চলতি মাসে প্রীতি ম্যাচে মৌরিতানিয়া ও জাম্বিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। গতকাল এ খবর জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ)।
বুয়েনস এইরেসে ৩১ মার্চ প্রীতি ম্যাচে গুয়াতেমালার মুখোমুখি হওয়ার কথা ছিল লিওনেল স্কালোনির দলের। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, ইতালিতে ২৭ মার্চ আলজেরিয়ার বিপক্ষে গুয়াতেমালার প্রীতি ম্যাচ আছে। সে জন্য আর্জেন্টিনা–গুয়াতেমালা ম্যাচটি ফিফার অনুমোদন পায়নি। ম্যাচটি তাই বাতিল করা হয়। আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিওয়াইসি স্পোর্টস জানিয়েছে, একই ফিফা আন্তর্জাতিক বিরতিতে দুটি আলাদা মহাদেশে খেলার নিয়ম না থাকায় গুয়াতেমালার বিপক্ষে ম্যাচটি ফিফার অনুমোদন পায়নি।
২৭ মার্চ বুয়েনস এইরেসে বোকা জুনিয়র্সের মাঠ লা বোমবোনেরা স্টেডিয়ামে মৌরিতানিয়ার মুখোমুখি হবে আর্জেন্টিনা। ৩১ মার্চ একই ভেন্যুতে দ্বিতীয় প্রীতি ম্যাচে তাদের প্রতিপক্ষ জাম্বিয়া। এএফএর বিবৃতিতে বলা হয়, ‘বিশ্বকাপ শিরোপা ধরে রাখতে দেশ ছাড়ার আগে সমর্থকদের বিদায় জানাতে মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে জাতীয় দল।’ আলাদা এক বিবৃতিতে এএফএ জানায়, দ্বিতীয় প্রীতি ম্যাচে জাম্বিয়ার মুখোমুখি হব আর্জেন্টিনা।
এর আগে ২৭ মার্চ ফিনালিসিমা ম্যাচে স্পেনের মুখোমুখি হওয়ার কথা ছিল স্কালোনির দলের। কিন্তু মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে ম্যাচটি বাতিল করে উয়েফা। মরক্কোয় ফিলিস্তিনের বিপক্ষেও প্রীতি ম্যাচ ছিল মৌরিতানিয়ার। কিন্তু সেই ম্যাচও মধ্যপ্রাচ্যে যুদ্ধের কারণে বাতিল হয়।
আফ্রিকান প্রতিপক্ষের বিপক্ষে এটা হবে আর্জেন্টিনার টানা তৃতীয় ম্যাচ। এর আগে গত নভেম্বরে অ্যাঙ্গোলার বিপক্ষে প্রীতি ম্যাচে ২–০ গোলের জয় পায় আর্জেন্টিনা। ফিফা র্যাঙ্কিংয়ে মৌরিতানিয়া ১১৫তম, জাম্বিয়া ৯১তম।