পাকিস্তানের কাছে হারের পর সুকিকে সান্তনা দিচ্ছেন হামজা
পাকিস্তানের কাছে হারের পর সুকিকে সান্তনা দিচ্ছেন হামজা

সাফ ফুটবল

সাফ আয়োজনে তৃপ্তি, মাঠের খেলায় বাংলাদেশের প্রাপ্তি কী

পাকিস্তানের বিপক্ষে সেমিফাইনালে ৮৬ মিনিটে গোল খেয়ে হারের পর শূন্য দৃষ্টিতে আকাশের দিকে তাকিয়ে ছিলেন হামজা চৌধুরী। তাঁর উদাস চাহনিতেই যেন ফুটে উঠেছিল গোটা বাংলাদেশের হাহাকার। হাঁটু গেড়ে বসে পড়েন সতীর্থরা।

জামাল ভূঁইয়ার চোখেমুখে তখন স্পষ্ট ক্ষোভ। ম্যাচের ৯০ মিনিট পেরিয়ে যোগ করা সময়ে তাঁকে মাঠে নামানোর চাপা অসন্তোষ আর দলের ভেতরের মতবিরোধ যেন আর আড়াল থাকল না। জামাল পরে খোলামেলাই সাংবাদিকদের বলেছেন, খেলোয়াড়দের পাশাপাশি টিম ম্যানেজমেন্টকেও আরও শিখতে হবে। পাকিস্তান ম্যাচের হারের জন্য কোচ টমাস ডুলির দিকেই স্পষ্ট আঙুল তুলেছিলেন বাংলাদেশের বিদায়ী অধিনায়ক।

সেমিফাইনালের সেই রাতের বিষাদ আর ক্ষোভের মধ্যেই ১৭ নভেম্বর ঢাকায় শেষ হয়েছে ১৫তম সাফ ফুটবল। ঘরের মাঠে দর্শক হয়ে প্রতিবেশী ভারত-পাকিস্তানের ফাইনাল দেখাটা স্বাগতিকদের জন্য ছিল ভীষণ কষ্টের। তবে মাঠে স্বপ্নভঙ্গের পরও ফাইনাল শেষে বাফুফে সভাপতি তাবিথ আউয়ালের কণ্ঠে শোনা গেছে সফলভাবে টুর্নামেন্ট শেষ করার তৃপ্তির কথা। দিন শেষে যেন সফল আয়োজনের স্বস্তিটুকুই হয়ে রইল বাংলাদেশের একমাত্র প্রাপ্তি।

এবারের সাফে চ্যাম্পিয়ন হয়েছে ভারত

৫ নভেম্বর শুরু হওয়া টুর্নামেন্ট আয়োজনের মূল দায়িত্ব সামলেছে সাফ নিজেই। তাতে দৃষ্টিকটু ছিল সাফ সভাপতি কাজী সালাহউদ্দিনের অনুপস্থিতি। ঢাকায় থেকেও কারও কারও ভাষায় ‘অদৃশ্য চাপে’ তিনি ফাইনালসহ কোনো আয়োজনেই ছিলেন না। টুর্নামেন্ট শুরুর আগে পর্যাপ্ত তথ্য না পাওয়ায় সংবাদকর্মীদের ক্ষোভ, প্রচারণার অভাব এবং টিম হোটেলের অব্যবস্থাপনা নিয়ে সমালোচনা হয়েছে বিস্তর। অবশ্য মাঠে বল গড়ানোর পর সব আড়ালে চলে যায়। বাংলাদেশের ম্যাচে গ্যালারিভর্তি দর্শক, দলগুলোর কৌশলী ফুটবল আর নকআউট পর্বে ভিএআরের অভিষেক মিলিয়ে পরে খেলাটাই হয়ে ওঠে মূল প্রাণ।

কিন্তু মাঠ থেকে স্বাগতিকদের প্রাপ্তির খাতাটা রইল শূন্যই। হামজা, শমিত, ফারহানদের নিয়ে দেশের ফুটবল ইতিহাসের অন্যতম শক্তিশালী দল গড়ার পরও নিজেদের ভুলেরই মাশুল গুনেছে বাংলাদেশ। অথচ গ্রুপ পর্বে ভুটানকে ১-০ গোলে হারিয়ে শুরুর পর শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের জয়টি ছিল দেশের ফুটবল ইতিহাসের অন্যতম সেরা জয়।

পাকিস্তানের কাছে হারের পর হতাশ হামজা

কিন্তু প্রথমার্ধেই ২-০ গোলে এগিয়ে যাওয়ার পরও হামজাসহ মূল খেলোয়াড়দের বিশ্রাম দেওয়া হয়নি। সেমিফাইনালে এর খেসারত দিতে হয়েছে দলকে। গোলকিপার মেহেদী হাসান শ্রাবণের ভুলে গোল খেলেও খেলোয়াড়দের ক্লান্তি, কোচের বিলম্বিত বদলি নামানো এবং পাকিস্তানের নতুন প্রবাসী ফুটবলারদের সম্পর্কে তথ্যের ঘাটতিও এই হারের জন্য কম দায়ী নয়। ফলে ২৩ বছরের শিরোপা খরা ঘোচানোর সঙ্গে ২১ বছর পর ফাইনালে ওঠার স্বপ্নও অধরা থেকে গেল। তবে টুর্নামেন্টে বাংলাদেশ খারাপ খেলেনি। মূলত টিম ম্যানেজমেন্টের অদূরদর্শিতা আর পাকিস্তানকে ঠিকমতো বিশ্লেষণ করতে না পারার কারণেই ফাইনালের আগে বিদায়।

দেশের ফুটবলের পরিকল্পনাহীনতাও তাতে বেরিয়ে এসেছে আরেকবার। ভারত যেখানে মূল দলকে গত ফিফা উইন্ডোতে ব্রাজিল-উরুগুয়ের মতো দলের বিপক্ষে খেলিয়ে সাফের সময়ে নিউজিল্যান্ডে পাঠিয়েছে, সেখানে বাংলাদেশ এখনো সাফের গণ্ডিতেই আটকে। একাদশে আটজন প্রবাসী নিয়ে নেমেও র‍্যাঙ্কিংয়ে পিছিয়ে থাকা পাকিস্তানকে হারানো যায়নি। ওদিকে ভারত জোড়াতালির দ্বিতীয় সারির দল নিয়েও এসেও হ্যাটট্রিক শিরোপা জিতেছে।

এরপরও ফাইনাল শেষে বাফুফের এক সহসভাপতিকে মার্চের ফিফা উইন্ডোতে আরও প্রবাসী আনার কথা বলতে শোনা গেছে। অথচ ভারত ও পাকিস্তানের কোচরা মনে করিয়ে দিয়েছেন, ঢালাও প্রবাসী এনে সাময়িক সাফল্য মিললেও ঘরোয়া ভিত শক্ত না করলে স্থায়ী উন্নয়ন অসম্ভব। ঘরোয়া লিগ ও অবকাঠামো উন্নয়নের বিষয়ে বাফুফে কর্তারা বলতে গেলে নিশ্চুপই। তাঁদের সব মনোযোগ যেন প্রবাসী ফুটবলার সংগ্রহে। ঘরোয়া ফুটবলের ভঙ্গুর দশা না বদলালে এভাবে বারবার আয়োজনের তৃপ্তিই শুধু যোগ হবে বাংলাদেশের খাতায়, মাঠের সাফল্যের ঘরটা ফাঁকাই থেকে যাবে।