
ভারত–পাকিস্তান লড়াই মানেই বাড়তি উত্তেজনা, বাড়তি আবেগ। ক্রিকেটে দুই চিরপ্রতিদ্বন্দ্বীর মুখোমুখি লড়াই ঘিরে উপমহাদেশে যে উন্মাদনা দেখা যায়, এবার তার আঁচ ফুটবল মাঠেও। দুই দেশের রাজনৈতিক বৈরিতা আর দীর্ঘদিনের প্রতিদ্বন্দ্বিতার কারণেই আজকের সাফ চ্যাম্পিয়নশিপ ফাইনালটা শুধু শিরোপা জয়ের লড়াই নয়। এর সঙ্গে জড়িয়ে আছে মর্যাদা আর শ্রেষ্ঠত্বের প্রশ্নও।
ঢাকার জাতীয় স্টেডিয়ামে ম্যাচ শুরু হবে রাত আটটায়। একদিকে নয়বারের চ্যাম্পিয়ন ভারত, অন্যদিকে প্রথমবারের মতো ফাইনালে ওঠা পাকিস্তান। দুই দলের জন্যই ম্যাচটি বিশেষ কিছু অর্জনের সুযোগ। ফাইনালের আগে রাজধানীর একটি হোটেলে গতকাল দুই দলের দুই কোচের সংবাদ সম্মেলনেও ছিল সেই আভাস। প্রতিপক্ষের প্রতি সমীহ দেখানোর পাশাপাশি নিজেদের শক্তির জায়গাগুলোও তুলে ধরেছেন তাঁরা।
ভারতের কোচ নওশাদ মুসা মনে করেন, শারীরিক শক্তিতে পাকিস্তান এগিয়ে থাকলেও গতিতে এগিয়ে তাঁর দল। তাঁর কথায়, ‘পাকিস্তানের খেলোয়াড়েরা শারীরিকভাবে শক্তিশালী, তবে আমার খেলোয়াড়েরা আরও দ্রুতগতির ও ক্ষিপ্র।’ পাকিস্তানের কোচ নলবার্তো সোলানোর দৃষ্টিতে অবশ্য ফাইনালের দুই দলই সমান, ‘ফাইনালে দুই দলের সম্ভাবনা ৫০-৫০। মাঠে কে কতটা ভালো খেলতে পারে, সেটাই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেবে।’
শিরোপা জয়ের প্রত্যয় দুই দলের অধিনায়কের কণ্ঠেও। পাকিস্তানের অধিনায়ক আবদুল্লাহ ইকবাল বলেছেন, ‘আমরা দেশের হয়ে খেলতে এসেছি। দেশের জন্য শিরোপা জিততে নিজেদের সর্বোচ্চটা দিতে আমরা প্রস্তুত।’ ভারতের অধিনায়ক চিনগ্লেনসানা সিংয়ের কথা, ‘দলের সবাই শিরোপা জিততে মুখিয়ে আছে। মাঠেই তার প্রমাণ দিতে চাই।’
ভারত কোচের কাছে এই ফাইনাল বিশেষ কিছুই। কাল প্রথম আলোকে দেওয়া এক সাক্ষাৎকারে নওশাদ মুসা বলেছেন, ‘এটা (ফাইনাল) আমাদের জন্য বিশেষ কিছু হতে চলেছে। সবাই খুব রোমাঞ্চিত। কারণ, এরাই ভারতের ভবিষ্যৎ দল। বাংলাদেশ থেকে শিরোপা নিয়ে যেতে পারলে সেটা হবে দারুণ কিছু।’
পাকিস্তানের শক্তির বড় জায়গা ইউরোপের বিভিন্ন লিগে খেলা প্রবাসী ফুটবলাররা। রক্ষণ থেকে আক্রমণ—দলের গুরুত্বপূর্ণ কয়েকটি পজিশনে রয়েছেন ইউরোপীয় ফুটবলের অভিজ্ঞ খেলোয়াড়েরা। ডেনমার্কের চতুর্থ স্তরের ক্লাব ইসহয় আইএফের গোলরক্ষক ইউসুফ বাট সামলাচ্ছেন গোলপোস্ট। সুইডেনের শীর্ষ লিগের ক্লাব মিয়ালবির হয়ে খেলেন ডিফেন্ডার আবদুল্লাহ ইকবাল। মাঝমাঠে আছেন গ্রিসের তৃতীয় স্তরের ক্লাব পানাকাইকির আদিল নবী। আক্রমণভাগে রয়েছেন ডেনমার্কের কোল্ডিং আইএফের আবদুল সামাদ ও ইংল্যান্ডের সপ্তম স্তরের ক্লাব ইলকেস্টন টাউনের মিকেল আবদুল্লাহ।
এই পাঁচ ফুটবলারের অভিজ্ঞতা ও ব্যক্তিগত দক্ষতা পাকিস্তানের বড় শক্তি। বাংলাদেশের বিপক্ষে সেমিফাইনালেও তাঁদের কয়েকজন গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন। শেষ মুহূর্তে আবদুল সামাদের গোলেই ফাইনালের টিকিট পেয়েছে পাকিস্তান।
ভারত এই টুর্নামেন্ট খেলছে দ্বিতীয় সারির দল নিয়ে। তবে তরুণ এই দলকে হালকাভাবে নেওয়ার সুযোগ নেই। ২০০৯ সালে ঢাকায় অলিম্পিক দল নিয়েই সাফ চ্যাম্পিয়ন হয়েছিল ভারত।
পরিসংখ্যান এগিয়ে রাখছে ভারতকেই। এখন পর্যন্ত দুই দল মুখোমুখি হয়েছে ২৫ বার। এর মধ্যে ভারত জিতেছে ১৬ ম্যাচে, পাকিস্তানের জয় মাত্র দুটিতে। বাকি সাত ম্যাচ ড্র। পাকিস্তানের দুটি জয়ের একটি ২০০৩ সালের সাফ চ্যাম্পিয়নশিপে, অন্যটি ২০০৫ সালের প্রীতি ম্যাচে।
ভারত–পাকিস্তান ফাইনালের ঝাঁজটা অবশ্য এই দুই দলের মধ্যেই সীমাবদ্ধ। বাংলাদেশ টুর্নামেন্ট থেকে বিদায় নেওয়ায় পর কমেছে দর্শকদের আগ্রহ। প্রভাব পড়েছে টিকিটের বাজারেও। এক হাজার টাকার টিকিট ফাইনালে বিক্রি হচ্ছে মাত্র ২০০ টাকায়! তারপরও ম্যাচটা যখন দুই চিরপ্রতিদ্বন্দ্বী দল ভারত বনাম পাকিস্তান—ফাইনালের চেয়েও বেশি কিছু হয়ে উঠতে পারে তা।