হারের পর হতাশ হামজা
হারের পর হতাশ হামজা

হৃদয় ভাঙল বাংলাদেশের, এত ভালো দল নিয়েও খেলা হলো না ফাইনাল

প্রথম ৪৫ মিনিটের খেলা দেখে প্রেসবক্সে এক সাংবাদিক বললেন, ‘ভাবলাম, বাংলাদেশ সহজে জিতবে, এখন তো ভয় লাগছে!’ তাঁর এই শঙ্কা ততক্ষণে ছড়িয়ে পড়েছে ঢাকার জাতীয় স্টেডিয়ামের কানায় কানায় পূর্ণ গ্যালারিতেও।

শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে গ্রুপসেরা হয়ে যেভাবে সেমিফাইনালে নাম লিখিয়েছিল বাংলাদেশ, তাতে সহজ জয়ে ফাইনালে ওঠার একটা সুপ্ত প্রত্যাশা মনে নিয়ে অনেকেই এসেছিলেন মাঠে। কিন্তু গতকাল রাত সাড়ে ৮টায় মাঠে ম্যাচ গড়াতেই সেই ধারণায় পানি ঢেলে দেয় পাকিস্তান। সাফ ফুটবলের ফাইনালে ওঠার লড়াইয়ে তারা বেশ কঠিন প্রতিরোধই গড়ে তোলে শুরু থেকে। স্টেডিয়ামের গ্যালারি কখনো মেতেছে গোল পাওয়ার আশায়, আবার কখনো প্রতিপক্ষের আক্রমণে হৃৎকম্পনে কেঁপেছে।

শেষ পর্যন্ত সমর্থকদের হতাশায় ডুবিয়ে ৮৬ মিনিটে মিডফিল্ডার আবদুল সামাদ শাজাদ বক্সের ভেতর থেকে বাঁ পায়ে গড়ানো শটের গোলে বাংলাদেশের হৃদয় ভেঙে দেন। এতক্ষণ দুর্ভেদ্য থাকা গোলকিপার শ্রাবণ এই প্রথম পরাস্ত হলেন। গোল খেয়ে তাঁর কোমরে হাত, অন্যরা হারের আভাসে বিষণ্ন। শেষ কয়টা মিনিট চেষ্টা করেছে বাংলাদেশ, কিন্তু পাকিস্তান দল রাতটাকে স্মরণীয় করে রাখতে দাঁতে দাঁত চেপে লড়াই চালিয়ে গেছে। যে লড়াই সাফের ৩৩ বছরের ইতিহাসে এই প্রথম তাদের তুলে দিয়েছে ‘দক্ষিণ এশিয়ার বিশ্বকাপের’ ফাইনালে।

গোলের পর হতাশা

আর বাংলাদেশ? আবারও আশাভঙ্গের বেদনা, আবারও ব্যর্থতা। ২১ বছর আগে যে পাকিস্তানকে তাদেরই মাঠ করাচিতে হারিয়ে সাফের সর্বশেষ ফাইনালে উঠেছিল বাংলাদেশ, সেই পাকিস্তানকে ঘরের মাঠে হারানোর সামর্থ্য দেখাতে পারেনি হামজা-শমিত, জায়ান-শুকি-ফারহানদের বাংলাদেশ। শ্রীলঙ্কাকে ৪-০ গোলে উড়িয়ে যেন হাওয়ায় ওড়া দলটাকে মাটিতে নামিয়ে এনেছে নতুন শক্তির পাকিস্তান।

