সম্ভাব্য শেষ বিশ্বকাপের ঘোষণা দিয়ে কাতারে এসেছেন লিওনেল মেসি। এবার, নয়তো কখনোই নয়। ক্যারিয়ারের শেষবেলায় এসে প্রথমবার বিশ্বকাপ ট্রফি ছোঁয়ার উপলক্ষ পেলে মেসি হয়তো কেঁদেই দেবেন।
তবে বিশ্বকাপ জিতে নয়, হেরে চোখের জলে বিশ্বকাপ থেকে বিদায় নিচ্ছেন মেসি—এমন দৃশ্য দেখতে চান ব্রাজিলের সাবেক ফুটবলার ফ্রেদ।
২০১৪ বিশ্বকাপ খেলা এই স্ট্রাইকার এখন ব্রাজিলের গ্লোবো টিভিতে ধারাভাষ্যকার হিসেবে কাজ করছেন। এমন নয় যে কোয়ার্টার ফাইনালেই মেসির বিদায় দেখতে চান তিনি।
৩৯ বছর বয়সী ফ্রেদের চাওয়া, নেদারল্যান্ডসকে হারিয়ে সেমিফাইনালে উঠুক আর্জেন্টিনা। ক্রোয়েশিয়াকে হারিয়ে শেষ চারে উঠে যাক ব্রাজিলও। তখন ১৩ ডিসেম্বর দুই দলের দেখা হবে সেমিফাইনালে।
ফ্রেদের ইচ্ছা, মেসিকে কাঁদিয়ে আর্জেন্টিনাকে হারিয়েই ফাইনালে উঠুক ব্রাজিল। ইএসপিএন ব্রাজিলের খবরে বলা হয়, ফ্রেদ বলেছেন, ‘আমি চাই ব্রাজিল-আর্জেন্টিনা সেমিফাইনাল হোক। চাই ম্যাচে হইহল্লা হোক, হাঙ্গামা হোক। নেইমার দারুণ কিছু করুক, মেসি কাঁদুক।’
বিশ্বকাপে ব্রাজিল-আর্জেন্টিনা সর্বশেষ মুখোমুখি হয়েছিল ১৯৯০ বিশ্বকাপে। দ্বিতীয় রাউন্ডের সেই ম্যাচে ক্লদিও কানিজিয়ার গোলে ১-০ ব্যবধানে জিতেছিল আর্জেন্টিনা।
আন্তর্জাতিক ফুটবলে দুই দলের সর্বশেষ লড়াই ছিল গত বছরের নভেম্বরে। বিশ্বকাপ বাছাইয়ের ম্যাচটি শেষ গোলশূন্য সমতায়। একই বছরের কোপা আমেরিকা ফাইনালে ব্রাজিলকে ১-০ গোলে হারায় আর্জেন্টিনা। সেটিই ছিল আর্জেন্টিনার সিনিয়র দলের হয়ে মেসির প্রথম আন্তর্জাতিক শিরোপা।
কাতারে এবার সবচেয়ে বড় শিরোপাটি জয়ের লক্ষ্য মেসির; ফ্রেদ যেখানে বিদায় দেখতে চান আগেভাগেই, তা-ও কান্নায়।