প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেসি
প্রথম ম্যাচে হ্যাটট্রিক করেছেন মেসি

ব্রাজিল দলে মেসিকে চান ব্রাজিলের প্রেসিডেন্ট

লিওনেল মেসিকে দলে চায় ব্রাজিল! যেনতেন কেউ নন, চেয়েছেন স্বয়ং ব্রাজিল প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দা সিলভা।

আর্জেন্টাইন সমর্থকদের অবশ্য ভয়ের কিছু নেই! ব্রাজিল প্রেসিডেন্ট কথাটা মজা করেই বলেছেন।

মূলত লুলা দা সিলভার কাছে ব্রাজিলের বিশ্বকাপ পারফরম্যান্স নিয়ে জানতে চাওয়া হয়েছিল। এবারের বিশ্বকাপে নিজেদের প্রথম ম্যাচে মরক্কোর সঙ্গে ১-১ গোলে ড্র করেছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা। প্রথম ম্যাচে ব্রাজিলের পারফরম্যান্স বেশির ভাগ সমর্থককেই খুশি করতে পারেনি।

অন্যদিকে তাদের চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনার শুরুটা হয়েছে দুর্দান্ত। মেসির প্রথম বিশ্বকাপ হ্যাটট্রিকে আলজেরিয়াকে তারা ৩–০ গোলে হারিয়েছে। এই ম্যাচ নিয়ে সাংবাদিকেরা প্রশ্ন করলে লুলা হেসে বলেন, ‘আমি ভাবছিলাম মেসিকে ব্রাজিল দলে নেওয়া যায় কি না।’

ব্রাজিলের প্রেসিডেন্ট লুইজ ইনাসিও লুলা দ্য সিলভা

তবে ব্রাজিল প্রেসিডেন্ট যে কার্লো আনচেলত্তির দলের প্রথম ম্যাচের খেলা দেখে খুব চিন্তিত, তা নয়। তাঁর মতে, মরক্কোই এই গ্রুপে ব্রাজিলের সবচেয়ে কঠিন প্রতিপক্ষ ছিল। ব্রাজিল সম্পর্কে তিনি যা বলেছেন তাতে ব্রাজিল দলও উজ্জীবিত হতে পারে, ‘লোকে বলে যখনই ব্রাজিলকে নিয়ে সবাই সন্দেহ প্রকাশ করে, তখনই তারা বিশ্বকাপ জেতে...দেখা যাক কী হয়।’

২০ জুন নিজেদের দ্বিতীয় ম্যাচে হাইতির মুখোমুখি হবে ব্রাজিল। গুঞ্জন আছে, হাইতি ম্যাচ থেকে ছিটকে গেছেন নেইমার। এমনকি গ্রুপ পর্বের শেষ ম্যাচেও তাঁর খেলা না–ও হতে পারে।

অনুশীলনে নেইমার

এর মধ্যে ব্রাজিলের সমর্থকদের জন্য সুখবর হলো, চোট কাটিয়ে বুধবার তিনি দলের সঙ্গে প্রথমবার অনুশীলন করেছেন। মাঠে হালকা অনুশীলনের ফাঁকে সাংবাদিকদের দেখে হেসে নেইমার চিৎকার করে বলেছেন—আমাকে কি মিস করেছ?