অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল
অনুশীলনে বাংলাদেশ ফুটবল দল

বাংলাদেশ–সিঙ্গাপুর: ১–০ গোলে পিছিয়ে বিরতিতে জামালরা

বাংলাদেশ ০ : ১ সিঙ্গাপুর

ম্যাচের শুরুটা ভালো করলেও প্রথমার্ধ শেষে পিছিয়ে থেকে মাঠ ছেড়েছে বাংলাদেশ। জামাল ভূঁইয়ারা শুরুর পনের মিনিটে বলের দখলে এগিয়ে ছিলেন, সিঙ্গাপুর রক্ষণে চাপও তৈরি করেছেন। তবে প্রথমার্ধের শেষ পনের মিনিটে ম্যাচের নিয়ন্ত্রণ নিয়েছে সিঙ্গাপুর। একটি গোল তো করেছেই, একটি শট ক্রসবারে না আটকালে ব্যবধান হতে পারত আরও বড়।

এবার সিঙ্গাপুরের শট ক্রসবারে

বাংলাদেশ ০ : ১ সিঙ্গাপুর

কুলিং ব্রেকের পর রীতিমতো ‘জেগে উঠেছে’ সিঙ্গাপুর। ৩৫ মিনিটে এগিয়ে যাওয়ার দুই মিনিট পর ব্যবধান দ্বিগুণের সম্ভাবনাও তৈরি করেছে দলটি। ডান দিক থেকে নেওয়া শট ক্রসবারে লেগে প্রতিহত হয়েছে। ম্যাচের নিয়ন্ত্রণে সিঙ্গাপুর।

এগিয়ে গেল সিঙ্গাপুর

বাংলাদেশ ০ : ১ সিঙ্গাপুর

৩৫তম মিনিটে গোল পেয়ে গেল সিঙ্গাপুর। ডান দিক থেকে আসা ক্রসে হেড নিয়ে বল জালে জড়ালেন রায়ান স্টুয়ার্ট।

সেভ!

৩৩তম মিনিটে গোল হজম থেকে বাঁচল বাংলাদেশ। বক্সের সামান্য বাইরে ডান দিকে ফ্রি কিক পেয়েছিল সিঙ্গাপুর। বিপজ্জনক জায়গা থেকে নেওয়া সেই ফ্রি কিক শট দুর্দান্ত ব্লকে প্রতিহত করেছেন বাংলাদেশ গোলকিপার মেহেদী হাসান। তবে পুরোপুির বিপদমুক্ত হয়নি। তারিক কাজী করেছেন সেটা।

কুলিং ব্রেকে সমতা

বাংলাদেশ ০ : ০ সিঙ্গাপুর

৩০তম মিনিটে দেওয়া হলো কুলিং ব্রেক। এখনও কোনো দল গোল করতে পারেনি। প্রথম পনের মিনিটে বল দখলে ও চাপ তৈরিতে এগিয়ে ছিল বাংলাদেশ। তবে পরের মিনিটে সেটা কিছুটা হলেও কমেছে। সিঙ্গাপুরও চেষ্টা করেছে বল পেলে নিজেদের নিয়ন্ত্রণে রাখার।

সিঙ্গাপুরের টানা দুই কর্নার

বাংলাদেশ ০ : ০ সিঙ্গাপুর

১৬তম মিনিটে প্রথম ভালো একটি আক্রমণ করেছে সিঙ্গাপুর। বাঁ দিকে ঝাঁপিয়ে ইলহান ফান্দির শট ঠেকিয়েছেন গোলকিপার মেহেদী হাসান। এই আক্রমণ থেকে ম্যাচের প্রথম কর্নার পেয়েছে সিঙ্গাপুর। বাংলাদেশের রক্ষণে ক্লিয়ার হয়েও হয়নি। কর্নার হয়েছে আরও একটি। দ্বিতীয়টি অবশ্য সরাসরি মেহেদীর হাতেই জমা পড়েছে।