শেষ কয় মিনিট খেলাটা আর ঠিকমতো দেখাও গেল না প্রেসবক্স থেকে। মাঠে স্মোক ফ্লেয়ার ছুড়ে মেরেছেন বাংলাদেশের বিক্ষুদ্ধ সমর্থকেরা। পাকিস্তানের গোলকিপার দাঁড়াতে পারছিলেন না পোস্টের নিচে। চোখের সামনে সব স্বপ্ন এভাবে ধূলিসাৎ হতে দেখে অতি উৎসাহী সমর্থকেরা একটু বাড়াবাড়িই করে ফেলেছেন। এখানেই শেষ হলেও কথা ছিল, শেষ মুহূর্তে দুই দলের খেলোয়াড়দের মধ্যেও তুমুল উত্তেজনা, হাতাহাতি। সবই পরে থেমেছে, পাকিস্তানের অপক্ষারও অবসান হয়েছে। বাংলাদেশকে বাস্তবতা মেনে মাথা নিচু করে ছাড়তে হয়েছে মাঠ।

শেষ বাঁশি বাজার পর বাংলাদেশের ফুটবলারদের অনেকে হতাশায় মাঠে শুয়ে পড়েন। ইতিহাসে প্রথমবার একাদশে সর্বোচ্চ আট প্রবাসী বোঝাই করে মাঠে নামা, ম্যাচের ৫৬ মিনিট পর্যন্ত বল পজেশনে বাংলাদেশই এগিয়ে, তরপরও অবিশ্বাস্য হার! তবে সত্যি কথা বলতে, পাকিস্তান ফাঁকতালে জেতেনি। জেতার জন্য যেমন খেলা দরকার, তেমনই খেলেছে। প্রতি–আক্রমণের কৌশল বাস্তবায়ন করেছে দলটা।

এই সেমিফাইনালের জন্যই পাকিস্তান স্কোয়াডে যুক্ত করে ইউরোপের বিভিন্ন ক্লাবে খেলা পাঁচ প্রবাসী ফুটবলারকে। যার নেতৃত্বে থেকে সুইডেনের শীর্ষ লিগের ক্লাব মিয়ালবির ডিফেন্ডার আবদুল্লাহ ইকবাল রক্ষণে দুর্ভেদ্য প্রাচীর গড়ে তোলেন। দীর্ঘদেহী পাঁচ ডিফেন্ডারকে টলিয়ে গোল করাটা প্রথমার্ধে বেশ কঠিন হয়ে দাঁড়িয়েছিল রাকিব-শুকিদের জন্য। পাকিস্তান দলে প্রবাসীদের মধ্যে সবচেয়ে পরিচিত নাম গোলরক্ষক ইউসুফ বাট। খেলছেন ডেনমার্কের চতুর্থ স্তরের ক্লাব ইসহয় আইএফে। তাঁদের সম্মিলিত চেষ্টায় পাকিস্তান পরিচ্ছন্ন রক্ষণ করে হেসেছে শেষ হাসিটা।

হামজার হতাশা

পাকিস্তানের ফুটবলাররা শারীরিকভাবে শক্তসামর্থ্য ও লম্বা। এর পাল্টা জবাব বা ‘প্ল্যান বি’ ছিল না বাংলাদেশের। বল দখলের লড়াই বা শারীরিক সংঘর্ষে পাকিস্তান এক ইঞ্চি ছাড় দেয়নি। বরং অনেক সময়ই জিতেছে। নিজেদের সীমনায় তারা বাংলাদেশকে কোনো ফ্রি–কিকও দেয়নি। পেরুর কোচ সালানো তাদকো সফল, টমাস ডুলি ব্যর্থ।

ডুলি বাংলাদেশ একাদশে দুটি পরিবর্তন এনেছিলেন। চোট পাওয়া রাইট ব্যাক সাদ উদ্দিনের জায়গায় নামেন রহমত মিয়া। মাঝমাঠ থেকে শমিত প্রচুর বল ছেড়েছেন বাঁ দিকের উইংয়ে খেলা ফারহান আলী ওয়াহিদকে, কিন্তু পাকিস্তানের রক্ষণের কড়া মার্কিংয়ে ফাঁকা জায়গা তৈরি করতে পেরেছেন কমই।

ও হ্যাঁ, দুই দলের দুটি শট লাগে সাইড পোস্টে। কিন্তু শেষ হাসিটা পাকিস্তানের, বাংলাদেশের জন্য ছিল না রাতটা। এই রাত শুধুই পাকিস্তানের!