প্রথম সেমিফাইনালে জাহাঙ্গীরনগরের মুখোমুখি হয় ফারইস্ট
প্রথম সেমিফাইনালে জাহাঙ্গীরনগরের মুখোমুখি হয় ফারইস্ট

শিরোপার চূড়ান্ত লড়াইয়ে ফারইস্ট ও গণ বিশ্ববিদ্যালয়

কার হাতে উঠবে ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের শিরোপা? আগামী রোববার ফাইনালের শেষ বাঁশিতে পাওয়া যাবে উত্তর। শিরোপার দাবিদার দলগুলোর মধ্যে বিদায় নিতে নিতে এখন টিকে আছে আর মাত্র দুটি দল ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি ও গণ বিশ্ববিদ্যালয়। আজকের দুটি সেমিফাইনালের জয়ী দল এই দুটিই। যার অর্থ শিরোপা যাচ্ছে ফারইস্ট বা গণ বিশ্ববিদ্যালয় যে কোনো এক দলের ঘরেই।

সাভারের বিরুলিয়ায় ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির মাঠে আজ দুটি সেমিফাইনালই উত্তাপ ছড়িয়েছে। প্রথম সেমিফাইনালে বাংলাদেশ প্রিমিয়ার লিগের ৯ খেলোয়াড় সমৃদ্ধ ফারইস্ট ১-০ গোলে হারিয়েছে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়কে। দ্বিতীয় সেমিতে আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের ( এআইইউবি) বিপক্ষে গণ বিশ্ববিদ্যালয়ের জয়ের ব্যবধান একটু বড়, ৩-১।

গতকাল বিকেলে শেষ কোয়ার্টার ফাইনালে শান্ত মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজিকে ৭-০ গোলে হারিয়ে শেষ চারে উঠে আসে ফারইস্ট। কয়েক ঘণ্টার ব্যবধানে তারা নেমেছে ফাইনালে ওঠার লড়াইয়ে। কিন্তু সেমিফাইনালে শক্তি প্রতিপক্ষের জালে আর গোল বন্যা বইতে দিতে পারেনি।

জাহাঙ্গীরনগর–ফারইস্ট ম্যাচে ছিল তুমুল প্রতিদ্বন্দ্বিতা

ফারইস্টের একমাত্র গোলটি এসেছে পেনাল্টিতে। আর সেই গোলটি করে দলকে স্বস্তি দিয়েছেন এরই মধ্যে জাতীয় দলে অভিষিক্ত ঢাকা মোহামেডান স্পোর্টিং ক্লাবের স্ট্রাইকার সাজ্জাদ হোসেন। আগের বিকেলে তিনি শান্ত মারিয়ামের বিপক্ষে হ্যাটট্রিক করেছিলেন, একই ম্যাচে হ্যাটট্রিক করেন ফারইস্টে তাঁরই সতীর্থ রহমতগঞ্জের ফরোয়ার্ড স্বাধীন হোসেন। আজ তাঁদের কড়া পাহারায় রেখে প্রথমার্ধটা গোলশূন্য রাখতে পেরেছে জাহাঙ্গীরনগর।

আগের তিন ম্যাচে সেরার স্বীকৃতি পাওয়া জাহাঙ্গীরনগরের মাহমুদুল হাসান কিরণ আজও নিজের সেরাটাই দিয়েছেন। কিন্তু দ্বিতীয়ার্ধের শুরুর দিকে পেনাল্টিতে গোল খেয়ে পিছিয়ে পড়ে তাঁর দল। গোল শোধের মরিয়া চেষ্টা করেও শেষ রক্ষা হয়নি জাহাঙ্গীরনগরের। শেষ পর্যন্ত গোলটা আর শোধ করতে না পেরে টুর্নামেন্ট থেকে তারা বিদায় নিয়েছে।

জাহাঙ্গীরনগর–ফারইস্ট ম্যাচে সেরার স্বীকৃতি পান মোহাম্মদ হৃদয়

ফারইস্টের হয়ে গোল না করলেও মাঝমাঠে খেলাটা সংগঠিত করেছেন জাতীয় দলের মোহাম্মদ হৃদয়। মাঝমাঠে তাঁর সঙ্গী ছিলেন আল আমিন, দুজনই বিদায়ী মৌসুমে ছিলেন ঢাকা আবাহনীতে। হৃদয় এবার বসুন্ধরা কিংসে যোগ দিয়েছেন বলে শোনা যাচ্ছে। দলের প্রয়োজনে আজ তিনি পুরো সময়ই খেলেছেন। সাজ্জাদ-স্বাধীনকে ছাপিয়ে টুর্নামেন্টে আজ প্রথমবারের মতো ম্যাচসেরার পুরস্কারও পেয়েছেন হৃদয়।

দ্বিতীয় সেমিফাইনালে কাগজ-কলমে এগিয়ে ছিল গণ বিশ্ববিদ্যালয়ই। মাঠেও সেটার প্রতিফলন রেখেছে দলটি। ২-০ গোলে এগিয়ে যখন জয়টা ভালোভাবেই দেখছিল গণ বিশ্ববিদ্যালয়, ঠিক তখন দ্বিতীয়ার্ধের মাঝামাঝি একটা গোল শোধ করে লড়াইয়ে ফেরে এআইইউবি। এরপরই এআইইউবি সহজ সুযোগ নষ্ট করেছে। ২-২ হতে হতেও হয়নি। তাদের সামনে বাধা হয়ে দাঁড়ায় পোস্টও। এআইইউবি উল্টো তৃতীয় গোলটা খেয়ে বসে। শেষ পর্যন্ত স্কোরলাইন হয়েছে ৩-১।

গণ বিশ্ববিদ্যালয়–এআইইউবি ম্যাচে চলছে বল দখলে নেওয়ার লড়াই

গণ বিশ্ববিদ্যালয়ের জার্সিতে ২ গোল করে এবং একটি গোল করিয়ে ম্যাচসেরা হয়েছেন ফয়সাল আহমেদ (শিতল)।

ম্যাচসেরাদের হাতে পুরস্কার তুলে দেন ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয়ে ফুটবল টুর্নামেন্টের টেকনিক্যাল কমিটির প্রধান, সাবেক তারকা ফুটবল আশরাফউদ্দিন আহমেদ চুন্নু।

দুটি সেমিফাইনালই দেখে উচ্ছ্বসিত আশরাফউদ্দিন বলেন, ' বিশ্ববিদ্যালয় পর্যায়েও যে এমন প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ম্যাচ হতে পারে তা না দেখলে বোঝা যাবে না। ইস্পাহানি-প্রথম আলো আন্তবিশ্ববিদ্যালয় ফুটবল টুর্নামেন্ট আমাদের দিয়েছে নতুন অভিজ্ঞতা। নতুন একটা দুয়ার খুলেছে আমাদের সামনে। আশি করি ভবিষ্যতেও এই টুর্নামেন্ট অব্যাহত থাকবে।'

৫ গোলের ম্যাচের লড়াই করে হেরেছে এআইইউবি

পুরস্কার প্রদান অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ফারইস্ট ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির উপাচার্য ড. রকীব আহমেদ, ইস্পাহানি গ্রুপের জ্যেষ্ঠ ব্যবস্থাপক প্রেমহরি বর্মণ, প্রথম আলোর হেড অব কালচারাল প্রোগ্রাম কবির বকুল এবং প্রথম আলোর ইভেন্ট অ্যান্ড অ্যাকটিভেশন বিভাগের মহাব্যবস্থাপক অরুপ কুমার ঘোষ।