ম্যারাডোনার সঙ্গে মেসি
ম্যারাডোনার সঙ্গে মেসি

বলেছেন জানেত্তি

বিশ্বকাপ না জিতলেও ম্যারাডোনার সমকক্ষ মেসি

বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার খুব কাছে এখন লিওনেল মেসি। একটি বিশ্বকাপ ঘুচিয়ে দেবে তাঁর সব অপূর্ণতা। এই বিশ্বকাপ ট্রফি অবসান ঘটাবে আর্জেন্টিনার ৩৬ বছরের অপেক্ষারও। এই শিরোপা অনেক বিতর্কেরও অবসান ঘটাবে। তবে এরপরও কি অনেকের মতে সর্বকালের সর্বসেরা ডিয়েগো ম্যারাডোনার সমকক্ষ হতে পারবেন মেসি? আর্জেন্টিনার সাবেক তারকা ফুটবলার হাভিয়ের জানেত্তি অবশ্য মনে করেন, বিশ্বকাপ না জিতলেও মেসি ম্যারাডেনার সারিতে।

২০০৬ থেকে ২০১৮ বিশ্বকাপ পর্যন্ত প্রতিবারই মেসিকে ফিরতে হয়েছে হতাশা নিয়ে। ২০১৪ বিশ্বকাপে ফাইনালে উঠেও ছোঁয়া হয়নি ট্রফি। তবে বিশ্বকাপ ট্রফি মেসির শ্রেষ্ঠত্বের নির্ধারক নয় বলে মনে করেন জানেত্তি, ‘লিও (মেসি) ম্যারাডোনার সমকক্ষ। আর ফাইনালের ফলের ওপর আমার এই বিচার বদলাবে না।’

তবে এবারের বিশ্বকাপে মেসির আর্জেন্টিনাকে দেখে আশাবাদী সাবেক ইন্টার মিলান তারকা। তিনি আরও বলেছেন, ‘তার যে নিবেদন, সেটা খুবই দৃঢ়। তারা যেদিন প্রথম কাতারে এসেছে, সেদিন থেকেই আমি সবাইকে বেশ সংগঠিত দেখছি, যাদের লক্ষ্যই ছিল ফাইনালে পৌঁছানো।’

সাবেক ইন্টার মিলান তারকা জানেত্তি

মেসির নেতৃত্বাধীন এই দলের মধ্যে আর্জেন্টিনা ও লাতিন আমেরিকান ফুটবলের যে সুর, সেটিও খুঁজে পেয়েছেন জানেত্তি, ‘আর্জেন্টিনা ফুটবলকে যেভাবে অনুভব করে, সেটা সব ম্যাচেই দেখা গেছে। দলের সদস্যদের নিবেদন এবং শরীরী ভাষা আমাদের সবাইকে গর্বিত করেছে।’

আর্জেন্টিনাকে দারুণ ছন্দে দেখলেও প্রতিপক্ষ ফ্রান্সকে একেবারে হালকাভাবে দেখতে নারাজ মেসির সাবেক এই সতীর্থ। বর্তমান চ্যাম্পিয়নদের নিয়ে নিজের সতর্কতার কথা বলতে গিয়ে জানেত্তি আরও যোগ করেছেন, ‘এটা খুবই গুরুত্বপূর্ণ ম্যাচ। আমরা বিশ্ব চ্যাম্পিয়নদের মুখোমুখি হব। বিশ্বকাপ নিয়ে আর্জেন্টাইন জনগণের স্বপ্নটা অনেক বড়। মেসি দারুণ মনোযোগী। নেতা হিসেবেও সে আরও পরিণত। আর্জেন্টিনা খুবই শক্তিশালী এবং সংগঠিত দল। তবে আমি ফ্রান্সের অনেকগুলো বিষয় নিয়ে চিন্তিত। যেমন এমবাপ্পে, গ্রিজমান, জিরু, লরিস এবং ফিট থাকলে রাবিও। তারা খুবই শক্তিশালী।’