পেশির চোট থেকে বেশ দ্রুতই সেরে উঠছেন লিওনেল মেসি। বিশ্বকাপের আগে আর্জেন্টিনার প্রস্তুতি ম্যাচগুলোয় তাঁকে দেখা যেতে পারে বলে জানিয়েছেন দলটির কোচ লিওনেল স্কালোনি।
১০ দিন আগে মেজর লিগ সকারে (এমএলস) ফিলাডেলফিয়া ইউনিয়নের বিপক্ষে ইন্টার মায়ামির ৬-৪ ব্যবধানে জয়ের ম্যাচে পেশিতে চোট পান মেসি। বিশ্বকাপের ঠিক আগমুহূর্তে তাঁর এই চোট আর্জেন্টিনার শিবিরে বেশ উদ্বেগ তৈরি করেছিল। তবে সেই শঙ্কা এখন কেটে যাচ্ছে।
আর্জেন্টিনা বিশ্বকাপের আগে দুটি প্রস্তুতি ম্যাচ খেলবে। আগামীকাল বাংলাদেশ সময় সকাল ছয়টায় প্রীতি ম্যাচে হন্ডুরাস ও বুধবার সকাল সাড়ে ছয়টায় আইসল্যান্ডের মুখোমুখি হবে আর্জেন্টিনা। দুটিই বিশ্বকাপের প্রস্তুতিমূলক ম্যাচ। তার আগে সংবাদ সম্মেলনে মেসিকে নিয়ে স্কালোনি বলেন, ‘লিও (মেসি) ভালো আছে। সে ইতিমধ্যেই দলের সঙ্গে অনুশীলন সেশনে অংশ নিয়েছে, যা আমাদের জন্য বেশ ইতিবাচক। সে এখন আর আলাদাভাবে অনুশীলন করছে না।’
মেসির ফেরার ব্যাপারে আশাবাদী এই কোচ যোগ করেন, ‘ওর চোটের অনেক উন্নতি হয়েছে এবং প্রস্তুতি ম্যাচগুলোর একটিতে লিও অল্প সময়ের জন্য মাঠেও নামতে পারে। সেটা এই ম্যাচে নাকি পরের ম্যাচে হবে, তা আমরা দেখব। তবে ও এখন অনেক ভালো আছে এবং এটি আমাদের স্বস্তি দিচ্ছে।’
বিশ্বকাপ দলে থাকা নিয়ে মেসির সঙ্গে আলাপ হয়েছে স্কালোনির। তা নিয়ে ২০২২ বিশ্বকাপজয়ী এ কোচ বলেন, ‘আমি ওকে একটা বার্তা পাঠিয়েছিলাম। জবাবে ও আমাকে বলেছিল, চূড়ান্ত দল ঘোষণার তালিকার জন্য সে অপেক্ষা করবে যে সেখানে ওর নাম আছে কি না! তখন আমি ওকে বললাম, “তুমি দলে আছ।” এভাবেই দল নিয়ে ওর সঙ্গে আমার কথা হয়েছে।’
যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডার যৌথ আয়োজনে ১১ জুন থেকে শুরু হতে যাচ্ছে ২০২৬ বিশ্বকাপ, যা চলবে ১৯ জুলাই পর্যন্ত। ১৬ জুন গ্রুপ পর্বে আলজেরিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে নিজেদের শিরোপা ধরে রাখার মিশন শুরু করবে আর্জেন্টিনা। গ্রুপ ‘জে’–তে তাদের অন্য দুই প্রতিপক্ষ অস্ট্রিয়া ও জর্ডান।