বায়ার্ন মিউনিখের পর ইউরোপে এখন শিরোপা জয়ের পথে আছে বার্সেলোনা ও ইন্টার মিলান। ফ্রেঞ্চ লিগ ‘আঁ’তে চাপমুক্ত হয়ে লিড বাড়িয়ে সুবিধাজনক অবস্থানে আছে পিএসজি। তবে শেষ মুহূর্ত পর্যন্ত লড়াই জমে ওঠার আভাস পাওয়া যাচ্ছে ইংলিশ প্রিমিয়ার লিগে। আর্সেনাল ও ম্যানচেস্টার সিটির কেউ কাউকে ছেড়ে কথা বলছে না।
ইংলিশ প্রিমিয়ার লিগে ম্যান সিটিকে সরিয়ে আবার শীর্ষে উঠে এসেছে আর্সেনাল। এর অন্যতম কারণ অবশ্য এই সপ্তাহে লিগে সিটির কোনো ম্যাচ ছিল না। ৩৩ ম্যাচে আগের মতো তাদের পয়েন্ট ৭০।
কিন্তু আর্সেনাল এই সপ্তাহ মুখোমুখি হয়েছিল নিউক্যাসলের। ম্যাচে এবেরেচি এজের করা একমাত্র গোলটিই শেষ পর্যন্ত পার্থক্য গড়ে দেয়। আর এই জয়ে ৩৪ ম্যাচে আর্সেনালের পয়েন্ট ৭৩।
লা লিগায় শিরোপা–উৎসবের প্রস্তুতি নিতে শুরু করেছে বার্সেলোনা। বিশেষ করে পরশু রাতে রিয়াল বেতিসের সঙ্গে রিয়াল মাদ্রিদের ১–১ গোলের ড্র শিরোপাদৌড়ে বার্সাকে অনেক দূর এগিয়ে দিয়েছে।
৩৩ ম্যাচে রিয়ালের পয়েন্ট ৭৪। অন্যদিকে বার্সা নিজেদের ম্যাচে হেতাফেকে হারিয়েছে ২–০ গোলে। এই জয়ে তাদের পয়েন্ট ৩৩ ম্যাচে ৮৫। এই পরিস্থিতিতে ৫ ম্যাচ হাতে রেখে ১১ পয়েন্টের ব্যবধান ঘুচানো রিয়ালের জন্য প্রায় অসম্ভব। পরের দুটি ম্যাচ জিতলেই চ্যাম্পিয়ন হবে বার্সেলোনা।
বার্সার মতো শিরোপা–উৎসবের প্রস্তুতি নিতে পারে ইন্টার মিলানও। গতকাল রাতে তুরিনোর বিপক্ষে জিততে পারলেই শিরোপায় এক হাত রাখতে পারত ইন্টার। কিন্তু ড্র করায় সেটি হয়নি। তবে ৩৪ ম্যাচ শেষে ৭৯ পয়েন্ট নিয়ে বেশ সুবিধাজনক অবস্থানেই আছে ইন্টার।
৪ ম্যাচ হাতে রেখে দুইয়ে থাকা নাপোলির চেয়ে ইন্টার এগিয়ে আছে ১০ পয়েন্টে। নাপোলি নিজেদের ম্যাচে ৪–০ গোলে হারিয়েছিল ক্রিমোনেসেকে। এই জয়ই কাগজে–কলমে শিরোপা–রেসে রেখেছে তাদের; যদিও এই মৌসুমে তাদের শিরোপা হাতছাড়া করা একরকম নিশ্চিত।
ফরাসি লিগ ‘আঁ’তে লম্বা সময় ধরে পিএসজিকে চাপে রেখেছিল লাঁস। কিন্তু শেষ মুহূর্তে এসে যেন ঝিমিয়ে পড়েছে ক্লাবটি। বিশেষ করে নিজেদের শেষ ম্যাচে ড্র করে শিরোপার পথে পিএসজিকে এগিয়ে দিয়েছে তারা। ব্রেঁস্তের বিপক্ষে সেই ম্যাচে অবশ্য হারতেও পারত তারা। কিন্তু ৩–০ গোলে পিছিয়ে পড়া লাঁস অবিশ্বাস্যভাবে ঘুরে দাঁড়িয়ে ড্র করেছে ৩–৩ গোলে। এই ড্রয়ের পর লাঁসের পয়েন্ট ৩০ ম্যাচে ৬৩। সমান ম্যাচ পিএসজির পয়েন্ট ৬৯, যারা নিজেদের ম্যাচে ৩–০ গোলে হারিয়েছিল অঁজারকে।
বুন্দেসলিগায় এরই মধ্যে শিরোপা নিশ্চিত করেছে বায়ার্ন মিউনিখ। এখন লড়াইটা শীর্ষ চারে থেকে চ্যাম্পিয়নস লিগ নিশ্চিত করার, যেখানে ৬৭ পয়েন্ট নিয়ে ভালো অবস্থানে আছে বরুসিয়া ডর্টমুন্ড। ৬২ পয়েন্ট পাওয়া লাইপজিগও সুবিধাজনক অবস্থানে আছে। তবে চার নম্বর স্থানটি নিয়ে হাড্ডাহাড্ডি লড়াইয়ে চলছে স্টুটগার্ট ও হফেনহেইমের মধ্যে। দুই দলেরই পয়েন্ট ৩১ ম্যাচে ৫৭।