অ্যাঞ্জ-ইয়ান বনি খেলবেন আইভরিকোস্টের হয়ে
অ্যাঞ্জ-ইয়ান বনি খেলবেন আইভরিকোস্টের হয়ে

এক সপ্তাহ আগে জাতীয়তা বদলানো বনি আইভরিকোস্টের বিশ্বকাপ দলে

জন্মেছেন ফ্রান্সে, সে দেশের হয়ে খেলেছেন অনূর্ধ্ব-২১ দলেও। তবে ২০২৬ ফিফা বিশ্বকাপে অ্যাঞ্জ-ইয়ান বনি খেলবেন আইভরিকোস্টের হয়ে। আজ ২২ বছর বয়সী এই ইন্টার মিলান ফরোয়ার্ডকে নিয়ে বিশ্বকাপের চূড়ান্ত দল ঘোষণা করেছেন আইভরিকোস্ট কোচ এমার্স ফাই।

বনির জন্ম ফ্রান্সে হলেও পিতৃপুরুষের দেশ আইভরিকোস্ট। জাতীয়তা বদলের আবেদন করার পর ৮ মে ফিফা তা অনুমোদন করে।

বনির সঙ্গে আইভরিকোস্টের বিশ্বকাপ দলে ডাক পেয়েছেন ফ্রান্সে জন্ম নেওয়া এলিয়ে ওয়াহিও। ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডও ফ্রান্সের অনূর্ধ্ব-২১ দলে খেলেছেন। এ বছরের শুরুতে তিনি জাতীয়তা পরিবর্তন করেন, গত মার্চে স্কটল্যান্ডের বিপক্ষে প্রীতি ম্যাচে তাঁর আইভরিকোস্ট অভিষেকও হয়।

আগামী ৪ জুন জন্মভূমি ফ্রান্সের বিপক্ষে মাঠে দেখা যেতে পারে ওয়াহি, বনিকে। সেদিন বিশ্বকাপ-পূর্ব প্রস্তুতিতে ফরাসিদের বিপক্ষে খেলবে আইভরিকোস্ট।
এবারের বিশ্বকাপে আইভরিকোস্ট গ্রুপ ‘ই’-তে ইকুয়েডর, জার্মানি ও কুরাসাওয়ের বিপক্ষে খেলবে। ১৪ জুন প্রথম ম্যাচের প্রতিপক্ষ ইকুয়েডর।

আইভরিকোস্টের বিশ্বকাপ দল:

গোলকিপার: ইয়াহিয়া ফোপানা, মোহামেদ কোনে, আলবান লাফোঁ।
ডিফেন্ডার: ইমানুয়েল অ্যাগবাদু, ক্লেমেন্ট আকপা, উসমান দিওমান্দে, গুয়েলা দুয়ে, ঘিসলাইন কোনান, ওডিলন কসুউনু, ইভান এনডিকা, উইলফ্রিড সিঙ্গো।
মিডফিল্ডার: সেকো ফোপানা, পারফেইট গুইয়াগন, ক্রিস্ট ইনাও উলাই, ফ্রাঙ্ক কেসি, ইব্রাহিম সাঙ্গারে, জিন-মিকেল সেরি।
ফরোয়ার্ড: সাইমন আদিংরা, অ্যাঞ্জ-ইয়ান বনি, আমাদ দিয়াললো, উমর দিয়াকিতে, ইয়ান দিওমান্দে, ইভান গেসান্দ, নিকোলাস পেপে, বাজুমানা তুরে, এলি ওয়াহি।