ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে কি একই দলে দেখা যাবে?
ক্রিস্টিয়ানো রোনালদো ও লিওনেল মেসিকে কি একই দলে দেখা যাবে?

মেসি–রোনালদো কি সত্যিই একই দলে খেলবেন

একজনের সঙ্গে আরেকজনের লড়াই দেখতে দেখতে কেটে গেছে দেড় দশকের বেশি সময়। ফুটবল ইতিহাসের সবচেয়ে আলোচিত দ্বৈরথগুলোর একটি হয়ে উঠেছে লিওনেল মেসি–ক্রিস্টিয়ানো রোনালদো নাম দুটি। এবার কি সেই দুজনের পাশে লেখা হবে একই দলের নাম!

সম্ভাবনাটা তৈরি হয়েছে কার্লোস তেভেজের বিদায় ম্যাচকে ঘিরে। আর্জেন্টিনার সাবেক এই তারকার সম্মানে ডিসেম্বরে বুয়েনস এইরেসের বোম্বোনেরায় একটি ম্যাচ আয়োজনের পরিকল্পনা চলছে। সেখানে আমন্ত্রিতদের তালিকায় আছেন মেসি ও রোনালদো দুজনই। সবকিছু পরিকল্পনামতো হলে প্রথমবারের মতো একই দলের হয়ে মাঠে দেখা যেতে পারে সময়ের দুই মহাতারকাকে।  

খবরটি জানিয়েছে আর্জেন্টিনার সংবাদমাধ্যম টিনটি স্পোর্টস। টিওয়াইসি স্পোর্টসের সাংবাদিক মার্সেলো পালাসিওসও দিয়েছেন একই তথ্য।

তেভেজের জন্য অবশ্য এই ম্যাচের গুরুত্ব শুধু মেসি–রোনালদোতে নয়, বরং এটি তাঁর নিজের ক্যারিয়ারের একটি অসমাপ্ত অধ্যায়ের সমাপ্তি। তেভেজ সর্বশেষ প্রতিযোগিতামূলক ম্যাচ খেলেছেন ২০২১ সালে, বোকা জুনিয়র্সের জার্সিতে।

তবে অবসরের ঘোষণা দেন এক বছর পর ২০২২ সালের জুনে। আনুষ্ঠানিকভাবে বিদায় অবশ্য কখনোই নেননি, এবার সেটিই আয়োজন করতে যাচ্ছেন ৪২ বছর বয়সী তেভেজ। বোকা জুনিয়র্সের সভাপতি হুয়ান রোমান রিকেলমের অনুমতিও নাকি মিলেছে।

মজার ব্যাপার হচ্ছে, খেলোয়াড়ি জীবনের ইতি টানার পর এরই মধ্যে কোচিংয়ে বড় একটা পথ পাড়ি দিয়ে ফেলেছেন তেভেজ। রোজারিও সেন্ট্রাল, ইন্দেপেন্দিয়েন্তে ও সর্বশেষ তায়ারেসের ডাগআউটে ছিলেন তিনি। এই মুহূর্তে অবশ্য দলহীন।  

মেসি–রোনালদো কেন?

শেষ ম্যাচের পাঁচ বছরের বেশি সময় পর বিদায়ী ম্যাচ আয়োজন করে চমকই দিচ্ছেন তেভেজ। এর মধ্যে মেসি ও রোনালদোর সম্ভাব্য উপস্থিতিও ম্যাচটিকে দিচ্ছে আলাদা মাত্রা। মূলত তেভেজের ক্যারিয়ারের বিভিন্ন সময়ে যাঁরা সতীর্থ ছিলেন, তাঁদের মধ্য থেকে প্রায় ৬০ জনকে আমন্ত্রণ জানানোর কথা ভাবা হচ্ছে। আর তারই অংশ হিসেবে আমন্ত্রণ পেয়েছেন মেসি ও রোনালদো।

অবসরের দীর্ঘ সময় পর বিদায়ী ম্যাচ খেলতে চান তেভেজ

২০১৫ সালে সর্বশেষ আন্তর্জাতিক ম্যাচ খেলা তেভেজ মেসির সঙ্গে খেলেছেন আর্জেন্টিনা দলে, আর ২০০৭–০৯ সময়ে রোনালদোর সঙ্গে ম্যানচেস্টার ইউনাইটেডে।
অবশ্য এমএলএসে খেলা মেসি আর সৌদি প্রো লিগে খেলা রোনালদো একই সময়ে আর্জেন্টিনায় তেভেজের ম্যাচে বিদায়ী ম্যাচে খেলতে পারবেন কি না নিশ্চিত নয়। সে সময় ইন্টার মায়ামির মৌসুম শেষ হয়ে গেলেও আল নাসরের খেলা থাকার কথা।