ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা
ম্যানচেস্টার সিটি কোচ পেপ গার্দিওলা

বৃত্তপূরণের অপেক্ষায় থাকা গার্দিওলা বললেন, ‘আমরা এটা জিততে চাই’

গত মৌসুমেই ম্যানচেস্টার সিটিকে চ্যাম্পিয়নস লিগ জেতানোর ‘স্বপ্নপূরণ’ করেছেন পেপ গার্দিওলা। শুধু চ্যাম্পিয়নস লিগই অবশ্য নয়, গত মৌসুমে ট্রেবল জয়ে দুর্দান্ত এক কীর্তিও গড়েছে ইতিহাদের ক্লাবটি। এবার গার্দিওলার সামনে সুযোগ সিটির হয়ে বৃত্তপূরণের। সিটির হয়ে একটি ছাড়া সম্ভাব্য সব শিরোপা জিতেছেন গার্দিওলা। বাকি থাকা সেই একটি শিরোপা হচ্ছে ক্লাব বিশ্বকাপ শিরোপা। গার্দিওলা নিজে অবশ্য বার্সেলোনার হয়ে দুবার এবং বায়ার্ন মিউনিখের হয়ে একবার এই ট্রফি জিতেছিলেন। এবার সুযোগ সিটির হয়েও শিরোপাটি জেতার।

এই ট্রফিটি নিজেদের করতে হলে সিটিকে পার করতে হবে দুটি ম্যাচের বাধা। যার প্রথমটিতে সৌদি আরবের কিং আবদুল্লাহ স্পোর্টস সিটি স্টেডিয়ামে আজ রাতে সেমিফাইনালে সিটি মুখোমুখি হবে জাপানের ক্লাব উরাওয়া রেড ডায়মন্ডসের। এই ম্যাচ জিতলে শুক্রবারের ফাইনালে সিটি মুখোমুখি হবে ব্রাজিলের ফ্লুমিনেন্সের। প্রথম সেমিফাইনালে ফ্লুমিনেন্স ২-০ গোলে হারিয়েছে মিসরীয় ক্লাব আল আহলিকে।

শক্তি-সামর্থ্যে সিটির ধারেকাছেও নেই জাপানের উরাওয়া। আজ রাতেও সহজ জয়ের লক্ষ্যে মাঠে নামবে ইউরোপিয়ান চ্যাম্পিয়নরা। তবে নিরঙ্কুশ ফেবারিট হলেও অপরিচিত প্রতিপক্ষকে হালকাভাবে নিলে বিপদ ঘটতে পারে সিটির। ম্যাচের আগে মাঠের লড়াইয়ের চেয়ে টানা ম্যাচ খেলার ক্লান্তি নিয়েই বেশি উদ্বেগ প্রকাশ করেছেন গার্দিওলা। তবে এই প্রতিযোগিতায় খেলতে পেরে নিজের আনন্দের কথাও বলেছেন এ স্প্যানিশ কোচ।

জেদ্দায় ম্যাচপূর্ব সংবাদ সম্মেলনে গার্দিওলা বলেছেন, ‘আমরা এটা জিততে চাই। এ ট্রফিটি আমাদের নেই। ছোট বৃত্তপূরণ করার এবং সম্ভাব্য সবকিছু জেতার এটা একটা সুযোগ। হয়তো আমরা এই সুযোগ আর পাব না। প্রিমিয়ার লিগে আমাদের প্রতি তিন দিন অন্তর ম্যাচ থাকে, এটা কঠিন। খেলোয়াড়রা বিষয়টা জানে এবং আমরা চেষ্টা করব ভালো করার।’

গত মৌসুমে প্রথমবারের মতো চ্যাম্পিয়নস লিগ জেতা ম্যানচেস্টার সিটি

সুযোগ কাজে লাগাতে মুখিয়ে থাকা গার্দিওলা আরও বলেছেন, ‘ম্যানচেস্টার সিটি প্রথমবারের মতো এখানে এসেছে। এখানে আসতে পারা আমার জন্য আনন্দের। আমরা এটাকে বিশেষ কিছু হিসেবেই দেখছি। এখানে আসতে পারাটা সম্মানের। এখানে বসতে পারা এবং কালকে খেলতে পারা এটা বোঝায় যে আমরা অতীতে দারুণ কিছু করেছি। আমাদের এই সুযোগ কাজে লাগানো উচিত এবং যোগ্য হিসেবেই ফাইনালে যাওয়া উচিত।’

এর মধ্যে সম্প্রতি প্রতিযোগিতার ফরম্যাট বদলের বিষয়টি নিশ্চিত করেছে ফিফা। ২০২৫ সাল থেকে প্রতিযোগিতাটি মূলত ৩২ দলের মধ্যে অনুষ্ঠিত হবে। যুক্তরাষ্ট্রে ১৫ জুন থেকে ১৩ জুলাইয়ের মধ্যে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হবে। নতুন আঙ্গিকে খেলা নিয়ে গার্দিওলা বলেছেন, ‘আমি নতুন প্রতিযোগিতার বিপক্ষে নই। আমি বছরের পর বছর ধরে নিজেদের প্রস্তুত করার জন্য কম সময় পাওয়ার বিপক্ষে। এটা নিয়েই আমি অভিযোগ করে আসছি।’