ছবি
ছবি

চ্যাম্পিয়নস লিগ: শেষ ষোলোর আগে কোন দল কোথায় দাঁড়িয়ে

চ্যাম্পিয়নস লিগে প্রথম পর্বের রোমাঞ্চ শেষে এবার নকআউটের লড়াই। শেষ ষোলোর প্রথম লেগের লড়াইয়ে নামছে দলগুলো। আজ রাতে লিভারপুল ও বার্সেলোনা খেলবে প্রতিপক্ষের মাঠে। মাঠের লড়াই শুরুর আগে চলুন দেখে নেওয়া যাক দলগুলোর মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যান ও ইতিহাস।

গালাতাসারাই-লিভারপুল

  • ২০১৩-১৪ মৌসুমের পর এই প্রথম শেষ ১৬-তে জায়গা করে নিয়েছে তুরস্কের ক্লাব গালাতাসারাই। অন্যদিকে সর্বশেষ ৯ মৌসুমের মধ্যে ৮ বারই এই পর্বে উঠেছে লিভারপুল। তবে সর্বশেষ দুই আসরে এই ধাপ থেকেই বিদায় নিতে হয়েছিল অলরেডদের।

  • ঘরের মাঠে ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে গালাতাসারাইয়ের রেকর্ড বেশ ঈর্ষণীয়। সর্বশেষ ৯ ম্যাচের মাত্র একটিতে হেরেছে তারা। এমনকি লিভারপুলও তুরস্কে গিয়ে কখনো তাদের হারাতে পারেনি (২ হার, ১ ড্র)।

  • চ্যাম্পিয়নস লিগের শেষ ষোলোর অ্যাওয়ে লেগের ১২টি ম্যাচের ৯টিতেই জিতেছে লিভারপুল।

  • চ্যাম্পিয়নস লিগে নিজের প্রথম ২৫ ম্যাচে ১৬ গোল করেছেন গালাতাসারাইয়ের ভিক্টর ওসিমেন। আফ্রিকান খেলোয়াড়দের মধ্যে এই পর্যায়ে তাঁর চেয়ে বেশি গোল (১৮টি) আছে শুধু সেরহু গিরাসির।

আতালান্তা-বায়ার্ন মিউনিখ

  • জার্মান ক্লাবগুলোর বিপক্ষে আতালান্তার সাম্প্রতিক রেকর্ড দুর্দান্ত। সর্বশেষ ৫ ম্যাচের ৪টিতেই জিতেছে ইতালিয়ান এই ক্লাব। এমনকি ডর্টমুন্ডের কাছে প্রথম লেগে ২-০ তে পিছিয়ে থেকেও পরের লেগে ৪-৩ ব্যবধানে জিতে তারা চমক দেখিয়েছিল।

  • বায়ার্ন মিউনিখ আবার ইতালিয়ান ক্লাবগুলোর বিপক্ষে বেশ সফল। সর্বশেষ ১৬ ম্যাচের ১১টিতেই জিতেছে তারা। চ্যাম্পিয়নস লিগের শেষ ১৬-তে বায়ার্ন দুর্দান্ত; সর্বশেষ ১৪ বারের ১৩ বারই তারা কোয়ার্টার ফাইনালে উঠেছে।

  • চ্যাম্পিয়নস লিগে বায়ার্নের হয়ে শেষ ৩টি নকআউট ম্যাচে ৫ গোল করেছেন ইংলিশ স্ট্রাইকার হ্যারি কেইন। আর মাত্র ২ গোল করলেই প্রথম ইংলিশ খেলোয়াড় হিসেবে চ্যাম্পিয়নস লিগে গোলের হাফ সেঞ্চুরি (৫০ গোল) করবেন তিনি।

নিউক্যাসল-বার্সেলোনা

  • গ্রুপ পর্বে নিউক্যাসলের মাঠ সেন্ট জেমস পার্কে ২-১ ব্যবধানে জিতেছিল বার্সা। সেটি ছিল ইংলিশ ক্লাবটির বিপক্ষে কাতালানদের টানা চতুর্থ জয়।

  • পরিসংখ্যান বলছে, ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে নকআউট পর্বে বার্সেলোনা বেশ সফল। সর্বশেষ ১৫টি দ্বৈরথের ১০টিতেই তারা পরের পর্বে উঠেছে।

  • নিউক্যাসলের স্বস্তি হতে পারে তাদের ঘরের মাঠের রেকর্ড। স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে নিজেদের মাঠে খেলা ৮ ম্যাচের ৫টিতেই জিতেছে তারা।

  • চ্যাম্পিয়নস লিগে আজ ৩০তম ম্যাচ খেলবেন বার্সেলোনার লামিনে ইয়ামাল। ওয়ারেন জাইর এমেরিকে ছাড়িয়ে ১৮ বছর ২৪০ দিন বয়সে এই মাইলফলক ছোঁয়া সর্বকনিষ্ঠ ফুটবলার হবেন ইয়ামাল।

আতলেতিকো মাদ্রিদ-টটেনহাম

  • ইংলিশ ক্লাবগুলোর বিপক্ষে নকআউট লড়াইয়ে দিয়েগো সিমিওনের আতলেতিকো বেশ সফল। সর্বশেষ ১৪টি দ্বৈরথের ১০টিতেই জিতেছে তারা। তবে টটেনহামের ইতিহাস স্প্যানিশ ক্লাবগুলোর বিপক্ষে সুখকর নয়; এর আগে চারবার স্প্যানিশ প্রতিপক্ষ পেয়ে প্রতিবারই তারা ছিটকে গেছে।

  • টটেনহাম সর্বশেষ ৫টি ম্যাচে প্রথম গোলটি নিজেরা করেছে এবং সর্বশেষ ৬ ম্যাচের ৫টিতেই কোনো গোল হজম করেনি।