শেষ আটের টিকিট পাওয়া তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়দের উল্লাস
শেষ আটের টিকিট পাওয়া তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমির খেলোয়াড়দের উল্লাস

প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবল

পিছিয়ে পড়েও ৬ গোলের ঝড়, শেষ আটে খুলনার তেঁতুলতলা

শেষ বিকেলের হেলে পড়া রোদ এসে পড়েছে মাঠে। গ্যালারির একাংশ দর্শকদের করতালিতে মুখর, মাঠে চলছে দুই দলের লড়াই। সব মিলিয়ে আজ প্রাণবন্ত এক আবহই তৈরি হয়েছিল খুলনা জেলা স্টেডিয়ামে। খুলনার স্থানীয় দুই দলের আঞ্চলিক ফাইনাল শেষে এই অঞ্চলের দ্বিতীয় দল হিসেবে প্রথম আলো-স্টার নিউজ নারী ফুটবলের চূড়ান্ত পর্ব, অর্থাৎ শেষ আট নিশ্চিত করেছে তেঁতুলতলা সুপার কুইন ফুটবল একাডেমি।

গতকাল খুলনা অঞ্চলের প্রথম দল হিসেবে চূড়ান্ত পর্বে ওঠে নড়াইলের দুরন্ত উইমেন্স স্পোর্টস একাডেমি। এর আগে রংপুর অঞ্চল থেকে চূড়ান্ত পর্ব নিশ্চিত করে ঠাকুরগাঁওয়ের রাঙ্গাটুঙ্গী ফুটবল একাডেমি এবং রাজশাহী থেকে বগুড়ার রক্সি ফুটবল একাডেমি। চূড়ান্ত পর্বের আট দলের মধ্যে চূড়ান্ত হয়েছে চারটি।

খুলনা অঞ্চলে আজ আঞ্চলিক ফাইনালের শুরুতেই পিছিয়ে পড়ে তেঁতুলতলা। তবে সেই ধাক্কা সামলাতে সময় লাগেনি। ১৩ মিনিটের মধ্যে গোল শোধ করে এগিয়েও যায় তারা, যার কারিগর ফরোয়ার্ড জ্যোতি মন্ডল। প্রথমে দুর্দান্ত ফ্রি-কিকে দলকে সমতায় (১-১) ফেরান, এরপর অলিম্পিক গোল করে এগিয়ে নেন দলকে। জ্যোতির নেওয়া কর্নার কিক প্রতিপক্ষের খেলোয়াড়েরা ক্লিয়ার করতে না পারলে বল দুই ড্রপ খেয়ে সরাসরি জালে জড়ায়। জ্যোতির জোড়া গোলের পর আরেক ফরোয়ার্ড তানিশা আক্তারের হ্যাটট্রিকে শেষ পর্যন্ত ৬-১ গোলের বিশাল জয় নিয়ে মাঠ ছাড়ে তেঁতুলতলা।

ম্যাচের মোড় ঘোরানো পারফরম্যান্সের সৌজন্যে ম্যাচসেরা হন জ্যোতি মন্ডল। তাঁর হাতে সেরা খেলোয়াড়ের পুরস্কার তুলে দেন প্রথম আলোর খুলনার নিজস্ব প্রতিবেদক উত্তম মন্ডল। ম্যাচ শেষে উচ্ছ্বসিত জ্যোতি বলেন, ‘আমি যে এমন খেলা উপহার দিতে পারব, ভাবতেই পারিনি। আমরা ঢাকার মূল পর্বে লড়াই করে চ্যাম্পিয়ন হয়ে ঘরে ফিরতে চাই।’

৬-১ গোলের বড় জয় নিয়ে মাঠ ছাড়ে তেঁতুলতলা

এর আগে দুপুরে দিনের দ্বিতীয় আঞ্চলিক সেমিফাইনালে চুয়াডাঙ্গার মাহতাব বিশ্বাস ফুটবল একাডেমিকে ৩-১ গোলে হারিয়ে ফাইনালে ওঠে তেঁতুলতলা। জোড়া গোল করে ম্যাচের সেরা খেলোয়াড় হয়েছেন রিতু শিকদার। ছোটবেলাতেই বাবা-মাকে হারানো রিতু জীবনের অন্যতম বড় অবলম্বন হিসেবে বেছে নিয়েছেন ফুটবলকে। এই বড় মঞ্চে নিজেকে এমনভাবে মেলে ধরতে পেরে দারুণ খুশি রিতু। তাঁর হাতে ক্রেস্ট ও আর্থিক পুরস্কার তুলে দেন জাতীয় ফুটবল দলের সাবেক ফুটবলার ও কোচ আবদুর রাজ্জাক।

দলের নাম তেঁতুলতলা সুপার কুইন রাখার কারণ জানিয়ে রিতু বলেন, ‘মেয়েরা হচ্ছে “কুইন”, আর যে স্থানে আমাদের একাডেমিটি তার নাম তেঁতুলতলা। দুটি মিলিয়েই ক্লাবের এই নামকরণ। আমরা সব জায়গায় লড়ে ভালো অবস্থানে যেতে চাই।’

খুলনা শহর থেকে ৮-৯ কিলোমিটার দূরে বটিয়াঘাটা উপজেলার এক শান্ত গ্রাম তেঁতুলতলা। ২০১৩ সাল থেকে তেঁতুলতলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা বঙ্গমাতা গোল্ডকাপে নিয়মিত জেলা চ্যাম্পিয়ন হয়ে বিভাগীয় পর্যায়েও দারুণ ফল করে আসছিল। গ্রামটির মেয়েদের ফুটবল নিয়ে বড় কিছু করার তাগিদেই ২০২৩ সালের শুরুর দিকে তেঁতুলতলা প্রাথমিক বিদ্যালয় মাঠে আনুষ্ঠানিকভাবে সূচনা হয় সুপার কুইন ফুটবল একাডেমির কার্যক্রম।

ম্যাচসেরা হন জ্যোতি মন্ডল

অন্যদিকে দিনের প্রথম আঞ্চলিক সেমিফাইনালে দেখা গিয়েছিল গোলবন্যা। মাস দুয়েক আগে খুলনা শহরে প্রতিষ্ঠিত এসবি আলী ফুটবল একাডেমি ৯-০ গোলে উড়িয়ে দেয় পিরোজপুরের স্বরূপকাঠির মহিলা ফুটবল একাডেমিকে। একাই ৫টি গোল করার পাশাপাশি ২টি গোলে সহায়তা করে ম্যাচসেরা হন এসবি আলীর ফরোয়ার্ড শিমলা খাতুন। তাঁর হাতে পুরস্কার তুলে দেন টুর্নামেন্ট কমিটির সদস্য ও প্রথম আলোর ক্রীড়া বিভাগের বিশেষ প্রতিনিধি মাসুদ আলম।

রংপুর, রাজশাহী ও খুলনা পর্বের পর টুর্নামেন্টের পরের আঞ্চলিক পর্ব অনুষ্ঠিত হবে সিলেট জেলা স্টেডিয়ামে, ৮ ও ৯ অক্টোবর।