২০০৬ বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেন ফ্রান্সের জিনেদিন জিদান, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ
২০০৬ বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেন ফ্রান্সের জিনেদিন জিদান, ২০২৬ বিশ্বকাপে আর্জেন্টিনার এনজো ফার্নান্দেজ

জিনেদিন জিদান থেকে এনজো ফার্নান্দেজ—বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন কারা

এত দিন বিশ্বকাপ ফাইনালে লাল কার্ডের কথা এলেই সামনে ভেসে আসত জিনেদিন জিদানের ছবি। ২০০৬ বিশ্বকাপে ইতালির মার্কো মাতেরাজ্জিকে ঢুস মেরে বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছিলেন ফ্রান্সের অধিনায়ক জিদান। সেদিন হাতছোঁয়া দূরত্বে বিশ্বকাপ রেখে চলে যাওয়ার দৃশ্য এখনো পীড়া দেয় অনেকের মনে।

অনেকেই এখনো বিশ্বাস করেন, সেদিন জিদান থাকলে হয়তো ম্যাচের ফলাফলটা অন্য রকম হতে পারত। এনজো ফার্নান্দেজও হয়তো সেই পীড়াতেই ভুগবেন। দুই হলুদ কার্ড মিলিয়ে লাল কার্ডটা না দেখলে হয়তো ম্যাচের ফল আর্জেন্টিনার দিকে এলেও আসতে পারত।

সেমিতে যেভাবে সমতায় ফেরানো গোল করেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে, সেটার পুনরাবৃত্তিও হতে পারত তাঁর হাত ধরে। কিন্তু ৯৩ মিনিটে এনজোর লাল কার্ডে আর্জেন্টিনা ১০ জনের দল হয়ে পড়ার পর ম্যাচ সম্পূর্ণই স্পেনের দিকে হেলে যায়। গোলও হয় এর পরে।

তবে বিশ্বকাপের মঞ্চে আর্জেন্টাইনদের লাল কার্ড দেখা কিন্তু নতুন কিছু নয়। ১৯৭০ সাল থেকে লাল-হলুদ কার্ডের সঙ্গে পরিচয় বিশ্বকাপের। সেখান থেকে এখন পর্যন্ত বিশ্বকাপ ফাইনালে লাল কার্ড দেখেছেন মোট ছয়জন খেলোয়াড়। এর মধ্যে আর্জেন্টিনারই তিনজন।

বিশ্বকাপের ফাইনালে প্রথম লাল কার্ড দেখা খেলোয়াড় আর্জেন্টিনার ডিফেন্ডার পেদ্রো মোনজোন। ১৯৯০ বিশ্বকাপের ফাইনালে জার্মানির ইয়ুর্গেন ক্লিন্সমানকে ফাউল করে সরাসরি লাল কার্ড দেখেছিলেন মোনজোন। তার ঠিক ২২ মিনিট পর দ্বিতীয় হলুদ কার্ড দেখে মাঠ ছাড়েন গুস্তাভো দেজোত্তি। দুই লাল কার্ড দেখে ফাইনালটাও হাতছাড়া করে ফেলে আর্জেন্টিনা। পশ্চিম জার্মানির কাছে ১-০ গোলে হেরে টানা দ্বিতীয় শিরোপাজয়ের স্বপ্ন ভাঙে।

১৯৯৮ বিশ্বকাপের ফাইনালে লাল কার্ড দেখেন ফ্রান্সের মার্সেল দেশাইলি। ৪৯ মিনিটে দেখেছিলেন প্রথম হলুদ কার্ড। ৬৮ মিনিটে কাফুকে দ্বিতীয়বার ফাউল করে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। ঘরের মাটিতে খেলা ফ্রান্সকে প্রথম বিশ্বকাপ ফাইনাল শেষ করতে হয় ১০ জন নিয়ে। সেই ১০ জনের দল নিয়েও অবশ্য তারা পরাক্রমশালী ব্রাজিলকে হারিয়ে দিয়েছিল।

এর পরের লাল কার্ডের কথা তো সবারই জানা। ২০০৬ আসরে মাতেরাজ্জিকে ঢুস জিদানের। লাইনসম্যানের চোখে পড়ল সেই দৃশ্য, অতঃপর সরাসরি লাল কার্ড।
২০১০ বিশ্বকাপে লাল কার্ড দেখেন নেদারল্যান্ডসের ডিফেন্ডার জন হেইতিঙ্গা। জাবি আলোনসোর বুকে একবার সরাসরি লাথি বসিয়েও তিনি লাল কার্ড থেকে বেঁচে যান। এরপর ৫৭ মিনিটে ডেভিড ভিয়াকে করা ফাউলে দেখেন প্রথম হলুদ কার্ড। তারপর ১০৯ মিনিটে জাভিকে ফাউল করে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। হেইতিঙ্গা বেরিয়ে যাওয়ার পর ১০ জনের নেদারল্যান্ডস লড়াই সমানতালে করতে পারেনি। ইনিয়েস্তার গোলে জিতে চ্যাম্পিয়ন হয় স্পেন।

এরপর টানা তিনটি ফাইনাল লাল কার্ড ছাড়াই পেরিয়েছে। কিন্তু এবার পুরোনো সেই ধারা ফিরে এসেছে এনজোর সৌজন্যে। ৮২ মিনিটে প্রথম হলুদ কার্ড দেখা এই মিডফিল্ডার ৯৩ মিনিটে পাও কুবারসিকে ফাউল করে দেখেন দ্বিতীয় হলুদ কার্ড। অতঃপর ১৬ বছর পর আবারও বিশ্বকাপের ফাইনালে দেখা গেল লাল কার্ড।