ফ্রান্সকে প্রথম গোল এনে দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে
ফ্রান্সকে প্রথম গোল এনে দিচ্ছেন কিলিয়ান এমবাপ্পে

প্রীতি ম্যাচে ১০ জনের ফ্রান্সের কাছে ব্রাজিলের হার

মুখোমুখি ব্রাজিল ও ফ্রান্স। সাবেক দুই বিশ্ব চ্যাম্পিয়ন ২০২৬ বিশ্বকাপ জয়ে অন্যতম ফেবারিটও। প্রীতি ম্যাচ হলেও তাই আজ দুই ফুটবল পরাশক্তির লড়াইয়ে চোখ ছিল ফুটবল–ভক্তদের। বিশ্বকাপের অন্যতম আয়োজক যুক্তরাষ্ট্রের পূর্ব উপকূলর ফক্সবরোতে অনুষ্ঠিত সেই ম্যাচে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়ন ব্রাজিলকে ২–১ গোলে হারিয়েছে ৪০ মিনিটেরও বেশি ১০ জন নিয়ে খেলা ফ্রান্স।

৩২ মিনিটে উসমান দেম্বেলের দুর্দান্ত এক থ্রু বল ধরে আগুয়ান গোলরক্ষকের মাথার ওপর দিয়ে বল জালে পাঠিয়ে ফ্রান্সকে ১–০ গোলে এগিয়ে দেন এমবাপ্পে। ৫৫ মিনিটে রক্ষণ সামলাতে গিয়ে ফাউল করে লাল কার্ড দেখেন ফরাসি খেলোয়াড় দায়োত উপামেকানো। ১০ জন হয়ে যাওয়া ফ্রান্সের বিপক্ষে সুযোগটা নিতে পারেনি ব্রাজিল। উপামেকানো লাল কার্ড দেখার ১০ মিনিট পর উল্টো উগো একিতিকের গোলের ব্যবধানটা দ্বিগুণ করে ফ্রান্স। ৭৮ মিনিটে ব্রেমের একটি গোল শোধ করলেও ব্রাজিল আর সমতাসূচক গোলটির দেখা পায়নি।

ম্যাচে এমবাপ্পের পারফরম্যান্স দেখে ফ্রান্স তো বটেই স্বস্তি পেতে পারে রিয়াল মাদ্রিদও। প্রীতি ম্যাচে ব্রাজিলের বিপক্ষে চোটের কোনো ছাপই দেখা গেল না ফরাসি অধিনায়কের খেলায়। উল্টো চোখধাঁধানো এক গোল করে ফ্রান্সের ২-১ ব্যবধানের জয়ে সামনে থেকে নেতৃত্ব দিলেন রিয়াল মাদ্রিদের এই মহাতারকা।

ব্রাজিলের একমাত্র গোলটি ব্রেমেরের

বোস্টনের অদূরে ফক্সবরোর জিলেট স্টেডিয়ামে উপস্থিত ৬৬,২১৫ জন দর্শকের বড় অংশই ছিলেন ব্রাজিলের সমর্থক। কিন্তু গ্যালারির সেই হলুদ উন্মাদনা স্তব্ধ করে দেন এমবাপ্পে ও উগো একিতিকে। আগামী বিশ্বকাপে এই মাঠেই নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে আর্লিং হালান্ডের নরওয়ের মুখোমুখি হবে দিদিয়ে দেশমের দল।

ম্যাচটি মাঠে গড়ানো নিয়ে অবশ্য সংশয় ছিল। নিরাপত্তা খরচ বাবদ প্রায় ৮০ লাখ ডলার নিয়ে ফক্সবরো শহর কর্তৃপক্ষ ও বিশ্বকাপ আয়োজকদের মধ্যে বেশ কিছু দিন ধরেই দ্বন্দ্ব চলছিল। তবে দুই সপ্তাহ আগে দুই পক্ষ সমঝোতায় আসায় সব বাধা কেটে যায়। এনএফএল দল ‘নিউ ইংল্যান্ড প্যাট্রিয়টস’-এর এই ঘরের মাঠে ফিফার নিয়ম মানতে কৃত্রিম টার্ফ সরিয়ে বসানো হয়েছে প্রাকৃতিক ঘাস।