মানুষের জ্যোতিষিগিরি তো অনেক দেখলেন, এবার ফিফা বিশ্বকাপ নিয়ে ভবিষ্যদ্বাণী শুনুন খোদ কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) কাছ থেকে।
ক্রীড়া সংবাদমাধ্যম এএস ইউএসএ এ সময়ের জনপ্রিয় তিন চ্যাটবট কোপাইলট, চ্যাটজিপিটি ও জেমিনির কাছে জানতে চেয়েছিল, ২০২৬ বিশ্বকাপ কারা জিতবে।
ডেটা বিশ্লেষণ করে তিন এআই যা জানাল, তাতে দুটি দেশের নাম কমন। শুরুতেই জানিয়ে রাখা ভালো, এই দুটি দেশের তালিকায় বর্তমান চ্যাম্পিয়ন আর্জেন্টিনা বা পাঁচবারের চ্যাম্পিয়ন ব্রাজিল নেই। তাহলে কাদেরকে চ্যাম্পিয়ন হিসেবে দেখছে এআই, জেনে নেওয়া যাক ধাপে ধাপে।
মাইক্রোসফটের এআই টুল কোপাইলটকে কে ২০২৬ বিশ্বকাপ জিতবে জিজ্ঞেস করা হলে উত্তরে প্রথমে নির্দিষ্ট একটা দলের নাম পাওয়া যায়নি। কোপাইলট জানায়, এবার বিশ্ব চ্যাম্পিয়ন হতে পারে আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেন।
এরপর সুস্পষ্টভাবে একটি দেশের নাম উল্লেখ করতে বলা হয়, যারা ১৯ জুলাই নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে ট্রফি হাতে তুলবে। পাঁচ দলের মধ্যে কোপাইলট শেষ পর্যন্ত ফ্রান্সকে বেছে নেয়। কেন ফ্রান্স বিশ্ব চ্যাম্পিয়ন হবে, তার পেছনে কয়েকটি কারণও উল্লেখ করে। প্রথমত, এই দলটির স্কোয়াড গভীরতা অনেক বেশি।
কোপাইলটের ভাষায়, ‘বিশ্ব ফুটবলে অন্যতম সেরা প্রতিভাবান খেলোয়াড়দের পাইপলাইন রয়েছে তাদের।’ ফ্রান্সের বিশ্বকাপ জয়ের পেছনে আরেকটি কারণ কিলিয়ান এমবাপ্পে। ২৭ বছর বয়সী এই রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড এখন ক্যারিয়ারের সেরা সময়ে আছেন।
২০১৮ সালে চ্যাম্পিয়ন আর ২০২২ সালে রানার্সআপ হওয়া ফ্রান্স বিশ্বকাপের দলগুলোর মধ্যে এই মুহূর্তে সবচেয়ে ধারাবাহিক বলে মূল্যায়ন কোপাইলটের, ‘অন্য কোনো দল এই স্তরের ধারাবাহিক পারফরম্যান্স ধরে রাখতে পারেনি।’
ওপেনএআইয়ের চ্যাটজিপিটিও বলেছে ফ্রান্সই বিশ্বকাপ জিতবে। তবে সেটি ফরাসিদের পক্ষে শতভাগ বাজি ধরেনি। ফ্রান্সকে ‘সামান্য ফেবারিট’ উল্লেখ করে চ্যাটজিপিটি স্পেনও ‘বড় প্রতিদ্বন্দ্বী’ বলে জানিয়েছে।
কোপাইলটের মতো চ্যাটজিপিটিও ফ্রান্সকে এগিযে রাখার পেছনে দলটির ধারাবাহিকতা ও এমবাপ্পের মতো খেলোয়াড়ের কথা বলেছে। আর স্পেনকে শিরোপার অন্যতম দাবিদার বলেছে লামিনে ইয়ামালের মতো তরুণ তারকাদের কারণে।
জেমিনিই শুধু সরাসরি ফ্রান্সকে সম্ভাব্য বিশ্ব চ্যাম্পিয়ন বলেনি। গুগলের এআই টুলটি প্রথমে কোপাইলটের মতোই আর্জেন্টিনা, ব্রাজিল, ইংল্যান্ড, ফ্রান্স ও স্পেনকে সম্ভাব্য চ্যাম্পিয়ন হিসেবে উল্লেখ করে। যখন একটি দল বাছাই করতে বলা হয়, জেমিনি স্পেনের নাম উল্লেখ করে।
অবশ্য দুই সপ্তাহ আগে ফুটবল পরিসংখ্যানবিষয়ক সাইট অপ্টার সুপার কম্পিউটারও স্পেনকে এবারের চ্যাম্পিয়ন হিসেবে ভবিষ্যদ্বাণী করেছিল। শতকরা হিসেবে সেই সম্ভাবনা ১৬.০৮ শতাংশ। দ্বিতীয় সর্বোচ্চ ১২.৭৮ শতাংশ সম্ভাবনা ফ্রান্সের।
মজার বিষয় হচ্ছে, মে মাসের শুরুতে যুক্তরাষ্ট্রের একটি বড় ব্যাংক যখন কোপাইলটের কাছে টুর্নামেন্টের সম্ভাব্য বিজয়ী সম্পর্কে জানতে চেয়েছিল, তখন ফ্রান্স ও স্পেনকে সমানে সমান বলা হয়েছিল। ব্যাংক অব আমেরিকা তাদের ‘দ্য বিউটিফুল গেম: বিওএফএ’স ওয়ার্ল্ড কাপ ২০২৬ গাইড’ শীর্ষক প্রতিবেদনে বলা হয়, এআই টুলটি ফরাসি ও স্প্যানিশদের ‘বিশ্বকাপ জেতার সমান সম্ভাবনা’র কথা বলেছে।