভেস। বিরতির পর ৬০ মিনিটে ব্যবধান দ্বিগুণ করেন আনহেল পেরেজ। পরে কিলিয়ান এমবাপ্পে একটি গোল শোধ করলেও সমতায় ফিরতে পারেনি রিয়াল। শেষ দিকে জুড বেলিংহামের পেনাল্টির আবেদন ভিএআরে বাতিল হয়। উল্টো দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়তে হয় ইংলিশ মিডফিল্ডারকে।

ম্যাচ শেষে মরিনিওর কাছে জানতে চাওয়া হয়েছিল, ভিনিসিয়ুস জুনিয়রকে তুলে না নিয়ে আরদা গুলেরকে কেন বদলি করেছেন। প্রশ্নটা শুনেই যেন বিরক্তি লুকাতে পারলেন না পর্তুগিজ কোচ, ‘রিয়াল মাদ্রিদ হারলেই সেটাই সবচেয়ে বড় খবর হয়ে যায়। অন্তত বুধবার পর্যন্ত আপনাদের লেখার মতো বিষয় থাকে। রিয়াল হেরেছে, খারাপ খেলেছে, কোচ বদলি করতে ভুল করেছেন। গুলের বিদায় নেওয়ার সময় কাউকে গুডবাই বলেনি কিংবা ভিনিসিয়ুস দুয়ো শুনেছেন, এমন গল্প বানানোর দরকার নেই। আমরা হেরেছি। পরিস্থিতি কঠিন। সমালোচনা করার মতো যথেষ্ট বিষয় আছে। আর এ হারের দায় অবশ্যই কোচের।’

জোসে মরিনিও।


গুলেরকে তুলে নেওয়ার ব্যাখ্যায় মরিনিও বলেন, আলাভেস রক্ষণে পাঁচজন রেখে খেলছিল। আক্রমণে তিনজনকে সামনে রেখে বল পেলেই দ্রুত প্রতি–আক্রমণে যাচ্ছিল তারা। রিয়ালও বক্সে যথেষ্ট উপস্থিতি তৈরি করতে পারছিল না, ‘গুলের ও বের্নার্দো একই ধরনের খেলোয়াড়। তারা বল নিয়ন্ত্রণ করতে ও পাস খেলতে পছন্দ করে। কিন্তু দল জায়গা পাচ্ছিল না, বক্সেও উপস্থিতি কম ছিল। আমার সামনে দুটি বিকল্প ছিল, গুলেরকে তুলে নেওয়া অথবা ভিনিসিয়ুসকে। আমি ভেবেছিলাম, ভিনিসিয়ুস ও দিওমান্দের মাধ্যমে আমরা বেশি জায়গা তৈরি করতে পারব।’


রেফারি সেসার সোতো গ্রাদোর সিদ্ধান্ত নিয়েও ক্ষোভ জানিয়েছেন মরিনিও। বেলিংহামের পেনাল্টির আবেদন নিয়ে তাঁর সংশয় ছিল। তবে বেলিংহাম নিজে পেনাল্টি দাবি করায় খেলোয়াড়ের কথায় বিশ্বাস রাখতে চেয়েছেন তিনি। রেফারিকে নিয়ে মরিনিওর মন্তব্য, ‘এই রেফারি দুই মৌসুম আগে এমবাপ্পেকে লাল কার্ড দেখিয়েছেন, গত মৌসুমে ভিনিসিয়ুসকে, এবার বেলিংহামকে। দেখা যাক, আগামী মৌসুমে কোর্তোয়াকে লাল কার্ড দেখান কি না। আমার মনে হয়, তিনি নিজের ক্ষমতা দেখাতে পছন্দ করেন। নিজেকে বড় কিছু প্রমাণ করতে চান।’

গোল পেলেও দলকে জেতাতে পারেননি এমবাপ্পে


তবে শুধু রেফারিকে হারের জন্য দায়ী করতে রাজি নন মরিনিও। বলেছেন, ‘আমরা হেরেছি নিজেদের কারণে, আমার কারণে। কারণ, দলের দায়িত্ব আমার।’
দলের খেলোয়াড়দের শারীরিক সতেজতার অভাবও চোখে পড়েছে তাঁর। মরিনিওর ভাষায়, ‘আমাদের শারীরিক সতেজতা ছিল না। প্রতিপক্ষ শুধু রক্ষণ সামলানো ও পাল্টাপাল্টি আক্রমণের প্রস্তুতি নিয়েছিল। কেন এমন হয়েছে, আরও বিশ্লেষণ করতে হবে। তার জন্য সময় দরকার।’