প্রথম ১৫ মিনিটে উজ্জীবিত বাংলাদেশ

বাংলাদেশ ০ : ০ সিঙ্গাপুর

কোনো গোল হয়নি। তবে ম্যাচের প্রথম ১৫ মিনিটে বাংলাদেশই আক্রমণে বেশি উঠেছে। ১৫তম মিনিটেই যেমন বেশ কিছুটা পথ বল পায়ে এগিয়ে পেনাল্টি বক্সে ঢুকেছেন রাকিব। তবে বক্সের সামনে বাড়ানো নেওয়ার কেউই ছিল না।

শমিতের হলুদ কার্ড

বাংলাদেশ ০ : ০ সিঙ্গাপুর

ম্যাচের ষষ্ঠ মিনিটেই হলুদ কার্ড দেখলেন শমিত সোম। সিঙ্গাপুরের জুলকিফলিকে আটকাতে পেছন থেকে জার্সি ধরে টেনে ধরেছিলেন। রেফারি কার্ড দেখাতে সময় নেননি।

বাংলাদেশ অবশ্য বারবার আক্রমণে ওঠার চেষ্টা করে যাচ্ছে।

শুরুতেই কর্নার!

বাংলাদেশ ০ : ০ সিঙ্গাপুর

দ্বিতীয় মিনিটেই কর্নার পেয়েছে বাংলাদেশ। কিক নিয়েছেন জামাল। তাঁর বাড়ানো বল বক্সের ভেতরেই ছিল, তবে বাংলাদেশের কেউ পাননি।

মাঠে দুই দল

কিক অফ বাঁশি বাজবে বেলা তিনটায়। দুই দল এরই মধ্যে মাঠে নেমেছে। স্টেডিয়ামে বাজছে জাতীয় সংগীত। প্রথমে সিঙ্গাপুরের, এরপর বাংলাদেশের।

সিঙ্গাপুরের বিপক্ষে বাংলাদেশের অতীত কী বলে

বাংলাদেশ ও সিঙ্গাপুর এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে পাঁচবার। তিনবারই জিতেছে সিঙ্গাপুর, দুবার ড্র।

দুই দলের সর্বশেষ দেখা গত মার্চে এএফসি এশিয়ান কাপের বাছাইয়ে। সিঙ্গাপুরে হওয়া ম্যাচটিতে স্বাগতিকেরা জিতেছিল ১–০ ব্যবধানে। তার আগে গত বছরের জুনে ঢাকায় তারা বাংলাদেশকে হারিয়েছিল ২–১ গোলে।

ফিফা র‍্যাঙ্কিং বাংলাদেশ এখন ১৮২তম, সিঙ্গাপুর ১৪৮তম।

একাদশে ফিরলেন জামাল 

আগের ম্যাচের একাদশ থেকে চারটি পরিবর্তন এনেছেন কোচ টমাস ডুলি। মালয়েশিয়ার বিপক্ষে এক মিনিটও খেলার সুযোগ না পাওয়া জামাল ভূঁইয়া আজ মাঠে নামছেন শুরুতেই।

জামাল ছাড়াও একাদশে ফিরেছেন শেখ মোরছালিন, সুকি ইতোফুসা ও জিদান ইউসুফ। তাদের জায়গা করে দিতে একাদশে জায়গা হারিয়েছেন সোহেল রানা, ফারহান আলী, শাকিল আহাদ তপু ও ফাহামিদুল ইসলাম।

মেহেদী হাসান (গোলকিপার), সাদ উদ্দিন, জিদান ইউসুফ, জায়ান আহমেদ, তারিক কাজী, হামজা চৌধুরী, শমিত সোম, জামাল ভূঁইয়া, রাকিব হোসেন, সুকি ইতোফুসা ও শেখ মোরছালিন। 

বাংলাদেশ–সিঙ্গাপুর ম্যাচের লাইভ ব্লগে স্বাগত

ফিফা আসিয়ান কাপের ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি বাংলাদেশ। জাকার্তায় চলা ম্যাচটির তাৎক্ষণিক ঘটনাপ্রবাহ জানতে পারবেন এই লাইভ ব্লগে।

এটি আসিয়ান কাপে বাংলাদেশের দ্বিতীয় ম্যাচে। প্রথম ম্যাচে টমাস ডুলির দল মালয়েশিয়ার কাছে হেরেছিল ৩–০ গোলে।