আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি
আর্জেন্টিনার কোচ লিওনেল স্কালোনি

আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিই ‘প্ল্যান এ, বি এবং সি’

লিওনেল স্কালোনির সঙ্গে আর্জেন্টিনা দলের বর্তমান চুক্তির মেয়াদ ফুরোবে চলতি বছরের ডিসেম্বরে। স্বাভাবিকভাবেই আর্জেন্টাইন ফুটবলে কৌতূহল, স্কালোনি কি মেয়াদ বাড়াবেন?

গত মাসে বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে ১–০ গোলে হারের পর এ নিয়ে জিজ্ঞেসও করা হয়েছিল তাঁকে। সাংবাদিকদের তখন বলেছিলেন, ‘আমি ডিসেম্বর পর্যন্ত আছি...তারপর হয়তো থামব।’

স্কালোনির বলা ‘হয়তো’ শব্দটিতে ভর করে আশায় বুক বেঁধেছেন কেউ কেউ। আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের (এএফএ) সভাপতি ক্লদিও তাপিয়া তাঁদের মধ্যে একজন। টিওয়াইসি স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় তাপিয়া জানান, তিনি স্কালোনির চুক্তি নবায়নের বিষয়ে আশাবাদী। বলেছেন, কোচ হিসেবে স্কালোনিই ‘প্ল্যান এ, বি এবং সি’।

তাপিয়ার দৃঢ় বিশ্বাস, আর্জেন্টিনার কোচ হিসেবে স্কালোনিকে রেখে দেওয়ার বিষয়ে তিনি তাঁকে রাজি করাতে পারবেন। তবে বিশ্বকাপ ফাইনালে হারের শোক আর্জেন্টাইন ফুটবলে কেউই হয়তো এখনো কাটিয়ে উঠতে পারেননি। তাপিয়া সম্ভবত সে জন্য একটু সময় নিচ্ছেন। যদিও স্কালোনির সঙ্গে যোগাযোগটা তাঁর নিয়মিতই হচ্ছে। তাপিয়ার ভাষায়, ‘সে একটু কঠিন সময়ের ভেতর দিয়ে গেছে। শোক কাটিয়ে উঠতে সবারই একটু নিজস্ব সময়ের দরকার হয়।’

তাপিয়া আরও জানান, স্কালোনির সঙ্গে তাঁর নিয়মিত যোগাযোগ ও ‘খোলামেলা আলোচনা’ চলছে। এএফএ সভাপতির পরের কথাটা আর্জেন্টিনার সমর্থকদের জন্য গুরুত্বপূর্ণ, ‘আমরা সবাই চাই তিনি থেকে যান। আলোচনার ইতিবাচক অগ্রগতিও হয়েছিল।’

ফ্রাঙ্কো ওত্তাভিয়ানি এবং তার পরিবারের সঙ্গে লিওনেল স্কালোনি

২০১৮ সালে আর্জেন্টিনা কোচের দায়িত্ব নেন স্কালোনি। এর পর থেকেই সোনালি সময় কাটাতে শুরু করে আর্জেন্টিনা। দুবার কোপা আমেরিকা জয়ের পাশাপাশি ২০২২ বিশ্বকাপ জয় এবং ফিনালিসিমাও জেতে স্কালোনির দল। এমন সাফল্য এনে দেওয়া কোচকে কে ছাড়তে চায়?

তাপিয়াও তাই সোজাসাপ্টা জানিয়ে দিয়েছেন, আর্জেন্টিনা দলের কোচ হিসেবে স্কালোনি ছাড়া অন্য কাউকে তিনি ভাবছেন না, ‘জাতীয় দলের সঙ্গে এমন আনন্দের মুহূর্ত এ দেশের মানুষ আর কখনো কাটায়নি। সম্ভবত আমার সবচেয়ে বড় সফলতা ছিল জাতীয় দলের যোগ্য অভিভাবক বেছে নেওয়া এবং তার ওপর আস্থা বজায় রাখা।’

স্কালোনির বর্তমান মেয়াদ ফুরোনোর আগেই চলতি বছর আন্তর্জাতিক বিরতিতে মাঠে নামবেন লিওনেল মেসিরা। ২১ সেপ্টেম্বর থেকে ৬ অক্টোবরের মধ্যে তিনটি প্রীতি ম্যাচ খেলার কথা আর্জেন্টিনার। এরপর ৯ নভেম্বর থেকে ১৭ নভেম্বরের মধ্যে আরও দুটি।
আর্জেন্টিনা জাতীয় দলে লিওনেল মেসির ভবিষ্যৎ নিয়েও কথা বলেন তাপিয়া।

৩৯ বছর বয়সী কবে জাতীয় দলের জার্সি তুলে রাখবেন, সে বিষয়ে নিশ্চিত করে এখনো কিছুই জানাননি। এএফএ সভাপতিও মনে করেন, এই সিদ্ধান্ত নেওয়ার অধিকার শুধুই মেসির। তাপিয়ার ভাষায়, ‘এটি পুরোপুরি তার ব্যক্তিগত সিদ্ধান্ত। আমাদের উচিত তাকে তার মতো থাকতে দেওয়া।’

তাপিয়া এরপর বলেন, ‘২০২২ সালে আমরা নিশ্চিত ছিলাম না সে ২০২৬ বিশ্বকাপে খেলবে কি না। একটি একটি করে ম্যাচ ধরে এগোতে চেয়েছিল। এরপর তো আমরা বিশ্বকাপে লিওকে সর্বকালের সেরা না হলেও দুর্দান্ত পারফরম্যান্স দেখলাম। আমাদের উচিত তাকে নির্ভার হয়ে খেলা উপভোগ করতে দেওয়া এবং পরবর্তী সময়ে সে যেটা সঠিক মনে করে, সেই সিদ্ধান্ত নেওয়ার স্বাধীনতা তাকে দেওয়া।’